বাংলাদেশ

পোলট্রি খামারের আড়ালে বোমার আস্তানা, মাটির নিচে মিলল ১১টি আইইডি

  • 12:31 am - November 24, 2026
  • পঠিত হয়েছে:১৯ বার
বোমারু মামুন ও উদ্ধার হওয়া আইইডি। ছবি: সংগৃহীত

পোলট্রি খামার গড়ার কথা বলে বাড়ি ভাড়া নিয়েছিলেন। কিন্তু সেই বাড়ির উঠানের মাটির নিচেই লুকিয়ে রাখা হয়েছিল ১১টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। প্রায় দুই মাস ধরে পরিচয় গোপন করে ওই বাড়িতে বসবাস করছিলেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’। স্থানীয়দের হাতে আটকের পর প্রথমে নিজের পরিচয় গোপন করলেও পুলিশের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাঁর জঙ্গি-সংশ্লিষ্টতার নানা তথ্য সামনে এসেছে বলে দাবি তদন্তকারীদের।

ঘটনাটি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের শিকদার কান্দি গ্রামের। গত ১২ নভেম্বর ওই ভাড়া বাড়ির উঠানের মাটির নিচে পুঁতে রাখা ১১টি আইইডি নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল। মামুন ও তাঁর সহযোগীদের জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক মজুত, ছদ্মপরিচয়ে বসবাস এবং সম্ভাব্য নাশকতার প্রস্তুতি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে পুলিশ। দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গেও তাঁদের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৩ নভেম্বর রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মামুন। স্থানীয়রা তাঁকে আটকানোর চেষ্টা করলে পালানোর সময় একটি ককটেল বিস্ফোরণ ঘটান তিনি। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

আটকের পর নিজের নাম সাইফুল ইসলাম সুজন এবং বাড়ি ভোলা সদর বলে পরিচয় দিয়েছিলেন তিনি। সেই পরিচয়ের ভিত্তিতে প্রথমে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে গত ১৭ নভেম্বর আদালত তাঁর পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। রায়পুর থানায় জিজ্ঞাসাবাদের পর সামনে আসে তাঁর প্রকৃত পরিচয়। তিনি নাজমুল হাসান মামুন, জঙ্গি মহলে যিনি ‘বোমারু মামুন’ নামে পরিচিত।

পাঁচ দিনের রিমান্ড শেষে গত শনিবার তাঁকে আদালতে হাজির করা হয়। তবে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। পরে আদালত মামুনের সাত দিন এবং তাঁর সহযোগী জাহেদুল ইসলাম জাবেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাড়ির উঠানে মাটির নিচে ১১টি আইইডি, সঙ্গে থাকতেন আরও দু’জন

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, প্রায় দুই মাস ধরে পরিচয় গোপন করে ওই ভাড়া বাড়িতে থাকছিলেন মামুন। তাঁর সঙ্গে এক নারী ও এক পুরুষও বসবাস করতেন। বাড়ির মালিককে তাঁরা জানিয়েছিলেন, চর এলাকায় পোলট্রি খামার গড়ে তুলবেন।

ওসি জানান, বাড়ির উঠানে গর্ত খুঁড়ে মাটির নিচে ১১টি আইইডি লুকিয়ে রাখা হয়েছিল। গত ১২ নভেম্বর ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়ে সেগুলি নিষ্ক্রিয় করে।

মামুনের সঙ্গে থাকা ওই নারী ও পুরুষের পরিচয় কী, তাঁদের সঙ্গে মামুনের সম্পর্ক কেমন এবং বিস্ফোরক মজুত বা তৈরির কাজে তাঁরা যুক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পোলট্রি খামারের কথা বলে বাড়ি ভাড়া নেওয়ার বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

এর আগে গত ১০ নভেম্বর সন্ধ্যায় উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির একটি পরিত্যক্ত বাড়ির পিছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা উদ্ধার করা হয়। কৌটা খুলে তার ভিতরে টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখতে পান সংশ্লিষ্টরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ এবং তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম সুজনের ভাড়া নেওয়া ঘরটি ওই সিকদার বাড়িতে শনাক্ত করা হয়েছিল। এর আগে সেই ঘর থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।

পুরনো জঙ্গি মামলায় গ্রেপ্তার, ২০২৪ সালে জামিন

পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছিলেন মামুন। তখন তাঁর বয়স ছিল ২১ বছর। ঢাকার একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় পুলিশ তাঁকে নিষিদ্ধঘোষিত নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য হিসেবে উল্লেখ করেছিল।

পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি। জামিন পাওয়ার পর থেকে রায়পুরে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত কোথায় ছিলেন, কার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং কীভাবে ফের বিস্ফোরক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িয়ে পড়লেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।

দেশের বিভিন্ন বিস্ফোরণের ঘটনায় যোগসূত্রের খোঁজ

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০২৫ সালের ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন জায়গায় বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনায় মামুন এবং তাঁর সহযোগী মোহাম্মদ আরিফ ওরফে ইমরানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গিয়েছে।

তদন্তে উঠে এসেছে কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা। এ ছাড়া ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যাত্রাবাড়ীতে পুলিশের তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনার সঙ্গেও তাঁদের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের দাবি, মামুনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২টি মামলার তথ্য পাওয়া গিয়েছে। বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি মামলাগুলির তথ্য যাচাই এবং সেগুলিতে তাঁর সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তাঁকে পুলিশের স্পেশাল রেসপন্স টেররিজম ইউনিটের (এসআরইউ) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রায়পুরের একটি আবাসিক বাড়ির উঠানের মাটির নিচে ১১টি বিস্ফোরক ডিভাইস উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। পোলট্রি খামার তৈরির অজুহাতে বাড়ি ভাড়া নেওয়া, পরিচয় গোপন করে দীর্ঘদিন বসবাস এবং গোপনে বিস্ফোরক মজুতের ঘটনায় স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে বিজিবির অভিযান ঘিরে উত্তেজনা, দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীর বাধা

গোপালগঞ্জ সদর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মধ্যরাতে শতাধিক বিজিবি সদস্যের অভিযানের খবর ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের…

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর

জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য…

প্রশ্নের মুখে সরকারের ভূমিকা: বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে?

বাংলাদেশে রাজনৈতিক হিংসা ক্রমশ ছড়িয়ে পড়ছে। প্রথম দিকে চট্টগ্রামের মতো এলাকায় হিংসার ঘটনা সামনে এসেছিল, যেখানে উল্লেখযোগ্য সংখ্যায় হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস। এবার সেই অশান্তি…

ভারত থেকে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত থেকে বাংলাদেশে ফেরার চেষ্টা করলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ডিসেম্বরে শেখ…

গোপালগঞ্জে মুজিবের মাজার ভাঙার আশঙ্কা, টুঙ্গিপাড়ায় লাখো মানুষের জমায়েতের ডাক আওয়ামী লীগের

বাংলাদেশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এবং তাঁর পৈতৃক বাড়ি ভাঙার আশঙ্কা প্রকাশ করেছে আওয়ামী লীগ। দলটির অভিযোগ, বিএনপি ও জামায়াতে ইসলামির তরফে এই…

হামাস নেতাকে ‘বীর’ আখ্যা দেওয়া জামায়াত আমিরের সিডনি সফর ঘিরে বিতর্ক, অস্ট্রেলিয়ার ভিসা যাচাই নিয়ে প্রশ্ন

ওটিএন বাংলা ডেস্ক | মেলবোর্ন, ২৩ নভেম্বর ২০২৬ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au