অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের অংশ হিসেবে সিডনি পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময়…
দেশের রাজনৈতিক সংকট নিরসন এবং জাতীয় স্বার্থে আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, আওয়ামী লীগও এ দেশেরই একটি রাজনৈতিক দল। দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করার যে দাবি দলটির রয়েছে, তা বাস্তবে প্রতিফলিত হওয়া প্রয়োজন। দেশের সামগ্রিক উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সব রাজনৈতিক পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, বিএনপি, আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে আলোচনায় বসতে হবে। সবাই এ দেশের সন্তান এবং দেশের ভালো-মন্দের সঙ্গে প্রত্যেকেরই সম্পর্ক রয়েছে। দেশকে সুন্দর ও সমৃদ্ধ করতে হলে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলটি দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে বলে দাবি করে। তবে সাম্প্রতিক কর্মকাণ্ডে সেই রাজনৈতিক অবস্থানের প্রতিফলন দেখা যাচ্ছে না। জ্বালাও-পোড়াও দেশ ধ্বংসের একটি প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের নামে যেসব কর্মকাণ্ড ঘটছে, সেগুলো গ্রহণযোগ্য রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না। ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং থানায় আগুন দেওয়ার মতো ঘটনার সমালোচনা করেন তিনি।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে ছাত্র-জনতা জীবন দিয়েছিলেন। কিন্তু সেই প্রত্যাশা এখনও পূরণ হয়নি। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা ভুল করেছি। যাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, পুরোনোরাই নতুনভাবে শাড়ি পরে চেয়ারে বসেছে।’
বিএনপির উদ্দেশে রেজাউল করিম বলেন, ক্ষমতায় যাওয়ার আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে গণভোটের রায় কার্যকর করার আহ্বান জানান তিনি। বিএনপি ক্ষমতায় আসার প্রায় এক বছর হতে চললেও গণভোটের রায় বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেন ইসলামী আন্দোলনের আমির। জনগণের রায় উপেক্ষা করে দেশ পরিচালনা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্র পরিচালনায় ইসলামি আদর্শ অনুসরণের ওপর গুরুত্ব দিয়ে রেজাউল করিম বলেন, ইসলামি আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা হলে দেশ সুখী ও সমৃদ্ধ হবে। সব পক্ষ একসঙ্গে কাজ করলে দেশে সমৃদ্ধির নতুন অধ্যায় তৈরি করা সম্ভব। বর্তমান ও অতীতের সরকারগুলোর নীতি ও আদর্শ ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি ইসলামকে কার্যকর রাষ্ট্রীয় আদর্শ হিসেবে তুলে ধরেন।
এ সময় ভোলার দীর্ঘদিনের ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তিনি। দ্বীপজেলা ভোলাকে মেহেন্দিগঞ্জ-হিজলা হয়ে সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার সরকারি চিন্তাভাবনা পরিবর্তনের দাবি জানিয়ে রেজাউল করিম বলেন, ভোলাবাসী ভোলা-বরিশাল সেতু চান। তাই ভোলা ও বরিশালের মধ্য দিয়েই সেতুটি নির্মাণ করতে হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au