অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের অংশ হিসেবে সিডনি পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময়…
ইসরায়েলের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক নির্বাচনে ক্ষমতা হারানোর আশঙ্কার মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী রাজনৈতিক শিবিরের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালাচ্ছেন। নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে আরব রাজনৈতিক দলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা, নির্বাচনে কারচুপির অভিযোগ এবং গোয়েন্দা সংস্থার বিতর্কিত তৎপরতা নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।
দীর্ঘদিন ধরে ইসরায়েলের রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসা নেতানিয়াহুর ক্ষমতায় থাকা এখন অনিশ্চিত। নির্বাচনের পর তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে বিরোধী নেতা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন শিবির সরকার গঠন করতে পারে কি না, তার ওপর। সরকার গঠনে সফল হলে নেতানিয়াহুকে দীর্ঘদিনের প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হতে পারে।
তবে বিরোধীদের সরকার গঠনের জন্য ইসরায়েলের আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সমর্থন প্রয়োজন হতে পারে। এই সমীকরণে আরব দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছেন নেতানিয়াহু বলে অভিযোগ উঠেছে। নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছেন তিনি। যদিও এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি।
নির্বাচনের পর নেতানিয়াহুর এমন অবস্থান দেশটির রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। উগ্র ডানপন্থী বিক্ষোভকারীদের একটি অংশ বিরোধী শিবিরকে হুমকি দিচ্ছে। এমনকি রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে গৃহযুদ্ধের আশঙ্কার কথাও বলা হচ্ছে। অন্যদিকে সমালোচকদের কেউ কেউ অভিযোগ করেছেন, ক্ষমতা ধরে রাখার স্বার্থে নেতানিয়াহু ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ বাধানোর মতো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতেও পিছপা হচ্ছেন না।
এ পরিস্থিতিতে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ডেভিড জিনির নেতৃত্বাধীন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের ভূমিকা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিদেশি হস্তক্ষেপের সন্দেহে পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিল সংস্থাটি। পাশাপাশি নির্বাচনের দিন ইসরায়েলের আরব বংশোদ্ভূত কয়েকজন রাজনীতিককে গ্রেপ্তারের অনুমতিও চাওয়া হয়েছিল। তবে অ্যাটর্নি জেনারেল এসব অনুরোধ নাকচ করে দেন।
বিরোধী শিবিরের অন্যতম নেতা ইয়ার লাপিদ এবং আরবদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক জোট জয়েন্ট লিস্টের প্রধান ইউসেফ জাবারিনসহ কয়েকজন রাজনীতিক এসব পদক্ষেপকে ‘অভ্যুত্থানের চেষ্টা’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁদের অভিযোগ, নির্বাচনী প্রক্রিয়া ও বিরোধী রাজনৈতিক শক্তিকে চাপে রাখতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করার চেষ্টা চলছে।
এদিকে নির্বাচনের আগে ভোট কেনাবেচার অভিযোগের পেছনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। অভিযোগটি যদি সত্য প্রমাণিত হয়, তাহলে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের পথ তৈরি হতে পারে।
বিশ্লেষক ও ইসরায়েলের কয়েকজন রাজনীতিকের মতে, নেতানিয়াহুর এসব তৎপরতার মূল উদ্দেশ্য ক্ষমতায় টিকে থাকা। সরাসরি ক্ষমতা ধরে রাখা সম্ভব না হলে এমন একটি সরকার গঠন নিশ্চিত করতে চান তিনি, যে সরকার তাঁর এবং তাঁর রাজনৈতিক মিত্রদের সমর্থনের ওপর নির্ভরশীল থাকবে।
বড় ঝুঁকির মুখে নেতানিয়াহু
ক্ষমতা হারানোর আশঙ্কার পাশাপাশি ব্যক্তিগত ও আইনি ঝুঁকির মুখেও রয়েছেন নেতানিয়াহু। প্রধানমন্ত্রী হিসেবে এত দিন যে রাজনৈতিক প্রভাব ও সুরক্ষা তিনি ভোগ করেছেন, দায়িত্ব ছাড়ার পর তা আর থাকবে না। ফলে তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলোর পরিণতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
২০১৯ সাল থেকে তিনটি পৃথক মামলায় ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগের মুখোমুখি নেতানিয়াহু। ২০২০ সালের মে মাসে তাঁর বিচারকাজ শুরু হলেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের কারণে তা বারবার পিছিয়েছে। এসব মামলায় দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
এ কারণে প্রধানমন্ত্রিত্ব হারানোকে নেতানিয়াহুর জন্য কেবল রাজনৈতিক পরাজয় হিসেবে দেখছেন না বিশ্লেষকেরা। তাঁদের মতে, ক্ষমতা হারালে তাঁর বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচারপ্রক্রিয়া নতুন গতি পেতে পারে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার জন্য তিনি আরও কঠোর অবস্থান নিতে পারেন।
লন্ডনের কিংস কলেজের ইসরায়েলি বিশ্লেষক আহরন ব্রেগম্যানের মতে, নেতানিয়াহু এখন ‘আহত পশুর’ মতো আচরণ করছেন। নির্বাচনে পরাজয় তাঁর কাছে শুধু রাজনৈতিক বিষয় নয়, ব্যক্তিগত বিষয়ও। কারণ দুর্নীতির মামলায় তাঁর কারাগারে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রধানমন্ত্রিত্ব হারানোর অর্থ তাঁর সুরক্ষাকবচ হারানো। এ কারণে নেতানিয়াহুর কাছে এখন কোনো কিছুই অসম্ভব নয় বলে মনে করেন তিনি।
নেতানিয়াহুর রাজনৈতিক সংকটের সঙ্গে যুক্ত হয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলার আগে ও পরে তাঁর সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন। ওই হামলা প্রতিরোধে সরকারের ব্যর্থতা তদন্তে একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি দীর্ঘদিন ধরেই উঠছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এ দাবি আরও জোরালো হয়েছে।
সম্প্রতি প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য হামলার বিষয়ে মিসর ও সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কর্মকর্তারা নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছিলেন। এসব প্রতিবেদন প্রকাশের পর ৭ অক্টোবরের হামলার আগে সরকারের কাছে কী ধরনের তথ্য ছিল এবং সেগুলো মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা তদন্তের দাবি আরও জোরালো হয়েছে।
গত সপ্তাহে পার্লামেন্টের নতুন অধিবেশনের আইন প্রণয়নের তালিকাতেও বিষয়টি গুরুত্ব পেয়েছে। বিরোধী ও সমালোচকদের মতে, রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন হলে হামলার আগে গোয়েন্দা ও নিরাপত্তা ব্যর্থতার পাশাপাশি সরকারের রাজনৈতিক সিদ্ধান্তও তদন্তের আওতায় আসতে পারে।
এ ছাড়া গাজা যুদ্ধ এবং বিচার বিভাগের ওপর সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগকে কেন্দ্র করে ইসরায়েলে দীর্ঘদিন ধরে সাংবিধানিক সংকট চলছে। সমালোচকদের অভিযোগ, বিচার বিভাগের নজরদারি দুর্বল করার মাধ্যমে নেতানিয়াহু নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতির অভিযোগ থেকে জনমনের মনোযোগ সরিয়ে রাখার চেষ্টা করেছেন। সব মিলিয়ে রাজনৈতিক, আইনি ও নিরাপত্তা পরিস্থিতি তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বাড়ছে
নির্বাচনের পর ইসরায়েলে রাজনৈতিক সহিংসতার আশঙ্কাও বাড়ছে। নির্বাচনের পর কয়েক দিনের মধ্যে উগ্র ডানপন্থী বিক্ষোভকারীরা বিরোধী নেতা গাদি আইজেনকটের বাড়ির সামনে জড়ো হন। আরব রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের চেষ্টা না করতে তাঁকে সতর্ক করেন তাঁরা। বিক্ষোভকারীরা আইজেনকটকে ‘বিশ্বাসঘাতক’ বলেও স্লোগান দেন।
এ ধরনের বিক্ষোভকে শুধু রাজনৈতিক প্রতিবাদ হিসেবে দেখছেন না পর্যবেক্ষকেরা। তাঁদের আশঙ্কা, নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি এবং বিরোধী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে ক্রমাগত উসকানিমূলক বক্তব্য দেশটিতে সহিংসতার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।
এ উদ্বেগ আরও বেড়েছে হাইফার ইহুদি ধর্মীয় আদালতের সাবেক প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরডের একটি চিঠি প্রকাশের পর। ওই চিঠিতে তিনি ‘দিন রোদেফ’ বা ‘ধাওয়া করার আইন’ নামে পরিচিত একটি ধর্মীয় বিধানের উল্লেখ করেছেন।
১৯৯৫ সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ইৎজাক রবিনকে হত্যার পক্ষে যুক্তি হিসেবে একই বিধানের উল্লেখ করেছিলেন ঘাতক ইয়িগাল আমির। ফিলিস্তিনিদের সঙ্গে অসলো শান্তিচুক্তির বিরোধিতা করে তিনি রবিনকে হত্যা করেন। ফলে অ্যাক্সেলরডের চিঠিতে ওই বিধানের উল্লেখকে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বাড়িয়ে দেওয়ার মতো ঘটনা হিসেবে দেখছেন অনেকে।
বামপন্থী হাদাশ পার্টির সংসদ সদস্য ওফের কাসিফ বলেছেন, আইজেনকটের সরকার গঠনে যত দেরি হবে, রাজনৈতিক সহিংসতার ঝুঁকি তত বাড়বে। তাঁর আশঙ্কা, ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু যেকোনো কিছু করতে পারেন। ডানপন্থীদের মধ্যে গৃহযুদ্ধের কথাও বলা হচ্ছে, যা তিনি উড়িয়ে দিতে পারছেন না।
কাসিফের ভাষ্য, নেতানিয়াহু তাঁকে ঘিরে একধরনের ব্যক্তিপূজার সংস্কৃতি গড়ে তুলেছেন। তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এই গোষ্ঠীর একটি অংশ সহজেই অস্ত্র হাতে তুলে নিতে পারে। ফলে রাজনৈতিক বিরোধ সহিংস সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
তবে নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তোলা বা তার বৈধতা ক্ষুণ্ন করার কথিত চেষ্টার জন্য নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে কোনো আইনি পরিণতির মুখে পড়বেন কি না, তা এখনো স্পষ্ট নয়। নির্বাচনের আগের রাতে পুলিশকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তাঁর সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিবেচনা করছেন।
একই সঙ্গে শিন বেতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সংস্থাটির প্রধান ডেভিড জিনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার কোনো প্রচেষ্টায় অংশ নিয়ে থাকেন, তাহলে সংস্থাটির স্বাধীনতা এবং তাঁর নিজের পদও বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।
যুক্তরাজ্যভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান চ্যাথাম হাউসের জ্যেষ্ঠ পরামর্শক ফেলো ইয়োসি মেকেলবার্গ মনে করেন, নেতানিয়াহুর কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষমতায় টিকে থাকা। এ জন্য তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা বিপদে পড়লেও তিনি পরোয়া করছেন না। তবে এবার তাঁর পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হতে পারে।
মেকেলবার্গের মতে, নেতানিয়াহুর কাছে রাজনৈতিক উত্তরাধিকার কিংবা সহযোগীদের ভবিষ্যতের চেয়ে ক্ষমতায় থাকা বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটি দিন ক্ষমতা ধরে রাখার লড়াই করছেন তিনি এবং যেকোনো মূল্যে প্রধানমন্ত্রিত্ব আঁকড়ে থাকতে চাইছেন।
সব মিলিয়ে ইসরায়েল এখন এক জটিল রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বিরোধী শিবির সরকার গঠনে সফল হয় কি না, নেতানিয়াহু ক্ষমতা ছাড়তে রাজি হন কি না এবং তাঁর বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া কোন দিকে এগোয়, তার ওপর দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা অনেকটাই নির্ভর করছে। এর মধ্যে উগ্র ডানপন্থী বিক্ষোভ, গোয়েন্দা সংস্থার বিতর্কিত ভূমিকা এবং গৃহযুদ্ধের হুমকি পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।
সূত্রঃ আল জাজিরা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au