মেলবোর্নে ২১ বছরের যুবককে ছুরিকাঘাতে হত্যা, দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ
অস্ট্রেলিয়ার মেলবোর্নের কেন্দ্রস্থলে ব্যস্ত সড়কে ছুরিকাঘাতে ররি কনরয় (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ১৭ ও ১৮ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ…
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং এখানকার হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখানকার ঘটনাপ্রবাহের প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ পরিস্থিতিতে বাংলাদেশের বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় পিডব্লিউডি তাঁবুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভেন্দু অধিকারী জানান, সোমবার (২৩ নভেম্বর) জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলবেন তিনি। একই সঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের সময়সীমা বাড়ানোর বিষয়েও আলোচনা করতে চান।
শুভেন্দু বলেন, বিরোধী দলনেতা থাকার সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। তবে এখন তিনি পশ্চিমবঙ্গের প্রশাসনিক দায়িত্বে রয়েছেন। ফলে প্রতিবেশী দেশের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করতে হবে।
এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, বাংলাদেশের জন্ম কেবল ভাষার ভিত্তিতে হয়েছে—এমন ব্যাখ্যা সঠিক নয়। ভাষার চেয়ে ধর্মই মুখ্য বিষয় বলে মন্তব্য করেন তিনি। কলকাতার একাংশ বুদ্ধিজীবীর সমালোচনাও করেন এই বিজেপি নেতা।
নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ টেনে শমীক বলেন, নেতাজি জীবিত থাকলে দ্বিজাতিতত্ত্ব মেনে নিতেন না।
সীমান্ত পরিস্থিতি নিয়েও মন্তব্য করেছেন শমীক। তাঁর বক্তব্য, দুটি সীমান্ত বন্ধ করে দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়ে যাবে। তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব বা সিদ্ধান্তের কথা জানাননি তিনি।
শমীক আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতির ওপর কেন্দ্রীয় সরকার নজর রাখছে। দায়িত্বশীল সরকার হিসেবে কেন্দ্র প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সূত্র : দৈনিক বর্তমান, আনন্দবাজার
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au