অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের অংশ হিসেবে সিডনি পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময়…
অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটে গোপন ক্যামেরা বসিয়ে শিশুদের ভিডিও ধারণের ঘটনায় দোষ স্বীকার করেছেন এক শিক্ষক। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকেরা। শিশুদের বোঝানো হচ্ছে, পরিচিত কিংবা বন্ধুত্বপূর্ণ আচরণ করা প্রত্যেক ব্যক্তিই নিরাপদ নাও হতে পারেন।
অভিযুক্ত শিক্ষকের নাম টিমোথি ব্ল্যামায়ার্স (৩৩)। শুক্রবার ভিডিও লিংকের মাধ্যমে মেলবোর্ন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে গোপনে নজরদারি এবং শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত উপাদান ধারণের অভিযোগে আনা ১৩টি অভিযোগে দোষ স্বীকার করেন তিনি। তাঁর বিরুদ্ধে আনা আরও চারটি অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, মেলবোর্নের দক্ষিণ-পূর্বাঞ্চলের ডিংলি ভিলেজ এলাকার কিংসউড প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ছয় মাস ধরে এ অপরাধ চালান ব্ল্যামায়ার্স। ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বিদ্যালয়ের টয়লেটে সুগন্ধি ছড়ানোর যন্ত্রের ভেতরে গোপন ক্যামেরা স্থাপন করে শিশুদের ভিডিও ধারণ করেন তিনি।
নথিতে বলা হয়েছে, ২০২৫ সালের ১৩ অক্টোবর তিনি ৩৪ জনের বেশি বয়ঃসন্ধিতে পৌঁছায়নি এমন শিশুর ভিডিও ধারণ করেন। একই মাসের ২০ থেকে ২২ অক্টোবরের মধ্যে ধারণ করেন ১৮৮ জনের বেশি শিশুর ভিডিও। পরবর্তী সময়ে ২০২৬ সালের ৩০ মার্চ আরও ৭৪ জনের বেশি শিশুর ভিডিও ধারণ করেন তিনি।
ব্ল্যামায়ার্সের অপরাধের শিকার দুই শিশুর এক মা আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, তাঁর ছোট সন্তান এখনো এতটাই ছোট যে তার সঙ্গে কী ঘটেছে, সেই ঘটনার ভয়াবহতা বোঝার বয়স হয়নি।
তিনি বলেন, সন্তানদের মূলত সতর্ক থাকার বিষয়ে শেখানো হচ্ছে। কোন আচরণ বিপদের ইঙ্গিত দিতে পারে, তা চেনানোর পাশাপাশি সবাই যে বন্ধুসুলভ বা বিশ্বাসযোগ্য নয়, সে বিষয়েও তাদের সচেতন করা হচ্ছে।
ওই মা আরও বলেন, তাঁর বড় সন্তানের ক্ষেত্রে এ ঘটনা শৈশবের সরল বিশ্বাসে বড় ধরনের আঘাত করেছে। ঘটনার পর সে অনেকটাই পরিণত হয়ে উঠেছে।
যেভাবে ধরা পড়েন শিক্ষক
গত ২৮ এপ্রিল বিদ্যালয়ের পুরুষদের টয়লেটে সুগন্ধি ছড়ানোর যন্ত্র পরিবর্তন করতে গিয়ে এক পরিচ্ছন্নতাকর্মী সেটির ভেতরে লুকানো ক্যামেরা দেখতে পান। ক্যামেরাটির সঙ্গে একটি তার যুক্ত ছিল, যা একটি হার্ডড্রাইভের সঙ্গে সংযুক্ত ছিল।
তিনি ক্যামেরাটি একটি প্লাস্টিকের ব্যাগে ভরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের টেবিলে রেখে পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্ল্যামায়ার্স ক্যামেরাটি সরিয়ে বিদ্যালয়ের চিকিৎসাকক্ষে একটি ড্রয়ারের মধ্যে লুকিয়ে রাখেন। এরপর নিজের শ্রেণিকক্ষে ফিরে গিয়ে পাঠদান শুরু করেন।
গ্রেপ্তারের পর বিদ্যালয়ে তাঁর ব্যাগ থেকে সুগন্ধি ছড়ানোর যন্ত্রটি উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ল্যাপটপ, মোবাইল ফোন ও ট্যাবলেটসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে পুলিশ।
আতঙ্কিত পুরো স্কুল সম্প্রদায়
আদালতে উপস্থিত কয়েকজন অভিভাবক জানিয়েছেন, ব্ল্যামায়ার্সের দোষ স্বীকারের ঘটনায় তাঁরা স্বস্তি পেয়েছেন। এতে দীর্ঘদিন ধরে বিচারপ্রক্রিয়া চলার অনিশ্চয়তা কমেছে।
দুই সন্তানের মা বলেন, এই অপরাধ পুরো বিদ্যালয় ও স্থানীয় সম্প্রদায়কে নাড়িয়ে দিয়েছে। কোনো অভিভাবককেই যেন নিজের সন্তানের সঙ্গে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।
আরেক অভিভাবক জানান, অভিযুক্ত শিক্ষককে কারাগারে দেখার বিষয়টি কিছু শিশুর জন্য মানসিকভাবে কঠিন হয়ে উঠেছে। কারণ, তাদের অনেকের কাছেই তিনি ছিলেন প্রিয় শিক্ষক। ফলে অপরাধের বিষয়টি বোঝার পাশাপাশি প্রিয় শিক্ষককে হারানোর শোকও সামলাতে হচ্ছে শিশুদের।
অভিভাবকেরা আরও জানান, ঘটনার পর পেছনে ফিরে তাকালে শিক্ষকের আচরণে কিছু সন্দেহজনক ইঙ্গিত ও সতর্কসংকেত তাঁদের চোখে পড়ছে। তবে আগে তাঁরা বিষয়টিকে গুরুত্ব দেননি। তাঁদের ধারণা ছিল, শিক্ষক কিছুটা অদ্ভুত স্বভাবের মানুষ।
আদালত ব্ল্যামায়ার্সকে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন। আগামী মে মাসে কাউন্টি কোর্টে তাঁর সাজা নির্ধারণের আগে দুই দিনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: নাইন.কম.এইউ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au