অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের অংশ হিসেবে সিডনি পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময়…
নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে চৌমুহনী পৌরসভার নাপিতের পোল এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা ব্যাংকের প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন এবং কার্যালয়ের বাইরের দুটি জানালার থাই গ্লাস ভাঙচুর করেন। তবে ব্যাংকের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এএনএম ইমরান খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হামলায় জড়িত ব্যক্তিদের অধিকাংশের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাচারিবাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। পরে সেখান থেকে তাঁরা একটি মিছিল বের করেন। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল অতিক্রম করে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃষ্টির মধ্যেই মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ কর্মসূচির একটি ব্যানারও ছিল।
মিছিলটি নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে পৌঁছালে একদল ব্যক্তি ভবনের প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। একই সময়ে কার্যালয়ের বাইরের দুটি জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়। হামলাকারীরা সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করেন। পরে সড়কে আরও কিছুক্ষণ মিছিল করে ঘটনাস্থল ত্যাগ করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনরত পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেখান থেকে মিছিল বের করেছিলেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়। মিছিল নিয়ে সেখানে গিয়ে তাঁরা কার্যালয়ের প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। তবে ব্যাংকের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ সময় জানালার দুটি থাই গ্লাস ভাঙচুর করা হয়। ঘটনায় কেউ হতাহত হননি।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ইমরান খাঁন জানান, খবর পেয়ে তিনি থানা-পুলিশের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান এবং সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অধিকাংশের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, অগ্নিসন্ত্রাস ও যেকোনো ধরনের নাশকতা বরদাশত করা হবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করাই পুলিশের দায়িত্ব।
এ ঘটনায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের নিরাপত্তা এবং রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au