বাংলাদেশ

ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন টিউলিপ সিদ্দিক

  • 12:47 pm - November 20, 2026
  • পঠিত হয়েছে:৬৩ বার
ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক।ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে দুর্নীতির অভিযোগে তাঁর অনুপস্থিতিতে কারাদণ্ডের রায় দেওয়ার ঘটনাকে ‘বিদ্বেষপ্রসূত বিচারিক হয়রানি’ বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় নিজের পক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখতে একজন আইনজীবীর সঙ্গে আলোচনা করছেন বলেও জানিয়েছেন টিউলিপ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর)   এক প্রতিবেদনে  ‘পলিটিকস আনলিশড’ নামের একটি নতুন পডকাস্টে সাক্ষাৎকার দেওয়ার সময় টিউলিপ সিদ্দিক এসব কথা বলেন। পডকাস্টটি উপস্থাপনা করেন গুটো হ্যারি ও ডেভিড ডেভিস।

যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁর অনুপস্থিতিতে বাংলাদেশে বিচার চলছে। অন্যদিকে, শেখ হাসিনার সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার মাধ্যমে সুবিধা নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধেও বাংলাদেশে তদন্ত ও বিচারিক কার্যক্রম শুরু হয়।

গত বছরের ডিসেম্বরে ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি জমি বরাদ্দ পেতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ মামলায় তাঁর সঙ্গে আরও ১৬ জনকে আসামি করা হয়েছিল। তবে লন্ডনে বসবাসরত টিউলিপ শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর পক্ষে দাবি করা হয়েছে, বিচারপ্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ না দিয়েই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ফলে তাঁর ওই সাজা ভোগ করার সম্ভাবনা কম।

এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন, শেখ হাসিনা ও বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের মধ্যে তিনি ‘পার্শ্বক্ষতিকার শিকার’ হয়েছেন।

নতুন পডকাস্টে টিউলিপ বলেন, তিনি ‘বিদ্বেষপ্রসূত বিচারিক হয়রানির’ শিকার হয়েছেন। একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে তাঁর কথা হয়েছে এবং ওই আইনজীবী তাঁকে জানিয়েছেন, মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার মতো আইনি ভিত্তি থাকতে পারে। বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে বিভিন্ন সম্ভাবনা যাচাই করছেন তিনি।

এ বিষয়ে মুহাম্মদ ইউনূসের দুই ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে তাঁর বক্তব্য জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

টিউলিপ আরও বলেন, তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানতে তিনি বারবার চেষ্টা করেছেন। কিন্তু তাঁর আইনজীবীদের পাঠানো চিঠির কোনো জবাব দেয়নি বাংলাদেশের সরকার। লন্ডনে ডরচেস্টার হোটেলে অবস্থান করার সময় মুহাম্মদ ইউনূসকে হাতে লেখা একটি চিঠিও পাঠিয়েছিলেন তিনি। সরাসরি সাক্ষাতের জন্য একাধিকবার চেষ্টা করলেও ইউনূস তাঁর সঙ্গে দেখা করতে রাজি হননি বলে দাবি করেন টিউলিপ।

নিজের বিরুদ্ধে অভিযোগ ও বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি বলেন, বিষয়টি তাঁকে খুব বেশি মানসিক চাপে ফেলেনি, কারণ তিনি জানতেন যে তিনি নির্দোষ। বরং পুরো ঘটনাটি তাঁর কাছে বিস্ময়কর ও বিভ্রান্তিকর মনে হয়েছে।

বিচারের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে টিউলিপ বলেন, পুরো ঘটনাটি ছিল ‘কাফকাস্ক দুঃস্বপ্নের’ মতো। তিনি জানান, কোন অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তা তিনি জানতেন না। সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের সংবাদ সতর্কবার্তা দেখে নিজের কারাদণ্ডের রায়ের কথা জানতে পারেন।

এদিকে, এ বিতর্কের সময় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাঁকে সমর্থন দিয়েছিলেন বলেও জানিয়েছেন টিউলিপ। তাঁর বিরুদ্ধে নিরাপত্তা হুমকি তৈরি হওয়ার পর স্টারমার যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় তাঁকে বার্তা পাঠিয়েছিলেন। তবে টিউলিপের বিষয়ে স্টারমারকে বারবার প্রশ্ন করা হলে শেষ পর্যন্ত তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

টিউলিপ বলেন, কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী করার রাজনৈতিক উদ্যোগের সঙ্গে তিনি শুরু থেকেই যুক্ত ছিলেন এবং তাঁকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু একপর্যায়ে নিজেকেই স্টারমারের জন্য বাধা হয়ে দাঁড়াতে দেখেন। এ কারণে পদত্যাগ করা ছাড়া তাঁর সামনে আর কোনো পথ ছিল না বলে জানান তিনি।

স্টারমারের ক্ষমতা হারানোর ঘটনাকে নিজের জন্য ‘খুবই কষ্টকর’ বলে উল্লেখ করেছেন টিউলিপ। তবে তাঁর উত্তরসূরি অ্যান্ডি বার্নহ্যামের প্রশংসা করেছেন তিনি। টিউলিপ বলেন, শেষ পর্যন্ত তাঁর লক্ষ্য একটি লেবার সরকারকে ক্ষমতায় রাখা। অ্যান্ডি বার্নহ্যাম যদি দলকে সেই লক্ষ্যে পৌঁছে দিতে পারেন, তাহলে ব্যক্তিগত দুঃখ পাশে রেখে সরকারের ভালো ফলের দিকে মনোযোগ দিতে চান তিনি।

সুত্রঃ ‘দ্য গার্ডিয়ান’

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের অংশ হিসেবে সিডনি পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময়…

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর বাংলাদেশে নতুন করে সহিংসতা, দেশজুড়ে উত্তেজনা

ভারতে নির্বাসিত অবস্থান থেকে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে দেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ও…

মুম্বাইয়ে ১৮ ডিসেম্বর শুরু হচ্ছে বিশ্ব হিন্দু কংগ্রেস ২০২৬, যোগ দেবেন ৬০ দেশের চার হাজার প্রতিনিধি

ভারতের মুম্বাইয়ে আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বিশ্ব হিন্দু কংগ্রেস (ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেস-২০২৬)। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে ৬০টির বেশি দেশ…

ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে রাজনৈতিক সহিংসতা ও গৃহযুদ্ধের শঙ্কা

ইসরায়েলের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক নির্বাচনে ক্ষমতা হারানোর আশঙ্কার মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী রাজনৈতিক শিবিরের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালাচ্ছেন।…

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের প্রখ্যাত ইসলামি আলেম উসমানির বাংলাদেশ সফর স্থগিত

দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা এবং নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের প্রখ্যাত ইসলামি আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ২২ নভেম্বর…

নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা, আগুন

নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে চৌমুহনী পৌরসভার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au