বাংলাদেশ

সহিংসতার পর গোপালগঞ্জে শান্ত পরিস্থিতি, বন্ধ টুঙ্গিপাড়া-মুকসুদপুর থানা

  • 10:13 pm - November 20, 2026
  • পঠিত হয়েছে:৪০ বার
গোপালগঞ্জে কয়েক দিনের সহিংসতার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কয়েক দিনের সহিংসতার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে নতুন করে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। স্বাভাবিক হতে শুরু করেছে মহাসড়কে যান চলাচলও। তবে ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম এখনো বন্ধ রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সকালে জেলা শহরের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। বৃষ্টি ও কয়েক দিনের সহিংসতার প্রভাবে শহরের জনজীবনে এখনো পুরোপুরি স্বাভাবিকতা ফেরেনি। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ফলে শহরের অধিকাংশ সড়ক অনেকটাই ফাঁকা রয়েছে।

জেলা শহরে রিকশা ও ইজিবাইক চলাচল করলেও অন্যান্য যানবাহনের উপস্থিতি ছিল কম। তবে খাবারের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে শুরু করেছে।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার কোথাও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল কিংবা নতুন করে ভাঙচুরের ঘটনা ঘটেনি।

গত কয়েক দিনের সহিংসতায় টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ কারণে থানা দুটির কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া সংসদ সদস্যের কার্যালয়, গ্রামীণ ব্যাংকের শাখা, বিএনপির কার্যালয় এবং বিএনপি ও জামায়াত নেতাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ বলেন, বৃহস্পতিবার রাতেই মহাসড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে পরিষ্কার করা হয়েছে। এরপর রাত থেকেই যানবাহন চলাচল শুরু করে।

তিনি আরও বলেন, লকডাউনের কারণে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে আটকে পড়া যানবাহনগুলো রাতেই গন্তব্যের উদ্দেশে রওনা হয়। শুক্রবার সড়কে সব ধরনের যানবাহন চলাচল করছে।

এদিকে গোপালগঞ্জে গত কয়েক দিনের সহিংসতার বিষয়ে বক্তব্য জানতে জেলা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি। ফলে এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের অংশ হিসেবে সিডনি পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময়…

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর বাংলাদেশে নতুন করে সহিংসতা, দেশজুড়ে উত্তেজনা

ভারতে নির্বাসিত অবস্থান থেকে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে দেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ও…

মুম্বাইয়ে ১৮ ডিসেম্বর শুরু হচ্ছে বিশ্ব হিন্দু কংগ্রেস ২০২৬, যোগ দেবেন ৬০ দেশের চার হাজার প্রতিনিধি

ভারতের মুম্বাইয়ে আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বিশ্ব হিন্দু কংগ্রেস (ওয়ার্ল্ড হিন্দু কংগ্রেস-২০২৬)। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে ৬০টির বেশি দেশ…

ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে রাজনৈতিক সহিংসতা ও গৃহযুদ্ধের শঙ্কা

ইসরায়েলের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক নির্বাচনে ক্ষমতা হারানোর আশঙ্কার মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী রাজনৈতিক শিবিরের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালাচ্ছেন।…

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের প্রখ্যাত ইসলামি আলেম উসমানির বাংলাদেশ সফর স্থগিত

দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা এবং নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের প্রখ্যাত ইসলামি আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ২২ নভেম্বর…

নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা, আগুন

নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে চৌমুহনী পৌরসভার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au