অস্ট্রেলিয়ার ২৫ সংবাদমাধ্যমে অর্থায়ন বন্ধ করছে গুগল। ছবিঃ সংগৃহীত
অস্ট্রেলিয়ার ২৫টি সংবাদমাধ্যমের সঙ্গে করা বাণিজ্যিক চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। আগামী ৩১ ডিসেম্বর থেকে এসব সংবাদমাধ্যমে অর্থায়ন বন্ধ হয়ে যাবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সরকারের নতুন গণমাধ্যম দর–কষাকষি আইনকে এ সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। গুগলের দাবি, নতুন আইনের ফলে দেশটির সংবাদমাধ্যমগুলোর সঙ্গে বাণিজ্যিক চুক্তির ধরন ও অর্থায়ন কৌশল পুনর্বিবেচনা করতে হচ্ছে। এ সিদ্ধান্তকে অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর সঙ্গে নতুন চুক্তি করতে গুগলের অনাগ্রহের স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
পাবলিক ইন্টারেস্ট পাবলিশার্স অ্যালায়েন্সের (পিআইপিএ) আওতাভুক্ত ২৫টি সংবাদমাধ্যমকে চুক্তি বাতিলের বিষয়টি লিখিতভাবে জানিয়েছে গুগল। এসব সংবাদমাধ্যমের মধ্যে রয়েছে রিনিউ ইকোনমি, দ্য অস্ট্রেলিয়ান জুইশ নিউজ, গ্রিন স্ট্রিট নিউজ ও নিওস কসমস।
সংশ্লিষ্ট চুক্তির আর্থিক মূল্য ছিল বছরে প্রায় ৩০ লাখ অস্ট্রেলীয় ডলার। পাঁচ বছর মেয়াদে এর মোট মূল্য দাঁড়ানোর কথা ছিল প্রায় ১ কোটি ৫০ লাখ অস্ট্রেলীয় ডলার। চুক্তির শর্ত সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে এ তথ্য জানা গেছে।
পিআইপিএকে পাঠানো এক চিঠিতে গুগল জানিয়েছে, ২০২৬ সালের ২৬ আগস্ট অস্ট্রেলিয়ায় নিউজ মিডিয়া বার্গেইনিং ইনসেনটিভ (অ্যাডমিনিস্ট্রেশন) আইন কার্যকর হয়েছে। নতুন আইন কার্যকর হওয়ার পর অস্ট্রেলিয়ায় তাদের বাণিজ্যিক অবস্থান পুনর্মূল্যায়ন করতে হয়েছে। পর্যালোচনার পর ২৫টি সংবাদমাধ্যমের সঙ্গে বিদ্যমান চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
চিঠিতে বলা হয়েছে, চুক্তি বাতিলের সিদ্ধান্ত আগামী ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। একই সঙ্গে এত দিন অংশীদারত্ব বজায় রাখার জন্য সংবাদমাধ্যমগুলোকে ধন্যবাদ জানিয়েছে গুগল।
এ বিষয়ে পিআইপিএর এক মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি। তবে গুগলের এক মুখপাত্র নতুন চুক্তি নিয়ে প্রতিষ্ঠানটির অনাগ্রহের বিষয়টি অনেকটা নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, নতুন আইন প্রণয়নের আগে পরামর্শ প্রক্রিয়ায় গুগল নিজেদের উদ্বেগের কথা জানিয়েছিল। প্রতিষ্ঠানটির মতে, আইনটি প্রযুক্তি কোম্পানিগুলোকে সংবাদমাধ্যমের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে পৌঁছানোর জন্য যথেষ্ট প্রণোদনা দিচ্ছে না।
গুগলের দাবি, অস্ট্রেলিয়ায় ৯০টির বেশি সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে তাদের বাণিজ্যিক চুক্তি রয়েছে, যার আওতায় রয়েছে মোট ২২৬টি সংবাদমাধ্যম। তবে নতুন আইনের প্রভাব শুধু পিআইপিএর ২৫টি সংবাদমাধ্যমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
অস্ট্রেলিয়ার বড় দুই গণমাধ্যম প্রতিষ্ঠান নাইন এন্টারটেইনমেন্ট ও সেভেন ওয়েস্ট মিডিয়ার সঙ্গে গুগলের আগের চুক্তির মেয়াদও শেষ হয়েছে। নাইন এন্টারটেইনমেন্টের প্রকাশনাগুলোর মধ্যে রয়েছে দ্য অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউ। এসব প্রতিষ্ঠানের সঙ্গে গুগল নতুন করে চুক্তি করবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে দেশটির সংবাদমাধ্যম খাতে গুগলের অর্থায়ন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পিআইপিএর সদস্য সংবাদমাধ্যমগুলোর সঙ্গে গুগলের আগের চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত থাকার কথা ছিল। পাঁচ বছর মেয়াদি ওই চুক্তি গত বছরের মাঝামাঝি বাতিল করা হয়। পরে বিষয়টি অনেকটা নীরবে নতুন করে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সমাধান করা হয়েছিল। তবে এবার পাঁচ বছরের পরিবর্তে মাত্র এক বছরের চুক্তি করা হয়। সেই চুক্তিও চলতি বছরের শেষেই শেষ হচ্ছে।
অস্ট্রেলিয়ায় সংবাদমাধ্যমের কনটেন্ট ব্যবহারের বিনিময়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অর্থ আদায়ের উদ্যোগ শুরু হয় ২০২১ সালে। তৎকালীন কনজারভেটিভ জোট সরকারের সময় নিউজ মিডিয়া বার্গেইনিং কোড নামে আইনটি চালু করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল গুগল ও ফেসবুকের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর আর্থিক ক্ষমতার ভারসাম্য তৈরি করা।
আইনটির পেছনে যুক্তি ছিল, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সংবাদমাধ্যমের তৈরি প্রতিবেদন, ছবি ও অন্যান্য কনটেন্ট ব্যবহার করে নিজেদের সার্চ ইঞ্জিন ও সামাজিক যোগাযোগমাধ্যমের সেবা উন্নত করছে। এসব কনটেন্টের মাধ্যমে বিজ্ঞাপন ও অন্যান্য বাণিজ্যিক সুবিধা পেলেও সংবাদ তৈরির খরচ বহনকারী প্রতিষ্ঠানগুলো সেই তুলনায় পর্যাপ্ত আর্থিক সুবিধা পাচ্ছে না।
এ পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যেই গুগল ও ফেসবুকের সঙ্গে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোর কয়েক ডজন বাণিজ্যিক চুক্তি হয়। এসব চুক্তির মাধ্যমে দেশটির সংবাদবাজারে বছরে আনুমানিক ২৫ কোটি অস্ট্রেলীয় ডলার যুক্ত হয়েছিল। গুগলের কিছু চুক্তির মেয়াদ ছিল পাঁচ বছর। অন্যদিকে মেটার অধিকাংশ চুক্তি ছিল তিন বছর মেয়াদি।
তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংবাদমাধ্যমের এই অর্থনৈতিক সমঝোতা দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৪ সালে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা ঘোষণা দেয়, তারা অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোর সঙ্গে বিদ্যমান চুক্তির মেয়াদ আর বাড়াবে না। প্রয়োজনে নিজেদের প্ল্যাটফর্ম থেকে সংবাদ কনটেন্ট সরিয়ে নেওয়ারও হুমকি দেয় প্রতিষ্ঠানটি।
এর আগে কানাডায় সংবাদমাধ্যমকে অর্থ দেওয়ার বিষয়ে একই ধরনের আইন কার্যকর হলে ফেসবুক ও ইনস্টাগ্রামে সংবাদ প্রচার বন্ধ করে দিয়েছিল মেটা। অস্ট্রেলিয়াতেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে মেটা অর্থায়ন বন্ধের ঘোষণা দেওয়ার পরও গুগল তখন দেশটির সংবাদমাধ্যমগুলোকে অর্থ দেওয়া অব্যাহত রেখেছিল।
পরিস্থিতি সামাল দিতে এবার নতুন ব্যবস্থা চালু করে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সরকার। নিউজ মিডিয়া বার্গেইনিং ইনসেনটিভ বা এনবিআই নামে নতুন এই ব্যবস্থার আওতায় গুগল, মেটা, টিকটক এবং মাইক্রোসফটের মালিকানাধীন পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন ব্যবস্থায় অস্ট্রেলিয়ায় যেসব প্রযুক্তি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন থেকে আয় ২৫ কোটি অস্ট্রেলীয় ডলারের বেশি, তাদের ওপর আর্থিক দায় আরোপ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আয়ের ওপর ২ দশমিক ৭৫ শতাংশ হারে কর নির্ধারণ করা হয়েছে, যা ২০২৫ সালের শুরু থেকে কার্যকর হিসেবে ধরা হয়েছে। তবে নির্দিষ্ট শর্ত পূরণ করে সংবাদমাধ্যমগুলোর সঙ্গে বাণিজ্যিক চুক্তি করলে এই করের অর্থ সমন্বয়ের সুযোগ রয়েছে।
নিয়ম অনুযায়ী, অন্তত আটটি ভিন্ন সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলে সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের ওপর আরোপিত করের পুরো অর্থ সমন্বয় করতে পারবে। অর্থাৎ সরকার সরাসরি কর আদায়ের পরিবর্তে সংবাদমাধ্যমের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করার জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করছে।
সরকারের হিসাব অনুযায়ী, নতুন ব্যবস্থা থেকে ২০২৬–২৭ অর্থবছরে অন্তত ৫৫ কোটি অস্ট্রেলীয় ডলার রাজস্ব আসতে পারে। ২০২৭–২৮ অর্থবছরে এ আয়ের পরিমাণ ৪০ কোটি ডলার হতে পারে। পরবর্তী দুই অর্থবছরে প্রতিবছর ৪৫ কোটি ডলার করে রাজস্ব আসার পূর্বাভাস দিয়েছে সরকার।
নতুন করব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের বিভিন্ন লবিং সংগঠন আপত্তি জানিয়েছে। তাদের উদ্বেগের কেন্দ্রে রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আয়ের ওপর অতিরিক্ত আর্থিক চাপ এবং সংবাদমাধ্যমের সঙ্গে চুক্তি করতে বাধ্য করার মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা।
অন্যদিকে অস্ট্রেলিয়া সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন ব্যবস্থায় সংগৃহীত অর্থ দেশটির সংবাদমাধ্যমগুলোর মধ্যে বিতরণ করা হবে। যেসব সংবাদপ্রতিষ্ঠানে পূর্ণকালীন সাংবাদিকের সংখ্যা বেশি, তারা তুলনামূলক বেশি অর্থ পাবে। এর মাধ্যমে সংবাদ সংগ্রহ, অনুসন্ধান, প্রতিবেদন তৈরি এবং সাংবাদিকদের কর্মসংস্থানে অর্থায়ন নিশ্চিত করার লক্ষ্য রয়েছে সরকারের।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধিরা মনে করছেন, নতুন ব্যবস্থায় শেষ পর্যন্ত মেটাও অর্থ পরিশোধ করতে পারে। এ বিষয়ে তাঁরা কানাডায় মেটার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে। তাঁদের ধারণা, সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি চুক্তি না করলেও নতুন করব্যবস্থার আওতায় মেটাকে আর্থিক অবদান রাখতে হতে পারে।
গুগলের সাম্প্রতিক সিদ্ধান্তে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম খাতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ছোট ও স্বাধীন সংবাদপ্রতিষ্ঠানগুলোর জন্য গুগলের অর্থায়ন গুরুত্বপূর্ণ ছিল। বিজ্ঞাপন থেকে পর্যাপ্ত আয় না পাওয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর পাঠক ও আয়ের নির্ভরতা বাড়ার কারণে এসব প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা আগে থেকেই চাপে রয়েছে।
এখন প্রশ্ন উঠেছে, গুগল ও মেটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নতুন আইনের শর্ত মেনে সংবাদমাধ্যমকে অর্থ দেবে, নাকি বাণিজ্যিক চুক্তি কমিয়ে বা সংবাদ কনটেন্টের ব্যবহার সীমিত করে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করবে। গুগলের ২৫টি সংবাদমাধ্যমের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের অর্থায়ন নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান ও সরকারের চলমান বিরোধকে আরও সামনে নিয়ে এসেছে।