বিজ্ঞান ও প্রযুক্তি

৪০ হাজার বছর পরও মহাকাশে ছুটবে ভয়েজার-১

  • 8:28 pm - November 23, 2026
  • পঠিত হয়েছে:২৪ বার
অনন্তের পথে নাসার মহাকাশযান ভয়েজার-১। ছবি: সংগৃহীত

পৃথিবী থেকে এক আলোকদিনের দূরত্ব অতিক্রম করেছে নাসার মহাকাশযান ভয়েজার-১। ৩০ থেকে ৪০ হাজার বছর পরও মহাকাশে সচল না থাকলেও ছুটে চলবে মানুষের তৈরি এই যন্ত্র। একসময় পৌঁছে যাবে অন্য এক নক্ষত্রের কাছাকাছি।

প্রায় অর্ধশতাব্দী আগে পৃথিবী ছেড়ে যাত্রা শুরু করেছিল মহাকাশযান ভয়েজার-১। সৌরজগতের সীমানা পেরিয়ে বহু আগেই প্রবেশ করেছে আন্তঃনাক্ষত্রিক মহাশূন্যে। এবার পৃথিবী থেকে এক আলোকদিনের দূরত্বও অতিক্রম করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তৈরি এই মহাকাশযান। গত ১৮ নভেম্বর ভারতীয় সময় বিকেল ৩টা ৪৬ মিনিটে পৃথিবী থেকে প্রায় ২৫৯০ কোটি কিলোমিটার দূরে পৌঁছায় এটি। মানুষের তৈরি কোনো যান এর আগে এত দূরত্ব অতিক্রম করতে পারেনি।

আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় তিন লাখ কিলোমিটার। এই গতিতে আলো ২৪ ঘণ্টায় যে দূরত্ব পাড়ি দেয়, তাকে বলা হয় এক আলোকদিন। ভয়েজার-১ এখন পৃথিবী থেকে এতটাই দূরে যে, এখান থেকে পাঠানো কোনো রেডিও সংকেত মহাকাশযানটিতে পৌঁছাতে প্রায় ২৪ ঘণ্টা লাগে। আবার সেখান থেকে পাঠানো সংকেত পৃথিবীতে ফিরতে লাগে আরও ২৪ ঘণ্টা। অর্থাৎ একটি সংকেত পাঠিয়ে তার জবাব পেতে বিজ্ঞানীদের অপেক্ষা করতে হয় প্রায় দুই দিন।

বৃহস্পতি-শনি থেকে আন্তঃনাক্ষত্রিক মহাশূন্যে

১৯৭৭ সালের সেপ্টেম্বরে উৎক্ষেপণের সময় ভয়েজার-১-এর এত দূর যাওয়ার পরিকল্পনা ছিল না নাসার। মূল লক্ষ্য ছিল বৃহস্পতি ও শনি গ্রহের কাছ থেকে তথ্য সংগ্রহ করা। ১৯৭৯ সালে বৃহস্পতি এবং ১৯৮০ সালে শনির কাছাকাছি পৌঁছে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ চালায় মহাকাশযানটি। এরপর দীর্ঘ যাত্রায় ২০১২ সালে সৌরজগতের হেলিওস্ফিয়ারের সীমানা পেরিয়ে আন্তঃনাক্ষত্রিক মহাশূন্যে প্রবেশ করে।

ভয়েজার-১-এর যমজ মহাকাশযান ভয়েজার-২ উৎক্ষেপণ করা হয়েছিল একই বছর। তবে গতিপথের কারণে সেটি এখনো ভয়েজার-১-এর পেছনে রয়েছে। বর্তমানে পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ২১৬৮ কোটি কিলোমিটার। নাসার হিসাব অনুযায়ী, ভয়েজার-২ এক আলোকদিনের দূরত্ব অতিক্রম করতে পারে ২০৩৫ সালের নভেম্বর মাসে।

কমছে শক্তি, বন্ধ হচ্ছে যন্ত্রপাতি

বর্তমানে ঘণ্টায় প্রায় ৬১ হাজার কিলোমিটার গতিতে ছুটছে ভয়েজার-১। তবে মহাকাশযানটির শক্তির ভান্ডার ক্রমেই ফুরিয়ে আসছে। নাসার তথ্য অনুযায়ী, প্রতি বছর এর বিদ্যুৎ উৎপাদনক্ষমতা প্রায় চার ওয়াট করে কমছে। ১৯৭৭ সালে উৎক্ষেপণের সময় মহাকাশযানটিতে প্রায় ৪৭০ ওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল।

ভয়েজার-১-এর শক্তির উৎস একটি রেডিওআইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটর। সময়ের সঙ্গে এর শক্তি উৎপাদন কমে যাওয়ায় বিজ্ঞানীদের এখন অত্যন্ত সতর্কভাবে বিদ্যুৎ ব্যবহার করতে হচ্ছে। শক্তি সাশ্রয়ের জন্য ইতিমধ্যে মহাকাশযানটির একাধিক যন্ত্র বন্ধ করে দেওয়া হয়েছে। ১০টি বৈজ্ঞানিক যন্ত্রের মধ্যে পাঁচটি বন্ধ করা হয়েছে বিদ্যুৎ বাঁচাতে। একটি যন্ত্র কার্যক্ষমতা কমে যাওয়ায় বন্ধ করা হয়েছে। একই কারণে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে আরও একটি যন্ত্র বন্ধ করার পরিকল্পনা রয়েছে নাসার।

তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেন্সর এখনো চালু রয়েছে। সেগুলোর মাধ্যমে আন্তঃনাক্ষত্রিক পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন বিজ্ঞানীরা।

২০৩৬ সালের পর বিচ্ছিন্ন হতে পারে যোগাযোগ

বিজ্ঞানীদের ধারণা, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ভয়েজার-১-এর কার্যক্ষমতা আরও কমে যাবে। ফলে মহাকাশযানটি থেকে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ ক্রমেই কঠিন হয়ে উঠবে। নাসার হিসাব অনুযায়ী, অন্তত ২০৩৬ সাল পর্যন্ত পৃথিবী থেকে এর সংকেত পাওয়া সম্ভব হতে পারে। এরপর শক্তির অভাবে মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তবে যোগাযোগ বন্ধ হয়ে গেলেই ভয়েজার-১-এর যাত্রা থেমে যাবে না। মহাকাশে তার গতিবেগ বজায় থাকবে। মহাকাশযানটির ট্রান্সমিটার ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি একসময় পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে গেলেও মহাকাশে জমা থাকা গতিশক্তির কারণে এটি আরও দীর্ঘ সময় ছুটে চলতে পারবে। বিজ্ঞানীদের ধারণা, কোনো বড় সংঘর্ষ বা অন্য কোনো বিপর্যয় না ঘটলে আগামী কোটি কোটি বছরও মহাকাশে ভেসে থাকতে পারে এটি।

৩০ হাজার বছর পর পেরোবে ওর্ট ক্লাউড

ভয়েজার-১-এর ভবিষ্যৎ যাত্রাপথ নিয়ে বিজ্ঞানীদের হিসাবও বেশ চমকপ্রদ। সৌরজগতের একেবারে বাইরের দিকে রয়েছে বরফ, পাথর ও ধূলিকণায় গঠিত বিশাল এক অঞ্চল, যার নাম ওর্ট ক্লাউড। প্রায় ৪৬০ কোটি বছর আগে সৌরজগতের জন্মের সময় অবশিষ্ট থাকা বিভিন্ন বস্তু দিয়ে এই অঞ্চল তৈরি হয়েছে বলে ধারণা করা হয়। সূর্য থেকে এর দূরত্ব আনুমানিক ১.৫ থেকে ৩.২ আলোকবর্ষ।

বিজ্ঞানীদের অনুমান, আগামী প্রায় ৩০০ বছরের মধ্যে ভয়েজার-১ ওর্ট ক্লাউডের কাছাকাছি পৌঁছাবে। তবে এই বিশাল অঞ্চল অতিক্রম করতে তার সময় লাগবে প্রায় ৩০ হাজার বছর।

এরপর আরও এগিয়ে প্রায় ৪০ হাজার বছরের মধ্যে মহাকাশযানটি গ্লিজ ৪৪৫ নামের একটি নক্ষত্রের ১.৭ আলোকবর্ষের মধ্যে পৌঁছাতে পারে। অর্থাৎ, পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বহু হাজার বছর পরও মানুষের তৈরি এই যন্ত্রটি অন্য এক নক্ষত্রের কাছাকাছি পৌঁছে যাবে।

সৌরজগতের টান কাটিয়ে অনন্ত যাত্রা

তবে একটি বিষয় মনে রাখা জরুরি। ২০১২ সালে ভয়েজার-১ সূর্যের চৌম্বকক্ষেত্রের প্রভাবাধীন অঞ্চল হেলিওস্ফিয়ার ছাড়িয়ে গেলেও সূর্যের মহাকর্ষীয় প্রভাব থেকে তখনো মুক্ত হয়নি। সৌরজগতের মহাকর্ষীয় সীমানা অনেক বিস্তৃত। ওর্ট ক্লাউড অতিক্রম করার পরও সূর্যের মহাকর্ষীয় প্রভাব পুরোপুরি শেষ হবে, এমন নিশ্চয়তা নেই।

ভয়েজার-১-এর ভবিষ্যৎ পথও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। মহাকাশের কোনো বড় বস্তুর সঙ্গে সংঘর্ষ কিংবা অন্য কোনো অপ্রত্যাশিত ঘটনা তার দীর্ঘ যাত্রার ইতি ঘটাতে পারে। তবে এমন কিছু না ঘটলে এটি আকাশগঙ্গা ছায়াপথের মধ্যে কোটি কোটি বছর ধরে ঘুরে বেড়াতে পারে।

পৃথিবী থেকে পাঠানো ছোট্ট একটি যন্ত্র একসময় হয়তো মানুষের সঙ্গে সব ধরনের যোগাযোগ হারাবে। কিন্তু তার মহাকাশযাত্রা থামবে না। বিজ্ঞানীদের কাছে ভয়েজার-১ তাই শুধু একটি মহাকাশযান নয়, এটি মানবসভ্যতার প্রযুক্তিগত সক্ষমতা ও মহাবিশ্বকে জানার আকাঙ্ক্ষার এক অনন্য স্মারক।

সূত্র: আনন্দবাজার.কম

এই শাখার আরও খবর

মেলবোর্নে ২১ বছরের যুবককে ছুরিকাঘাতে হত্যা, দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ

অস্ট্রেলিয়ার মেলবোর্নের কেন্দ্রস্থলে ব্যস্ত সড়কে ছুরিকাঘাতে ররি কনরয় (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ১৭ ও ১৮ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ…

নেত্রকোণায় এক ঘুষিতেই প্রাণ গেল জুলাই যোদ্ধার

নেত্রকোণার মদনে সিএনজির টোল আদায়কে কেন্দ্র করে বিরোধ মেটাতে গিয়ে টোল আদায়কারীর ঘুষিতে প্রাণ হারিয়েছেন ৮৬ বছর বয়সী এক জুলাই যোদ্ধা। দুই পক্ষের কথা-কাটাকাটি ও…

এইচএসসির পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজার ৩৪৯ পরীক্ষার্থীর

এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। এতে…

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি। নানা ছাড়…

আদালত অবমাননা: ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন ট্রাইব্যুনাল। ভবিষ্যতে বিচারপ্রক্রিয়া নিয়ে এ ধরনের…

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ

কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বোমা দুটি কার্যালয়ের বারান্দায় পড়ে আগুন ধরে গেলেও এতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au