বাংলাদেশ

‘কখনো জনগণকে ছেড়ে যাইনি, এখনো ছাড়ব না’: শেখ হাসিনা

  • 2:45 pm - November 23, 2026
  • পঠিত হয়েছে:৫৩ বার
শেখ হাসিনা।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ওপর ব্যাপক রাজনৈতিক নিপীড়ন চালাচ্ছে। এ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে গণতান্ত্রিক সরকার, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তবে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে কোনো বিদেশি সরকারকে হস্তক্ষেপ করার আহ্বান জানাননি শেখ হাসিনা। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বাংলাদেশেও গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের একই নীতি সমুন্নত রাখার পক্ষে অবস্থান নেওয়া।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনারে ভার্চ্যুয়ালি দেওয়া বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা। ‘সংকটে বাংলাদেশ: মানবাধিকার, দমন-পীড়ন ও আইনের শাসন’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে ডেমোক্রেসি, রাইটস অ্যান্ড পারসিকিউশন ওয়াচ (ডিআরপিডব্লিউ)।

বক্তব্যে শেখ হাসিনা বলেন, ২০২৪ সালের আগস্টে তাঁর সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশের গণতান্ত্রিক অধিকার সংকুচিত হয়েছে। রাজনৈতিক দমন-পীড়নের প্রভাব পড়েছে স্কুলশিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী ও পোশাকশ্রমিকদের ওপরও। তিনি বলেন, দুই বছরের বেশি সময় ধরে গভীর বেদনার সঙ্গে দেখছেন, যে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে তাঁরা কাজ করেছেন, সেই দেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সংকটের মুখে পড়েছে।

শেখ হাসিনা তাঁর বক্তব্যে গত ১৩ নভেম্বর মুন্সীগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৩৩ শিশু-কিশোরকে আটকের প্রসঙ্গ তুলে ধরেন। একই দিনে গাজীপুরে বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১১ স্কুলশিক্ষার্থীকে আটকের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক মতপ্রকাশের কারণে অন্তত ১৮৭ শিশুকে আটক করা হয়েছে। এসব ঘটনার মধ্যে ১২৭টিতে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ করা হয়েছে বলে জানান তিনি।

ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্সের (জেএমবিএফ) অক্টোবর মাসে প্রকাশিত একটি প্রতিবেদনেও ওই সময়ে ১৮৭ শিশুকে আটকের তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে ১২৭টি ঘটনায় সংশ্লিষ্ট আইনের প্রয়োগের কথাও উল্লেখ রয়েছে।

বিশ্ববিদ্যালয় পর্যায়েও রাজনৈতিক চাপ ও হয়রানির অভিযোগ করেন শেখ হাসিনা। মানবাধিকার পর্যবেক্ষণের তথ্য উল্লেখ করে তিনি বলেন, দেশের ২২৯টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ২ হাজার ৫১ জন শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাবিদ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ছাড়া ৮৪৯ জন আইনজীবী ভয়ভীতি, হয়রানি ও সহিংসতার শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।

শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ ও আবাসিক সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। কোথাও কোথাও শিক্ষাগত সনদ আটকে রাখা হয়েছে এবং শিক্ষকদের হয়রানি ও চাকরিচ্যুতির ঘটনাও ঘটেছে।

রাজনৈতিক পরিচয়ের কারণে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের পরিবারের সদস্যদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ২০২৪ সালের আগস্টের পর থেকে আওয়ামী লীগের লাখ লাখ নেতা, কর্মী ও সমর্থক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা ও আটকের মুখে পড়েছেন।

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন মোকাবিলায় সরকারের ভূমিকারও সমালোচনা করেন শেখ হাসিনা। তিনি বলেন, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের দাবির জবাবে বলপ্রয়োগ করা হয়েছে। মানবাধিকার পর্যবেক্ষণের তথ্য উল্লেখ করে তিনি দাবি করেন, এসব ঘটনায় ২১০ জনের বেশি শ্রমিক আহত হয়েছেন, ২১৬ জনকে আটক করা হয়েছে এবং প্রায় ১৯ হাজার ৫০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আন্দোলন চলাকালে দুই শ্রমিক নিহত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

কারখানা বন্ধ, কর্মসংস্থান হারানো এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ পরিবারগুলো অর্থনৈতিক চাপে রয়েছে বলেও বক্তব্যে উল্লেখ করেন শেখ হাসিনা।

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে তিনি বলেন, তাঁর সরকারের সময় রাজনৈতিক দমন-পীড়ন একটি নিয়মিত ব্যবস্থায় পরিণত হয়েছিল। শেখ হাসিনার অভিযোগ, বর্তমান তারেক রহমান সরকারের আমলেও সেই পরিস্থিতির অবসান হয়নি। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে এবং লাখ লাখ নাগরিকের রাজনৈতিক অংশগ্রহণের অধিকার ক্ষুণ্ন করে একটি সাজানো নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে বলেও দাবি করেন তিনি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কোনো সরকার দেশের একটি বড় জনগোষ্ঠীকে রাজনৈতিক জীবনে অংশগ্রহণের অধিকার থেকে দূরে রেখে নিজেকে জনগণের প্রতিনিধিত্বকারী বলে দাবি করতে পারে না।

গণতন্ত্র, ন্যায়বিচার ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠায় আওয়ামী লীগের পক্ষ থেকে আটটি মৌলিক দাবি তুলে ধরেন শেখ হাসিনা। দাবিগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক বন্দিদের মুক্তি, নির্বিচারে আটক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা বন্ধ, বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা এবং আওয়ামী লীগের ওপর আরোপিত বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহার।

এ ছাড়া শিক্ষার্থীদের শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়া, সাংবাদিক, আইনজীবী ও অন্যান্য পেশাজীবীর স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করা, শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মসংস্থানের নিরাপত্তা এবং নারী, শিশু ও ধর্মীয় সংখ্যালঘুদের সমান সুরক্ষা দেওয়ার দাবি জানান তিনি। আইনের শাসনের মাধ্যমে সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ মোকাবিলার কথাও বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন এমন একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণ নিজেরাই ঠিক করবেন কারা দেশ পরিচালনা করবেন।

ডিসেম্বর ২০২৬-এ দেশে ফেরার ঘোষণা দেওয়া শেখ হাসিনা জানিয়েছেন, তিনি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। বক্তব্যের শেষ দিকে নিজের বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁর বাবা জনগণকে স্বাধীনতা ও মর্যাদা দেওয়ার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। সেই স্বপ্ন এগিয়ে নেওয়ার লক্ষ্যেই তিনি তাঁর রাজনৈতিক জীবন কাটিয়েছেন। নির্বাসন, কারাবাস ও একাধিকবার প্রাণনাশের চেষ্টার মুখেও তিনি জনগণকে ছেড়ে যাননি।

শেখ হাসিনার ভাষায়, ‘আমি কখনো আমার জনগণকে ছেড়ে যাইনি, এখনো তাদের ছেড়ে যাব না।’

এই শাখার আরও খবর

মেলবোর্নে ২১ বছরের যুবককে ছুরিকাঘাতে হত্যা, দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ

অস্ট্রেলিয়ার মেলবোর্নের কেন্দ্রস্থলে ব্যস্ত সড়কে ছুরিকাঘাতে ররি কনরয় (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ১৭ ও ১৮ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ…

নেত্রকোণায় এক ঘুষিতেই প্রাণ গেল জুলাই যোদ্ধার

নেত্রকোণার মদনে সিএনজির টোল আদায়কে কেন্দ্র করে বিরোধ মেটাতে গিয়ে টোল আদায়কারীর ঘুষিতে প্রাণ হারিয়েছেন ৮৬ বছর বয়সী এক জুলাই যোদ্ধা। দুই পক্ষের কথা-কাটাকাটি ও…

এইচএসসির পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজার ৩৪৯ পরীক্ষার্থীর

এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। এতে…

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি। নানা ছাড়…

আদালত অবমাননা: ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন ট্রাইব্যুনাল। ভবিষ্যতে বিচারপ্রক্রিয়া নিয়ে এ ধরনের…

৪০ হাজার বছর পরও মহাকাশে ছুটবে ভয়েজার-১

পৃথিবী থেকে এক আলোকদিনের দূরত্ব অতিক্রম করেছে নাসার মহাকাশযান ভয়েজার-১। ৩০ থেকে ৪০ হাজার বছর পরও মহাকাশে সচল না থাকলেও ছুটে চলবে মানুষের তৈরি এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au