মেলবোর্নে ২১ বছরের যুবককে ছুরিকাঘাতে হত্যা, দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ
অস্ট্রেলিয়ার মেলবোর্নের কেন্দ্রস্থলে ব্যস্ত সড়কে ছুরিকাঘাতে ররি কনরয় (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ১৭ ও ১৮ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ…
নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার (২৩ নভেম্বর) সকালে নিশ্চিন্তপুরে একটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকেরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় একটি বাস ভাঙচুরের চেষ্টা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।
প্রত্যক্ষদর্শী সেলিমের অভিযোগ, নিশ্চিন্তপুরের নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকেরা সড়কে নেমে আসেন। একপর্যায়ে তাঁরা আশপাশের চালু কারখানায় হামলার চেষ্টা করেন। দেরিতে কারখানা থেকে বের হওয়া কয়েকজন শ্রমিককে মারধর করা হয়। এমনকি রিকশা থেকে নামিয়েও কয়েকজনকে মারধরের অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, অন্য কারখানার শ্রমিকেরা কর্মবিরতি না দিয়ে কাজ চালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁদের ওপর হামলা করা হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নিউ এইজ কারখানার আন্দোলনরত এক নারী শ্রমিক। মুঠোফোনে তিনি দাবি করেন, শ্রমিকেরা কোনো কারখানা বা অন্য শ্রমিকের ওপর হামলা করেননি। বরং কারখানা থেকে বের হওয়ার পরপরই পুলিশ তাঁদের ওপর হামলা চালায়। ওই শ্রমিকের অভিযোগ, নিম্নতম মজুরি ঘোষণা নিয়ে সরকার ও মালিকপক্ষ গড়িমসি করছে। এ বিষয়ে নির্ধারিত বৈঠকও একজনের কারণে স্থগিত করা হয়েছে। দ্রুত নিম্নতম মজুরি ঘোষণার দাবি জানান তিনি।
এদিকে নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সোমবার আশুলিয়ার ২০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাধারণ ছুটি ঘোষণা করা কারখানাগুলো হলো সাদাতিয়া সোয়েটার লিমিটেড, স্টারলিং অ্যাপারেলস লিমিটেড, স্টারলিং ক্রিয়েশন লিমিটেড, হলিউড গার্মেন্টস লিমিটেড, মুন রেডিওয়্যারস লিমিটেড, বানদো ডিজাইন লিমিটেড, এ এম ডিজাইন লিমিটেড, ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিমিটেড, ভার্চুয়াল বটমস লিমিটেড, দি রোজ ড্রেসেস লিমিটেড, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস লিমিটেড, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন লিমিটেড, আল-মুসলিম অ্যাপারেলস লিমিটেড, ওয়াইপি লিমিটেড ও কমপ্লিট কম্পোজিট লিমিটেড।
এর আগে শিল্পাঞ্চল পুলিশের সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানিয়েছিলেন, দিনের শুরুতেই শ্রমিকদের কর্মবিরতির মুখে নয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পাঁচটি কারখানার শ্রমিকেরা কারখানার ভেতরে কাজে যোগ না দিয়ে বসে ছিলেন।
চলমান শ্রমিক অসন্তোষের কারণে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পাশাপাশি আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগের দিন রোববার (২২ নভেম্বর) শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় আশুলিয়ার ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে সেদিন সড়ক অবরোধ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি।
শিল্প পুলিশের আশা, পরিস্থিতির উন্নতি হলে কর্মবিরতির কারণে সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হওয়া কারখানার সংখ্যা আরও কমবে। শিল্প পুলিশ-১-এর আওতাধীন এলাকায় বিভিন্ন খাতের মোট ১ হাজার ৭২৩টি কারখানা রয়েছে। এর মধ্যে ৭৩৬টি তৈরি পোশাক কারখানা, যার ৪৭০টি রপ্তানিমুখী।
এদিকে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au