বিশ্ব

ইন্দোনেশিয়ায় মিষ্টান্ন কারখানায় আগুন, ২৪ ব্যাগে মিলল দেহাবশেষ

  • 4:26 pm - November 23, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার
ইন্দোনেশিয়ায় মিষ্টান্ন কারখানায় আগুন, ২৪ ব্যাগে মিলল দেহাবশেষ।ছবি : রয়টার্স

ইন্দোনেশিয়ার একটি মিষ্টান্ন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ শ্রমিকদের সন্ধানে তল্লাশি চালিয়ে ২৪টি বডি ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। তবে উদ্ধার করা দেহাবশেষ কতজনের, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। আগুন লাগার ঘটনায় এখনো ৩৪ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২২ নভেম্বর) ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা উদ্ধার করা দেহাবশেষের ফরেনসিক পরীক্ষা এবং পরিচয় শনাক্তের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। এর আগে সংস্থাটি অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছিল।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানী জাকার্তার সীমান্তবর্তী বানতেন প্রদেশের সেরং জেলার পিটি ফোনুসা আগুং মুলিয়া নামের কারখানাটিতে আগুন লাগে। তিনতলা ভবনটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে কারখানার বিভিন্ন অংশ পুড়ে যায়।

বানতেন অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তা রিজকি দ্বিয়ান্তো জানান, আগুন লাগার ১২ ঘণ্টারও বেশি সময় পরও দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছিলেন। এ কাজে ১৫টি দমকলের গাড়ি ও জলকামান ব্যবহার করা হয়। উদ্ধার অভিযানে পুলিশ, সেনাবাহিনী, ইন্দোনেশীয় রেড ক্রস এবং স্বেচ্ছাসেবকেরাও অংশ নেন।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাণে বেঁচে যাওয়া কয়েকজন শ্রমিকের দাবি, কারখানার তৃতীয় তলায় থাকা একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়।

কারখানাটির প্রধান নির্বাহী স্টিভেন উইজায়া জানিয়েছেন, আগুন লাগার সময় কারখানা চত্বরে প্রায় ৩০০ শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে ৬৫ জন আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে। রোববার বিকেল পর্যন্ত ২৪ জন শ্রমিক বাড়ি ফিরেছেন।

সোমবার (২৩ নভেম্বর) প্রথম প্রহরে প্রকাশিত এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের সময় কারখানার ক্ষতিগ্রস্ত এলাকায় ৬৩ জন শ্রমিক ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের মধ্যে ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের পাঁচজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ৩৪ জন এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ শ্রমিকদের পরিচয় শনাক্ত করতে তাঁদের পরিবারের সদস্যদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করছে কর্তৃপক্ষ। ভুক্তভোগী শনাক্তকরণ বিভাগের প্রধান ওয়াহু হিদায়াতি দ্বি পালুপি বলেন, উদ্ধার করা দেহাবশেষের অবস্থা এতটাই খারাপ যে শুধু দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এ কারণে পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা ও প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে। উদ্ধার করা দেহাবশেষের ব্যাগগুলো শনাক্তকরণের জন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

সেরং দমকল বিভাগের কর্মকর্তা টুবগাস মাহফুদ জানান, আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও কারখানার সব অংশে এখনো তল্লাশি চালানো সম্ভব হয়নি। ভবনের কিছু অংশ ধসে পড়ায় এবং পর্যাপ্ত আলো না থাকায় উদ্ধারকর্মীদের সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। এ ছাড়া কারখানায় উৎপাদিত সামগ্রীর কারণে আগুন আবার জ্বলে ওঠার আশঙ্কা রয়েছে। তাই নিখোঁজদের সন্ধানে তল্লাশির পাশাপাশি ভবনটি ঠান্ডা করার কাজও চলছে।

এদিকে কারখানার বাইরে নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা তাঁদের প্রিয়জনদের খোঁজে অপেক্ষা করছেন। উদ্ধার করা দেহাবশেষের পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত তাঁদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় একাধিক প্রাণঘাতী শিল্পকারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনার পর দেশটির শিল্পকারখানাগুলোর কর্মপরিবেশ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এই শাখার আরও খবর

মেলবোর্নে ২১ বছরের যুবককে ছুরিকাঘাতে হত্যা, দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ

অস্ট্রেলিয়ার মেলবোর্নের কেন্দ্রস্থলে ব্যস্ত সড়কে ছুরিকাঘাতে ররি কনরয় (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ১৭ ও ১৮ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ…

নেত্রকোণায় এক ঘুষিতেই প্রাণ গেল জুলাই যোদ্ধার

নেত্রকোণার মদনে সিএনজির টোল আদায়কে কেন্দ্র করে বিরোধ মেটাতে গিয়ে টোল আদায়কারীর ঘুষিতে প্রাণ হারিয়েছেন ৮৬ বছর বয়সী এক জুলাই যোদ্ধা। দুই পক্ষের কথা-কাটাকাটি ও…

এইচএসসির পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজার ৩৪৯ পরীক্ষার্থীর

এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। এতে…

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি। নানা ছাড়…

আদালত অবমাননা: ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন ট্রাইব্যুনাল। ভবিষ্যতে বিচারপ্রক্রিয়া নিয়ে এ ধরনের…

৪০ হাজার বছর পরও মহাকাশে ছুটবে ভয়েজার-১

পৃথিবী থেকে এক আলোকদিনের দূরত্ব অতিক্রম করেছে নাসার মহাকাশযান ভয়েজার-১। ৩০ থেকে ৪০ হাজার বছর পরও মহাকাশে সচল না থাকলেও ছুটে চলবে মানুষের তৈরি এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au