মেলবোর্নে ২১ বছরের যুবককে ছুরিকাঘাতে হত্যা, দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ
অস্ট্রেলিয়ার মেলবোর্নের কেন্দ্রস্থলে ব্যস্ত সড়কে ছুরিকাঘাতে ররি কনরয় (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ১৭ ও ১৮ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ…
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের বিকাশকে কাজে লাগিয়ে অর্থনীতিকে নতুন পথে এগিয়ে নিতে চায় চীন। এ লক্ষ্যে সাধারণ মানুষের সঞ্চিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগে উৎসাহিত করার পরিকল্পনা নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি চিনপিং। তবে এআই খাতকে ঘিরে শেয়ারবাজারে তৈরি হওয়া অতিমূল্যায়ন এবং সাম্প্রতিক দরপতন তাঁর এই পরিকল্পনাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে। বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান ইয়ারডেনি রিসার্চের সতর্কবার্তা, পরিস্থিতি চীনের অর্থনীতি ও শি চিনপিংয়ের নেতৃত্বের জন্য ‘সত্যিকার অর্থেই বিপজ্জনক মুহূর্ত’ তৈরি করেছে। খবর ফরচুনের।
ইয়ারডেনি রিসার্চের এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রযুক্তিনির্ভর স্টার ৫০ সূচক চলতি গ্রীষ্মে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পর থেকে ৪৪ শতাংশ কমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক রেকর্ড উচ্চতা থেকে কমেছে ১৮ শতাংশ। করোনা মহামারির শুরুর দিকের পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার সবচেয়ে খারাপ সপ্তাহ পার করলেও চীনের বাজারে দরপতনের মাত্রা তুলনামূলক অনেক বেশি।
প্রতিবেদন অনুযায়ী, শেয়ারবাজারের এই পরিস্থিতি শি চিনপিংয়ের অর্থনৈতিক পরিকল্পনায় বড় বাধা তৈরি করেছে। তাঁর পরিকল্পনা ছিল, সাধারণ মানুষের সঞ্চিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগে উৎসাহিত করে এআই খাতের সম্প্রসারণে অর্থায়ন করা। একই সঙ্গে আবাসন খাতের ওপর অর্থনীতির দীর্ঘদিনের নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার ও প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা।
চীনে পরিবারের মোট সম্পদের প্রায় ৭০ শতাংশ আবাসন খাতে বিনিয়োগ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সঞ্চিত অর্থ রাখার অন্যতম মাধ্যম ছিল এই খাত। কিন্তু আবাসন খাতের মন্দা ভোক্তাদের চাহিদা কমিয়ে দিয়েছে। বিভিন্ন সময়ে পণ্যের দাম কমে যাওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছে। পাশাপাশি ব্যবসায়িক বিনিয়োগ কমছে। গত অক্টোবরে দেশটির আবাসন খাতে বিনিয়োগ প্রায় ২২ শতাংশ কমেছে।
এ পরিস্থিতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে চীন কম দামে বিপুল পরিমাণ পণ্য রপ্তানির ওপর নির্ভর করছে। পাশাপাশি শেয়ারবাজারে অর্থের জোগান বাড়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সমন্বয়ে গঠিত ‘ন্যাশনাল টিম’ ব্যবহার করছে বেইজিং।
তবে তীব্র প্রতিযোগিতা, করের বোঝা বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য, শুল্ক এবং চীনা পণ্যের কম দাম নিয়ে বাণিজ্য অংশীদার দেশগুলোর উদ্বেগের কারণে দেশটির শেয়ারবাজারে চাপ তৈরি হয়েছে বলে মনে করছে ইয়ারডেনি রিসার্চ।
প্রতিষ্ঠানটির বিশ্লেষণে বলা হয়েছে, এআই খাতে অর্থায়ন অব্যাহত রাখতে হলে শি চিনপিংয়ের জন্য শক্তিশালী শেয়ারবাজার প্রয়োজন। তা না হলে এআই খাতের নিয়ন্ত্রণও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর হাতে চলে যেতে পারে। অথচ ২০১৩ সাল থেকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রভাব কমিয়ে বেসরকারি খাতকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়ে আসছে চীনা সরকার। বর্তমান পরিস্থিতিতে দেশটির বেসরকারি খাত আরও সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।
চীনের শেয়ারবাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আস্থাও দীর্ঘদিন ধরে দুর্বল। ২০২০ সালে প্রযুক্তি খাতের ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ আরোপের পর বিনিয়োগকারীদের মধ্যে অনাস্থা তৈরি হয়। এ ছাড়া রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা শেয়ারবাজার থেকে বেশি সুবিধা পান, এমন ধারণাও বাজারটির প্রতি সাধারণ মানুষের আগ্রহ কমিয়েছে।
এর প্রভাব দেখা যায় সাংহাই কম্পোজিট সূচকে। চীনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রায় ছয় গুণ বাড়লেও সূচকটি এখনো ২০০৭ সালের অক্টোবরের সর্বোচ্চ অবস্থানে ফিরতে পারেনি। ইয়ারডেনি রিসার্চের মতে, ২০১৫ সালের শেয়ারবাজার ধসসহ একাধিক বিপর্যয়ের কারণে দেশটির অনেক পরিবারের মধ্যে শেয়ারবাজার নিয়ে একধরনের ‘আর্থিক মানসিক আঘাত’ তৈরি হয়েছে। ওই সময় বাজার স্থিতিশীল রাখতে সরকারকে ব্যাপক হস্তক্ষেপ করতে হয়েছিল।
চীন বর্তমানে এআই প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। দেশটির শেয়ারবাজারে সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের বড় ভূমিকা থাকলেও তাঁদের অনেকেই দীর্ঘমেয়াদি সঞ্চয় বৃদ্ধির মাধ্যম হিসেবে বাজারটিকে দেখেন না। বরং উচ্চ ঝুঁকির জুয়ার ক্ষেত্র হিসেবে বিবেচনা করেন।
ইয়ারডেনি রিসার্চের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, এআই খাতের শেয়ারবাজারে তৈরি হওয়া বুদ্বুদ ফেটে গেলে শুধু বিনিয়োগকারীদের সম্পদ কমবে না, চীনের প্রযুক্তিগত মর্যাদাও ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে আবাসননির্ভর অর্থনৈতিক কাঠামোর পরিবর্তে শেয়ারবাজারনির্ভর অর্থনীতি গড়ে তোলার বেইজিংয়ের প্রচেষ্টাও দুর্বল হয়ে পড়বে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বমানের এআই মডেল তৈরি, দক্ষ প্রকৌশলী গড়ে তোলা এবং চিপ খাতে বিপুল অর্থ বিনিয়োগের সক্ষমতা চীনের রয়েছে। কিন্তু সাধারণ মানুষ যদি সাংহাইয়ের শেয়ারবাজারকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত জুয়ার ক্ষেত্র হিসেবে বিবেচনা করে, তাহলে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের আদলে শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার শি চিনপিংয়ের স্বপ্ন বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।
পুঁজিবাজারের গুরুত্ব বিবেচনায় চলতি মাসের শুরুর দিকে চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী বৈঠকে প্রধানমন্ত্রী লি ছিয়াং বছরের বাকি সময়ের জন্য পুঁজিবাজার স্থিতিশীল রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানান।
এর আগে শেয়ারের দাম বাড়াতে কোম্পানিগুলোর নিজস্ব শেয়ার পুনরায় কেনার ক্ষেত্রে শর্ত শিথিল করেছে চীনের নিয়ন্ত্রক সংস্থাগুলো। একই সঙ্গে নতুন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব এবং বড় অঙ্কের শেয়ার বিক্রির ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে। নতুন শেয়ার বাজারে আসার কারণে বিদ্যমান শেয়ারের মূল্য কমে যাওয়ার ঝুঁকি ঠেকাতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর মধ্যে চীনের এআই খাতের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত বিধিনিষেধ। এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে ঘিরে গুপ্তচরবৃত্তির অভিযোগ ও বিতর্কের পর উন্নত মার্কিন চিপ এবং কম্পিউটিং সক্ষমতায় চীনের প্রবেশাধিকার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এর জেরে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রযুক্তি খাতে আরও বিধিনিষেধ আরোপ করেছে।
অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের বিশ্লেষকেরা মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছেন, চীনে পরোক্ষভাবে চিপ সরবরাহ এবং বিদেশের কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের সুযোগ, দুই ক্ষেত্রেই নতুন নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এসব বিধিনিষেধ চীনের শীর্ষস্থানীয় এআই মডেলগুলোর প্রযুক্তিগত অগ্রগতির গতি কমিয়ে দিতে পারে। একই সঙ্গে দেশটিতে এআই প্রযুক্তির বিস্তারও বাধাগ্রস্ত হতে পারে।
সব মিলিয়ে এআই খাতকে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার চীনের পরিকল্পনা এখন একাধিক চ্যালেঞ্জের মুখে। শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, বেসরকারি খাতের বিকাশ নিশ্চিত করা এবং মার্কিন প্রযুক্তিগত বিধিনিষেধ মোকাবিলা করতে না পারলে শি চিনপিংয়ের অর্থনৈতিক পরিকল্পনা আরও কঠিন পরিস্থিতিতে পড়তে পারে বলে মনে করছে ইয়ারডেনি রিসার্চ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au