ররি কনরয় শনিবার ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার মেলবোর্নের কেন্দ্রস্থলে ব্যস্ত সড়কে ছুরিকাঘাতে ররি কনরয় (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ১৭ ও ১৮ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁদের মধ্যে বাকি তিনজনকে আরও তদন্তের শর্তে ছেড়ে দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার মেলবোর্নের লা ট্রোব স্ট্রিটে শনিবার রাত সাড়ে ৮টার কিছু পরে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ররি কনরয়কে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, ‘তিনি অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন। দুর্ভাগ্যজনকভাবে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।’
আরেক প্রত্যক্ষদর্শী ৯নিউজকে বলেন, ‘দুই সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় হত্যাকাণ্ড। বিষয়টি সত্যিই আতঙ্কজনক।’
৯নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার আগে ওই যুবককে একটি অ্যাপার্টমেন্ট থেকে কৌশলে বাইরে ডেকে আনা হয়ে থাকতে পারে।

শনিবার মেলবোর্নে পৃথক তিনটি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
ঘটনার পর পুলিশ মেলবোর্নের পূর্বাঞ্চলীয় শহরতলির ১৭ থেকে ১৯ বছর বয়সী পাঁচ তরুণকে গ্রেপ্তার করে। সোমবার ভোরে পুলিশ জানায়, মারুনডাহ এলাকার ১৭ বছর বয়সী এক কিশোর এবং মুরুলবার্ক এলাকার ১৮ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ (অ্যাফ্রে) আনা হয়েছে। সোমবার তাঁদের আদালতে হাজির করা হয়। গ্রেপ্তার হওয়া অন্য তিনজনকে আরও তদন্তের শর্তে ছেড়ে দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের তদন্ত চলছে।
পুলিশ সুপার লর্না ম্যাকার্থি রোববার জানান, এই ঘটনার সঙ্গে কোনো অপরাধী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে রোববার বিকেলে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়। ক্রয়ডন এলাকা থেকে একটি চোরাই মাজদা গাড়ি জব্দ করে পুলিশ। তদন্তকারীদের ধারণা, হত্যাকাণ্ডের পর পালানোর কাজে গাড়িটি ব্যবহার করা হয়েছিল। গাড়িটিতে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ম্যাকার্থি।

পুলিশ সুপার লর্না ম্যাকার্থি স্বীকার করেছেন, এ ধরনের আকস্মিক হামলা আগে থেকে অনুমান করা পুলিশের জন্য কঠিন। ছবি: সংগৃহীত
কয়েকশ মিটার দূরেই আরেক ছুরিকাঘাত
লা ট্রোব স্ট্রিটে হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে কয়েকশ মিটার দূরে শনিবার বিকেলেই ছুরিকাঘাতের আরেকটি ঘটনা ঘটে। সেখানে ২৪ বছর বয়সী এক ব্যক্তি হামলার শিকার হন। পুলিশের ধারণা, ওই হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ভুক্তভোগীর কাছে মুঠোফোন দাবি করেছিলেন। ফোন দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ছুরিকাঘাত করা হয়।
অস্ত্রোপচারের পর ওই ব্যক্তি বর্তমানে হাসপাতালে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
এ ঘটনায় ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে রিজার্ভয়ার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জনসাধারণের একজন সদস্য তাঁকে শনাক্ত করার পর পুলিশ তাঁকে আটক করে। তাঁর বিরুদ্ধে সশস্ত্র ডাকাতির চেষ্টা, ইচ্ছাকৃতভাবে গুরুতর শারীরিক ক্ষতি করা এবং শারীরিক আঘাত করার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ এ ঘটনায় কোনো তথ্য জানা থাকলে তা নিয়ে সামনে আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে। ছবি: সংগৃহীত
পুলিশ সুপার ম্যাকার্থি বলেন, এ ধরনের আকস্মিক হামলা আগে থেকে অনুমান করা কঠিন। তবে পুলিশের তৎপরতার মাধ্যমে বড় ধরনের ক্ষয়ক্ষতি প্রতিরোধের চেষ্টা চলছে।
এদিকে রোববার সকালে ফ্লিন্ডার্স স্ট্রিট স্টেশনের বাইরে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর পকেটে ছুরি দেখতে পেয়ে পুলিশ তাঁকে আটক করে।
পুলিশের দাবি, অপরাধ দমনে তাদের চলমান অভিযান ইতিবাচক ভূমিকা রাখছে। মেলবোর্নকে আরও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে পুলিশ ও সহযোগী সংস্থাগুলো কাজ করছে।
সূত্র: নাইন.কম.এইউ