বাংলাদেশ

গ্রিসে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি, অনিশ্চিত তাদের ভবিষ্যৎ

  • 3:24 pm - November 23, 2026
  • পঠিত হয়েছে:৩৫ বার
গ্রিসে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি।

উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে গ্রিসে গিয়ে আটক হয়েছেন ছয় হাজারের বেশি বাংলাদেশি। কাজের আশায় লাখ লাখ টাকা খরচ করে দেশ ছাড়লেও তাঁদের অনেকেরই কর্মসংস্থান হয়নি। উল্টো বিভিন্ন দ্বীপের অভিবাসী আটককেন্দ্রে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁদের। আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় অনেককে স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। তবে জমি বিক্রি ও ঋণ করে বিদেশে যাওয়ার খরচ জোগানো এসব মানুষের বড় দুশ্চিন্তা, দেশে ফিরলে কী নিয়ে নতুন করে জীবন শুরু করবেন।

খুলনার তেরখাদা উপজেলার মল্লিকপুরের তানভীর আহমেদ হাদী গ্রিসে যাওয়ার জন্য পরিবারের জমি বিক্রি ও বন্ধক রেখে ১৪ লাখ টাকা জোগাড় করেন। দালালের মাধ্যমে লিবিয়া থেকে বাতাসভরা রাবারের নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গত ১৭ আগস্ট গ্রিসে পৌঁছান তিনি। কিন্তু কাজের সন্ধানে দেশ ছাড়লেও সেখানে তাঁর কর্মসংস্থান হয়নি। বর্তমানে লেরোস দ্বীপের একটি আটককেন্দ্রে রয়েছেন তিনি। খাবারের খরচ চালাতে এখনো পরিবারকে মাসে প্রায় ২০ হাজার টাকা পাঠাতে হচ্ছে।

তানভীরের অভিযোগ, আটককেন্দ্রে দিনে একবার খাবার দেওয়া হলেও তা অনেক সময় খাওয়ার উপযোগী থাকে না। বাড়ি থেকে টাকা না পাঠালে তাঁকে না খেয়ে থাকতে হবে। তাঁর মতো আরও অনেক বাংলাদেশি বিপজ্জনক সমুদ্রযাত্রা শেষে গ্রিসের বিভিন্ন দ্বীপে আটকা পড়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, লেরোস, কোস, সামোস ও লেসবোস দ্বীপের আটককেন্দ্রে থাকা নয়জন বাংলাদেশির সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁদের দাবি, বিভিন্ন দ্বীপে আটকে থাকা বাংলাদেশির সংখ্যা আট হাজারের বেশি। তবে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে সমুদ্রপথে গ্রিসে পৌঁছেছেন ৬ হাজার ১৫০ জন বাংলাদেশি।

এথেন্সে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, গ্রিস সরকার ইতিমধ্যে দেশটিতে আশ্রয়ের আবেদন করা বাংলাদেশিদের মধ্যে দুই হাজার জনের আটকে থাকার বিষয়টি দূতাবাসকে জানিয়েছে। অন্যদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়া শেষ হলে গ্রিক সরকার দূতাবাসকে বিস্তারিত জানাবে। ঢাকার সরকারি একটি সূত্রও জানিয়েছে, অনিয়মিত পথে গ্রিসে গিয়ে অনেক বাংলাদেশির রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার একটি প্রতিবেদন পেয়েছে।

বেশি আয়ের আশায় বিপজ্জনক সমুদ্রযাত্রা

তানভীর আহমেদ হাদী ২০২৪ সালে এসএসসি পাস করেন। তাঁর ছোট ভাই ও বোন এখনো পড়াশোনা করছে। পড়াশোনা শেষ করেও অনেককে বেকার থাকতে দেখে তাঁর ধারণা হয়েছিল, দেশে ভালো চাকরি পেতেও বিপুল অর্থের প্রয়োজন। সেই ভাবনা থেকেই বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে যাঁর মাধ্যমে টাকা দিয়েছিলেন, তিনি ছিলেন মূল দালালের সহযোগী। মূল দালালের পরিচয়ও তাঁর জানা ছিল না।

তানভীরের যাত্রা শুরু হয় গত জানুয়ারির দিকে। প্রথমে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান তিনি। ছয় দিন পর সেখান থেকে উড়োজাহাজে মিসর এবং এক রাত পর লিবিয়ায় পৌঁছান। বেনগাজিতে দালালের লোকজন তাঁদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতেন। সেখানে খাবারের সংকট এতটাই ছিল যে কখনো একজনের খাবার পাঁচজন ভাগ করে খেতে হয়েছে।

কয়েক মাস পর একদিন গাড়িতে করে তাঁদের সমুদ্রতীরে নেওয়া হয়। গ্রিসে পৌঁছাতে সমুদ্র পাড়ি দিতে হবে, তা জানতেন তানভীর। তবে দালাল তাঁকে কাঠের নৌকায় নেওয়ার কথা বললেও তীরে গিয়ে দেখতে পান বাতাসভরা রাবারের নৌকা। ওই নৌকায় ৫৭ জনকে তোলা হয়। খারাপ আবহাওয়ার মধ্যে নৌকায় পানি ঢুকে তাঁদের সঙ্গে থাকা শুকনো খাবার নষ্ট হয়ে যায়। পান করার মতো পানিও ছিল সামান্য। নৌকা থেকে পানি সেচতে সেচতে ৪৬ ঘণ্টা পর তাঁরা গ্রিসের উপকূলে পৌঁছান।

এথেন্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গ্রিসে থাকা কিছু বাংলাদেশি দেশে স্বজনদের ভালো আয়ের কথা জানান। তাঁদের কাছ থেকে অনেকে মনে করেন, ভালো থাকতে হলে ঝুঁকি নিতে হয়। এ ছাড়া বেশি আয়ের প্রলোভনও অনেককে বিপজ্জনক পথে বিদেশ যেতে উৎসাহিত করছে।

দূতাবাসের হিসাব অনুযায়ী, গ্রিসে প্রায় ২৪ হাজার বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন। দুই দেশের সমঝোতা অনুযায়ী, প্রতিবছর সর্বোচ্চ চার হাজার বাংলাদেশির কাজ নিয়ে গ্রিসে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু প্রশাসনিক ও ভিসাসংক্রান্ত জটিলতায় এ পথে কর্মী যাচ্ছেন খুব কম। গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা সম্প্রতি অলিম্পিয়া ফোরামে জানিয়েছেন, গত দুই বছরে এই ব্যবস্থায় ৫০০ জনেরও কম বাংলাদেশি কর্মী গ্রিসে পৌঁছাতে পেরেছেন।

আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান, দেশে ফেরার প্রস্তাব

গ্রিসের উপকূলে পৌঁছানোর প্রায় দুই ঘণ্টার মধ্যে পুলিশ তানভীরসহ অন্যদের একটি আটককেন্দ্রে নিয়ে যায়। দুই দিন পর তাঁদের লেরোস দ্বীপে পাঠানো হয়। তানভীর জানান, প্রথমে তাঁকে বলা হয়েছিল, ১২ সপ্তাহ পর কাজের ব্যবস্থা করা হবে। পরে সাক্ষাৎকার নেওয়ার পর তাঁর আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানানো হয়। এখন তাঁকে স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে।

গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা প্রথম আলোকে বলেছেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে মানুষ সমুদ্রপথে গ্রিসে আসছেন। বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করায় বর্তমানে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে না।

গ্রিস ২০২১ সালে বাংলাদেশকে নিরাপদ উৎসদেশের তালিকায় অন্তর্ভুক্ত করে। চলতি বছরের ১২ জুন থেকে কার্যকর ইউরোপীয় ইউনিয়নের তালিকাতেও বাংলাদেশের নাম রয়েছে। তবে কোনো আবেদনকারী দেশে ফিরলে ব্যক্তিগতভাবে নিপীড়ন বা গুরুতর ক্ষতির ঝুঁকিতে পড়বেন কি না, তা বিবেচনার সুযোগ রয়েছে। শুধু কাজের অভাব রাজনৈতিক আশ্রয় পাওয়ার যথেষ্ট ভিত্তি নয়।

চলতি বছরের প্রথম নয় মাসে আন্তর্জাতিক সুরক্ষার জন্য বাংলাদেশিদের সাত হাজারের বেশি আবেদন জমা পড়েছে। একই সময়ে প্রথম ধাপে যেসব আবেদনের সিদ্ধান্ত হয়েছে, সেগুলোর মধ্যে সুরক্ষা পাওয়ার হার ১ শতাংশেরও কম। লিবিয়াসহ উত্তর আফ্রিকা থেকে অনিয়মিতভাবে সমুদ্রপথে আসা ব্যক্তিদের আশ্রয়ের আবেদন নিবন্ধন এক দফা স্থগিত করেছিল গ্রিস। ২০২৫ সালের ১৪ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ওই স্থগিতাদেশ কার্যকর ছিল।

দেশে ফিরবেন, কিন্তু কী নিয়ে শুরু করবেন নতুন জীবন

গ্রিসের বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশিদের অনেকেই দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না। কারণ, বিদেশে যাওয়ার খরচ জোগাতে তাঁদের কেউ জমি বিক্রি করেছেন, কেউ ঋণ নিয়েছেন, আবার কেউ পরিবারের শেষ সম্বল বন্ধক রেখেছেন।

কোস দ্বীপের একটি আটককেন্দ্রে থাকা অজিব রহমানের গ্রিসে পৌঁছাতে খরচ হয়েছে ২৬ লাখ টাকা। আরেক বাংলাদেশি শহিদুল ইসলামের খরচ হয়েছে প্রায় ১৯ লাখ টাকা। দুই মাস ধরে আটক থাকা শহিদুলের জন্য এই সময়ে পরিবারকে আরও দেড় লাখ টাকা পাঠাতে হয়েছে।

অজিব রহমান ভৈরবের সম্ভুপুর এলাকার বাসিন্দা। গত বছরের ডিসেম্বরে দুবাই ও মিসর হয়ে ভ্রমণ ভিসায় লিবিয়ায় যান তিনি। লিবিয়ায় পৌঁছানোর আগেই তাঁর বাবা মারা যান। সেখানে থাকার সময় মায়ের মৃত্যুর খবরও পান। প্রায় পাঁচ মাস পর নৌকায় গ্রিসের উদ্দেশে যাত্রা করেন। অজিবের ভাষ্য অনুযায়ী, সমুদ্রে তাঁরা পথ হারিয়ে ফেলেছিলেন। পাঁচ দিন পর ডেনমার্কের একটি জাহাজ তাঁদের উদ্ধার করে গ্রিসে নিয়ে যায়।

অজিব জানান, প্রথমে তাঁকে তিন মাস আটকে রাখার কথা বলা হয়েছিল। পরে এক বছর রাখার কথা জানানো হয়। তাঁর হিসাবে, প্রায় সাত মাস ধরে তিনি আটক রয়েছেন। দেশে তাঁর স্ত্রী ও আট মাস বয়সী একটি মেয়ে রয়েছে। গ্রিসে যাওয়ার জন্য জমি বিক্রি করেছেন। এখন আর কোনো জমি অবশিষ্ট নেই। দেশে ফিরে কীভাবে সংসার চালাবেন, সেই চিন্তায় সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি।

গ্রিসের লেরোস, সামোস, কোস ও লেসবোস দ্বীপের অভিবাসী কেন্দ্রগুলোতে প্রবেশ ও বের হওয়ার ওপর নিয়ন্ত্রণ রয়েছে। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, কাউকে তিন মাস, কাউকে ছয় মাস, আবার কাউকে এক বছর আটকে রাখার কথা জানানো হয়েছে।

দূতাবাস সূত্র জানিয়েছে, আটক বাংলাদেশিদের মধ্যে যাঁরা স্বেচ্ছায় দেশে ফিরতে চান, তাঁদের ফেরার বিষয়ে গ্রিক সরকার সহযোগিতা করবে। এ ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসও প্রয়োজনীয় সহায়তা দেবে।

এদিকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক প্রথম আলোকে বলেন, অবৈধ পথে গ্রিসসহ বিভিন্ন দেশে যাওয়াকে সরকার উৎসাহিত করে না। বিদেশে যাওয়ার আগে প্রত্যেককে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এভাবে বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইলে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়। এ পথে বিদেশে যাওয়া ব্যক্তিদের অনেকে দেশে ফিরছেন বলেও জানান তিনি।

শহিদুল ইসলামের বড় ভাই চট্টগ্রামের মোহাম্মদ খোকন জানান, লিবিয়ায় তাঁর ভাই মাঝেমধ্যে কাজ পেতেন। সেখানে খাবার ও পানির কষ্টের কথা শুনে তাঁদের মা কান্নাকাটি করতেন। ভাইকে গ্রিসে পাঠানোর জন্য খোকন সাত লাখ টাকা ঋণ নেন এবং কিছু জমিও বিক্রি করেন। এখন গ্রিসের আটককেন্দ্র থেকে শহিদুল মাকে ফোন করে কান্নাকাটি করেন। টাকার প্রয়োজন হলে বোনের কাছেও ফোন করেন।

খোকন বলেন, ‘কী করব বুঝতে পারছি না। এমন কোনো সম্পদ নাই যে দেশে এসে কিছু করবে।’

লাখ লাখ টাকা খরচ করে উন্নত জীবনের আশায় বিদেশে যাওয়া এসব বাংলাদেশির সামনে এখন বড় প্রশ্ন, দেশে ফিরে কীভাবে নতুন করে জীবন শুরু করবেন। কাজের নিশ্চয়তা না পেয়ে আটককেন্দ্রে দিন কাটানো এবং দেশে ফেরার পর জীবিকা নির্বাহের অনিশ্চয়তা তাঁদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

এই শাখার আরও খবর

মেলবোর্নে ২১ বছরের যুবককে ছুরিকাঘাতে হত্যা, দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ

অস্ট্রেলিয়ার মেলবোর্নের কেন্দ্রস্থলে ব্যস্ত সড়কে ছুরিকাঘাতে ররি কনরয় (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ১৭ ও ১৮ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে অভিযোগ…

নেত্রকোণায় এক ঘুষিতেই প্রাণ গেল জুলাই যোদ্ধার

নেত্রকোণার মদনে সিএনজির টোল আদায়কে কেন্দ্র করে বিরোধ মেটাতে গিয়ে টোল আদায়কারীর ঘুষিতে প্রাণ হারিয়েছেন ৮৬ বছর বয়সী এক জুলাই যোদ্ধা। দুই পক্ষের কথা-কাটাকাটি ও…

এইচএসসির পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজার ৩৪৯ পরীক্ষার্থীর

এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। এতে…

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি। নানা ছাড়…

আদালত অবমাননা: ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন ট্রাইব্যুনাল। ভবিষ্যতে বিচারপ্রক্রিয়া নিয়ে এ ধরনের…

৪০ হাজার বছর পরও মহাকাশে ছুটবে ভয়েজার-১

পৃথিবী থেকে এক আলোকদিনের দূরত্ব অতিক্রম করেছে নাসার মহাকাশযান ভয়েজার-১। ৩০ থেকে ৪০ হাজার বছর পরও মহাকাশে সচল না থাকলেও ছুটে চলবে মানুষের তৈরি এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au