বাংলাদেশ

দুই দিনের ব্যবধানে ফের বাংলাদেশ-ভারত বৈঠক, আলোচনায় হাসিনার ফেরা

  • 12:09 pm - November 23, 2026
  • পঠিত হয়েছে:৯২ বার
বিদেশ মন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে শনিবার ফের দেখা করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর মিন্টো রোডের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ঢাকা ও দিল্লির কূটনৈতিক মহলের একাংশের ধারণা, শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে।

শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে বৈঠকটি চলে। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেশটির ডেপুটি হাইকমিশনারও উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। একই দিনে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্সও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা ও দিল্লির কূটনৈতিক মহলের একাংশ মনে করছে, এসব বৈঠকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কূটনৈতিক মহলের ওই অংশের ধারণা, আওয়ামী লীগের মতো দীর্ঘদিনের পুরোনো রাজনৈতিক দল, যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকলে দেশে অস্থিরতা বাড়তে পারে। এর ফলে দেশের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি নতুন বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রেও অনিশ্চয়তা তৈরি হতে পারে। বৈঠকগুলোতে বাংলাদেশের পক্ষকে এসব বিষয় বোঝানো হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কোনো পক্ষই আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

অন্যদিকে, দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে এখনো নিজের অবস্থানে নমনীয়তার কোনো ইঙ্গিত দেননি। বরং সাম্প্রতিক কয়েকটি বক্তব্যে তিনি প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনে উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন। যদিও তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি, প্রতিবেদনে তাঁর বক্তব্যে ভারতের প্রতি ইঙ্গিত রয়েছে বলে ধারণা করা হয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ এবং দুই দিনের ব্যবধানে পরপর দুটি বৈঠক ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। তবে বৈঠকগুলোতে শেখ হাসিনার দেশে ফেরা কিংবা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

মেলবোর্নে ২১ বছরের যুবককে ছুরিকাঘাতে হত্যা, দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ

অস্ট্রেলিয়ার মেলবোর্নের কেন্দ্রস্থলে ব্যস্ত সড়কে ছুরিকাঘাতে ররি কনরয় (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ১৭ ও ১৮ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ…

নেত্রকোণায় এক ঘুষিতেই প্রাণ গেল জুলাই যোদ্ধার

নেত্রকোণার মদনে সিএনজির টোল আদায়কে কেন্দ্র করে বিরোধ মেটাতে গিয়ে টোল আদায়কারীর ঘুষিতে প্রাণ হারিয়েছেন ৮৬ বছর বয়সী এক জুলাই যোদ্ধা। দুই পক্ষের কথা-কাটাকাটি ও…

এইচএসসির পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজার ৩৪৯ পরীক্ষার্থীর

এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। এতে…

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি। নানা ছাড়…

আদালত অবমাননা: ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন ট্রাইব্যুনাল। ভবিষ্যতে বিচারপ্রক্রিয়া নিয়ে এ ধরনের…

৪০ হাজার বছর পরও মহাকাশে ছুটবে ভয়েজার-১

পৃথিবী থেকে এক আলোকদিনের দূরত্ব অতিক্রম করেছে নাসার মহাকাশযান ভয়েজার-১। ৩০ থেকে ৪০ হাজার বছর পরও মহাকাশে সচল না থাকলেও ছুটে চলবে মানুষের তৈরি এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au