বাংলাদেশ

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল

  • 9:06 pm - November 23, 2026
  • পঠিত হয়েছে:২৫ বার
খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। প্রতীকী ছবি

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি। নানা ছাড় ও পুনঃতফসিলের সুযোগ দিয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ঋণখেলাপির প্রবণতা।

ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলেছে। ঋণ পুনঃতফসিল, পুনর্গঠন এবং বিশেষ ছাড়ের মাধ্যমে ঋণ আদায়ের সুযোগ দেওয়া হলেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। উল্টো গত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এতে দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের প্রায় ৩৪ শতাংশই এখন খেলাপি। অর্থাৎ ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকার মধ্যে প্রায় ৩৪ টাকা আদায় অনিশ্চিত হয়ে পড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকগুলোর মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ।

এর আগে গত জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সে সময় মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ ছিল খেলাপি। সেই হিসাবে মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। আর মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। তখন খেলাপি ঋণের হার ছিল ৩২ দশমিক ২৬ শতাংশ।

অর্থাৎ চলতি বছরের প্রথম তিন প্রান্তিকেই ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। বিশেষ ছাড় ও পুনঃতফসিলের সুযোগ দিয়েও এই ঊর্ধ্বমুখী প্রবণতা ঠেকানো যায়নি। খেলাপি ঋণের এমন চিত্র ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা, ঋণ ব্যবস্থাপনা এবং অর্থ আদায়ের কার্যকারিতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক অনিয়ম ও লুটপাটের মাধ্যমে বিতরণ করা ঋণের প্রকৃত চিত্র আড়াল করে রাখা হয়েছিল। সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতের প্রকৃত অবস্থা প্রকাশের উদ্যোগ নেয়। এতে আগে নিয়মিত দেখানো অনেক ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করে।

এ ছাড়া রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক প্রভাবশালী ঋণগ্রহীতা আত্মগোপনে চলে যাওয়ায় ঋণ আদায় বাধাগ্রস্ত হয়। ফলে খেলাপি ঋণের পরিমাণ দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার বিশেষ ছাড়ে ঋণ পুনঃতফসিলের সুযোগ দিলেও তাতে প্রত্যাশিত ফল আসেনি।

দেড় দশকে খেলাপি ঋণ বেড়েছে কয়েক গুণ

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার ২০০৯ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার সময় ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। দীর্ঘ শাসনামল শেষে ২০২৪ সালের জুনে সরকার ক্ষমতা ছাড়ার আগে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা।

অন্যদিকে, পরবর্তী সময়েও খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে বলে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ব্যাংক খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, দুর্বল তদারকি ও ঋণ ব্যবস্থাপনার সমস্যার প্রভাব এখনো কাটেনি।

সংস্কার ছাড়া সমাধান নেই

ব্যাংক খাতে খেলাপি ঋণের ধারাবাহিক বৃদ্ধিকে উদ্বেগজনক বলে মনে করছেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন। তার মতে, রাজনৈতিক প্রভাব ও সুশাসনের ঘাটতির কারণে দেশে ইচ্ছাকৃত ঋণখেলাপির প্রবণতা বেড়েছে। এর ফলে ব্যাংকগুলোতে তারল্যসংকট তৈরি হচ্ছে। পাশাপাশি বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়ায় নতুন বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে।

ফাহমিদা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে ব্যাংক খাতের প্রকৃত খেলাপি ঋণের চিত্র আড়াল করে রাখা হয়েছে। সব ব্যাংকের প্রকৃত তথ্য পুরোপুরি প্রকাশ পেলে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়তে পারে। এ অবস্থায় সাময়িক ছাড় দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন দীর্ঘমেয়াদি ও কার্যকর সংস্কার।

তিনি আরও বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে খেলাপি ঋণের প্রকৃত তথ্য গোপন না করে আদায়যোগ্য ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আন্তর্জাতিক মানে শ্রেণিবিন্যাসেও বাড়ছে খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়মের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে-বেনামে বিতরণ করা অনেক ঋণ এখন নিয়ম অনুযায়ী খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে।

এ ছাড়া ঋণখেলাপি হিসেবে শ্রেণিবিন্যাসের ক্ষেত্রে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়ম প্রয়োগ করায় খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। অতীতে যেসব ঋণ বারবার নবায়ন করে নিয়মিত দেখানো হয়েছে, সেগুলোর অনেকই এখন আর আদায় হচ্ছে না। ফলে এসব ঋণও খেলাপির তালিকায় যুক্ত হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, অনিয়মের মাধ্যমে বিতরণ করা ঋণ শনাক্ত এবং ঋণের প্রকৃত অবস্থা প্রকাশের ফলে ব্যাংক খাতের দীর্ঘদিনের গোপন দুর্বলতাগুলো সামনে আসছে। তবে শুধু খেলাপি ঋণ শনাক্ত করলেই এই সংকটের সমাধান হবে না। ঋণ আদায় বাড়ানো, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এই শাখার আরও খবর

মেলবোর্নে ২১ বছরের যুবককে ছুরিকাঘাতে হত্যা, দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ

অস্ট্রেলিয়ার মেলবোর্নের কেন্দ্রস্থলে ব্যস্ত সড়কে ছুরিকাঘাতে ররি কনরয় (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ১৭ ও ১৮ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ…

নেত্রকোণায় এক ঘুষিতেই প্রাণ গেল জুলাই যোদ্ধার

নেত্রকোণার মদনে সিএনজির টোল আদায়কে কেন্দ্র করে বিরোধ মেটাতে গিয়ে টোল আদায়কারীর ঘুষিতে প্রাণ হারিয়েছেন ৮৬ বছর বয়সী এক জুলাই যোদ্ধা। দুই পক্ষের কথা-কাটাকাটি ও…

এইচএসসির পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজার ৩৪৯ পরীক্ষার্থীর

এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। এতে…

আদালত অবমাননা: ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন ট্রাইব্যুনাল। ভবিষ্যতে বিচারপ্রক্রিয়া নিয়ে এ ধরনের…

৪০ হাজার বছর পরও মহাকাশে ছুটবে ভয়েজার-১

পৃথিবী থেকে এক আলোকদিনের দূরত্ব অতিক্রম করেছে নাসার মহাকাশযান ভয়েজার-১। ৩০ থেকে ৪০ হাজার বছর পরও মহাকাশে সচল না থাকলেও ছুটে চলবে মানুষের তৈরি এই…

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ

কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বোমা দুটি কার্যালয়ের বারান্দায় পড়ে আগুন ধরে গেলেও এতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au