স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। ছবি: রয়টার্স
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্কের দাবি, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ওপেনএআইয়ের জিপিটি-৬ বা অ্যানথ্রপিকের ফেবল ৫.১-এর সমপর্যায়ের একটি এআই মডেল তৈরি করতে পারে স্পেসএক্স। আর প্রায় ছয় মাসের মধ্যে এআই ক্ষেত্রে শীর্ষ অবস্থানে পৌঁছানোর লক্ষ্য রয়েছে তাদের।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক আলোচনায় অংশ নিয়ে স্পেসএক্সের এআই পরিকল্পনা নিয়ে কথা বলেন মাস্ক। সেখানে তিনি বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ফেবল ৫.১ বা জিপিটি-৬-এর পর্যায়ের একটি মডেল তৈরির বিষয়ে তিনি ‘সতর্কভাবে আশাবাদী’।
মাস্কের এই বক্তব্যের পর এক ব্যবহারকারী মন্তব্য করেন, স্পেসএক্স প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর কাছাকাছি পৌঁছানোর আগেই ওপেনএআই ও অ্যানথ্রপিক আরও উন্নত মডেল বাজারে আনতে পারে।
জবাবে মাস্ক বলেন, প্রতিদ্বন্দ্বীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে স্পেসএক্সও এআই উন্নয়নের গতি বাড়াবে। এই ধারাবাহিকতা বজায় থাকলে প্রায় ছয় মাসের মধ্যে স্পেসএক্স এআই ক্ষেত্রে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে বলেও দাবি করেন তিনি।
স্পেসএক্সের এআই কার্যক্রম তুলনামূলকভাবে নতুন বলেও উল্লেখ করেন মাস্ক। তার দাবি, প্রতিষ্ঠানটি প্রায় তিন বছর ধরে এআই নিয়ে কাজ করছে। বিপরীতে অ্যানথ্রপিক ও ওপেনএআই এ খাতে যথাক্রমে প্রায় ছয় ও ১০ বছর ধরে কাজ করছে।
তবে মাস্কের মতে, অল্প সময়ে উন্নয়নের গতি উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারলে এই অভিজ্ঞতার ব্যবধান দ্রুত কমিয়ে আনা সম্ভব।
স্পেসএক্সের এআই সম্ভাবনা ব্যাখ্যা করতে গিয়ে মডেলের সক্ষমতার পাশাপাশি কম্পিউটিং অবকাঠামোর গুরুত্বের কথাও তুলে ধরেন মাস্ক।
তার মতে, কোনো নির্দিষ্ট কাজের জন্য প্রয়োজনের তুলনায় এআই যদি অনেক বেশি সক্ষম হয়ে ওঠে, তাহলে অতিরিক্ত বুদ্ধিমত্তা সব ক্ষেত্রে সমান বাস্তব সুবিধা নাও দিতে পারে।
মাস্ক আরও বলেন, বিপুল পরিমাণ কম্পিউটিং সক্ষমতা দ্রুত কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা কঠিন। তবে দ্রুত বড় আকারের কম্পিউটিং অবকাঠামো কাজে লাগানোর ক্ষেত্রে স্পেসএক্সের সক্ষমতা রয়েছে বলে তিনি মনে করেন।
বর্তমানে এআই খাতে ওপেনএআই ও অ্যানথ্রপিক নিজেদের মডেলের সক্ষমতা বাড়ানোর দিকে জোর দিচ্ছে। অ্যানথ্রপিক তাদের সর্বশেষ মডেলকে জটিল কোডিং, গবেষণা ও দীর্ঘ সময়ের সমস্যা সমাধানের মতো কাজে সক্ষম বলে তুলে ধরেছে। অন্যদিকে ওপেনএআই তাদের সর্বশেষ মডেলগুলোর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, সাইবার নিরাপত্তা ও কম্পিউটার ব্যবহারের সক্ষমতার ওপর গুরুত্ব দিচ্ছে।
তবে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে স্পেসএক্স এসব প্রতিষ্ঠানের মডেলের সমপর্যায়ে পৌঁছাতে পারবে কি না, কিংবা ছয় মাসের মধ্যে এআই ক্ষেত্রে শীর্ষ অবস্থানে যেতে পারবে কি না, তা এখনো নিশ্চিত নয়। আপাতত এটি ইলন মাস্কের দেওয়া সময়সীমা ও তার নিজস্ব প্রত্যাশা।