মেলবোর্নে ২১ বছরের যুবককে ছুরিকাঘাতে হত্যা, দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ
অস্ট্রেলিয়ার মেলবোর্নের কেন্দ্রস্থলে ব্যস্ত সড়কে ছুরিকাঘাতে ররি কনরয় (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ১৭ ও ১৮ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন ট্রাইব্যুনাল। ভবিষ্যতে বিচারপ্রক্রিয়া নিয়ে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে তার বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন ট্রাইব্যুনালে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন ব্যারিস্টার ফুয়াদ। তার বক্তব্য শোনার পর বিচারকরা তাকে সতর্ক করেন। একই সঙ্গে ভবিষ্যতে বিচারপ্রক্রিয়া সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে সংযত থাকার নির্দেশ দেন। পরে আদালত অবমাননার অভিযোগটি নিষ্পত্তি করা হয়।
শুনানিতে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে ফুয়াদ বলেন, গত ২৮ অক্টোবর একটি রাজনৈতিক সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও ভুক্তভোগীদের নিয়ে কথা বলেছিলেন তিনি। তবে ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’, এমন কোনো মন্তব্য তিনি করেননি। গণমাধ্যমে তার বক্তব্য ভুলভাবে এসেছে বলেও দাবি করেন তিনি।
ফুয়াদ আরও বলেন, ট্রাইব্যুনালকে লক্ষ্য করে কোনো বক্তব্য দেওয়ার উদ্দেশ্য তার ছিল না। তিনি মূলত পুরো বিচারব্যবস্থা নিয়ে কথা বলেছেন এবং দুর্নীতি প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদন উদ্ধৃত করেছিলেন।
এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ এমন মন্তব্য গুরুতর অপরাধ। আদালত অবমাননার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন বিচারকরা।
ফুয়াদকে উদ্দেশ করে ট্রাইব্যুনাল বলেন, তিনি একজন আইনজীবী ও ব্যারিস্টার। একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে তার এমন মন্তব্য করা উচিত নয়। রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে সম্মান করতে হবে। কারণ, একজন ব্যক্তির বক্তব্যের কারণে কোনো প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। ভবিষ্যতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তাকে আরও সতর্ক থাকতে হবে।
জবাবে ফুয়াদ তার মন্তব্যকে ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল বলে উল্লেখ করেন। ভবিষ্যতে এ ধরনের মন্তব্যের বিষয়ে সতর্ক থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বিচারব্যবস্থাকে প্রয়োজনীয় সহায়তা করার কথাও জানান।
এর আগে গত ৪ নভেম্বর আদালত অবমাননার অভিযোগে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে ফুয়াদকে সময় দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় সেদিন সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে পারেননি তিনি। তার আইনজীবীরা আরও সময় চাইলে পরবর্তী শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করা হয়।
এরও আগে, গত ১ নভেম্বর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগে ফুয়াদকে তলব করেন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে তাকে সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এবি পার্টির একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দিয়েছিলেন ফুয়াদ। সেখানে ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় বা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে বলে মন্তব্য করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে এলে স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করা হয় বলে জানিয়েছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au