অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের অংশ হিসেবে সিডনি পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময়…
ইরাকের দক্ষিণাঞ্চলের আল–কাদিসিয়া বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পাঠদান থেকে পুরুষ শিক্ষকদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। গত দুই সপ্তাহে বিশ্ববিদ্যালয়টির প্রায় ৪০০ নারী শিক্ষার্থী এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের দাবি, কোনো পূর্বঘোষণা বা যথাযথ ব্যাখ্যা ছাড়াই তাঁদের নিয়মিত শিক্ষকদের সরিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন পদক্ষেপে নারী শিক্ষার স্বাধীনতা ও অধিকার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, নারী ও পুরুষের মধ্যে ‘মেলামেশা বন্ধ’ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারী শিক্ষার্থীদের পরিবারের অনুরোধে পুরুষ শিক্ষকদের পরিবর্তে নারী শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও দাবি করেছে কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা এ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তাঁদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে থেকেই তাঁদের পরিবার জানত যে সেখানে পুরুষ শিক্ষকেরা পাঠদান করেন। বরং তাঁদের পরিবারের অনেকেই শিক্ষার্থীদের প্রতিবাদে সমর্থন দিয়েছেন।
গত দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ধীরে ধীরে বিস্তৃত হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের উদ্বেগের বিষয়ে আলোচনা করতে আগ্রহ দেখায়নি। বরং কয়েকজন কর্মকর্তা আন্দোলনকারীদের সঙ্গে উপহাস করেছেন এবং তাঁদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছেন।
২২ বছর বয়সী শিক্ষার্থী হুদা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেন, সহপাঠীদের সঙ্গে বিক্ষোভে অংশ নিতে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রাহি আল–ইয়াসিরি দেহরক্ষীদের নিয়ে তাঁদের পথ আটকে দেন। পরে দেহরক্ষীরা তাঁদের নিয়ে উপহাস করেন। হুদার অভিযোগ, শিক্ষার্থীদের ভয় দেখানো এবং ভবিষ্যতে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট দেহরক্ষীদের তাঁদের মুখের ছবি তুলতে নির্দেশ দেন।
হুদা বলেন, তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে ইরাকি সমাজে নারী ও পুরুষ একসঙ্গে কাজ করেন। চিকিৎসাসহ বিভিন্ন পেশায় নারী–পুরুষের পাশাপাশি কাজ করার উদাহরণ তুলে ধরে তিনি প্রশ্ন করেন, ‘ইরাকে কি এমন চিকিৎসক নেই, যাঁরা নারী ও পুরুষ উভয়ের চিকিৎসা করেন? তাহলে পুরুষ শিক্ষকদের আমাদের পড়াতে বাধা দিচ্ছেন কেন?’
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। কেউ কেউ অভিযোগ করছেন, পুরুষ শিক্ষকদের ফিরিয়ে আনার দাবির পেছনে শিক্ষার্থীদের উদ্দেশ্য তাঁদের সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ গড়ে তোলা। এমন অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। হুদার দাবি, তাঁদের প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রাহি আল–ইয়াসিরি বলেছেন, ‘তোমরা মাথা দেয়ালে ঠুকলেও আমি শিক্ষকদের ফিরিয়ে আনব না।’
শুধু শ্রেণিকক্ষের পাঠদান নয়, শিক্ষকদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের গবেষণা ও স্নাতক পর্যায়ের প্রকল্পের কাজও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা জানান, তাঁদের অনেকেই সংশ্লিষ্ট পুরুষ শিক্ষকদের তত্ত্বাবধানে গবেষণা ও স্নাতক পর্যায়ের প্রকল্প করছিলেন। দীর্ঘদিন কাজ করার ফলে শিক্ষকরা তাঁদের কাজের অগ্রগতি, দক্ষতা ও দুর্বলতা সম্পর্কে জানতেন। হঠাৎ শিক্ষক পরিবর্তন করায় নতুন শিক্ষকদের কাছে গবেষণার বিষয়বস্তু ও কাজের অগ্রগতি বুঝিয়ে দেওয়া কঠিন হয়ে পড়েছে।
শিক্ষার্থীদের আরও অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে, নতুন সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে তাঁরা চাইলে পড়াশোনা ছেড়ে দিতে পারেন। তাঁদের মতে, শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ পর্যায়ে এ ধরনের সিদ্ধান্ত তাঁদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।
ইরাকি–ব্রিটিশ নারীবাদী গবেষক এবং যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষক বালসাম মুস্তাফা এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁর মতে, নারী শিক্ষার্থীদের এমনভাবে বিবেচনা করা হচ্ছে, যেন তাঁরা অপ্রাপ্তবয়স্ক এবং নিজেদের শিক্ষাজীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তের বিরোধিতা করার অধিকার তাঁদের নেই।
মুস্তাফা বলেন, পুরুষ শিক্ষকদের সরিয়ে দেওয়ার ঘটনা ইরাকে নারীর অধিকার সংকুচিত হওয়ার বৃহত্তর প্রবণতার অংশ। দেশটিতে নারীদের পোশাক, আচরণ ও ব্যক্তিগত জীবন নিয়ে নিয়ন্ত্রণমূলক আলোচনা বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ইরাকি আইনজীবী ও মানবাধিকারকর্মী ইসরা সালমানও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁর মতে, নারীদের ওপর এ ধরনের বিধিনিষেধ আরোপ করা সামাজিক বিপর্যয়ের শামিল।
সালমান বলেন, ‘নারীদের প্রতিভা দমিয়ে রাখার চেষ্টা চলছে। ইরাকি সমাজকে এমন কিছুতে পরিণত করার চেষ্টা হচ্ছে, যা তালেবানশাসিত কাবুলের মতো। অথচ এ সমাজ থেকেই অসাধারণ মেধাবী ও দক্ষ মানুষের জন্ম হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে নারীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন।’
তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ ইরাকের সংবিধান এবং দেশটির স্বাক্ষর ও অনুসমর্থন করা আন্তর্জাতিক চুক্তি ও সনদের পরিপন্থী।
মানবাধিকারকর্মীদের আশঙ্কা, বিশ্ববিদ্যালয়ে নারী–পুরুষের পৃথকীকরণের এমন সিদ্ধান্ত দেশটিতে নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ সংকুচিত করতে পারে। তাঁদের মতে, শিক্ষার্থীদের যোগ্যতা, শিক্ষা ও গবেষণার প্রয়োজনের পরিবর্তে লিঙ্গের ভিত্তিতে শিক্ষক নিয়োগ বা দায়িত্ব বণ্টন করা হলে উচ্চশিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
আল–কাদিসিয়া বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইরাকে নারী শিক্ষার অধিকার, বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা এবং সামাজিক রক্ষণশীলতার প্রভাব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আপাতত শিক্ষার্থীরা তাঁদের আগের শিক্ষকদের ফিরিয়ে আনার দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন করবে কি না, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা পাওয়া যায়নি।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au