সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সেফাতুল্লাহ এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বিষয়টি জানিয়েছেন।
আদালতে নাহিদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী সাথী সাহা। শুনানিতে তিনি দাবি করেন, মামলার ঘটনার অনেক আগেই নুরুল ইসলাম নাহিদ রাজনীতি ও সব ধরনের পেশাগত কর্মকাণ্ড থেকে অবসর নিয়েছেন। তাঁর বয়স ও শারীরিক অবস্থার কথাও আদালতে তুলে ধরেন আইনজীবী।
তিনি বলেন, নাহিদ অসুস্থ ও বয়স্ক। রাজপথে মিছিল করা কিংবা নেতৃত্ব দেওয়ার মতো শারীরিক সক্ষমতা তাঁর নেই। জামিন পেলে তিনি পালিয়ে যাবেন না বলেও আদালতকে আশ্বস্ত করেন তাঁর আইনজীবী।
অন্য দিকে, রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারক জামিনের আবেদন খারিজ করে দেন।
এর আগে বুধবার গভীর রাতে ঢাকার উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে সাদিকুল ইসলাম হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরার পশ্চিম থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল ৩টার দিকে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ ওঠে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, আন্দোলনকারীদের ধাওয়া করে মারধরের পাশাপাশি গুলি চালানো হয়। এতে সাদিকুলের পেটে গুলি লাগে।
পরে তাঁকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলাতেই সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিনের আবেদন খারিজ করল আদালত।