ছবি: সংগৃহীত
মেলবোর্ন ৮ জুলাই
অবশেষে বাংলাদেশ-পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজের উত্তেজনার সূচনা হলো স্কোয়াড ঘোষণার মধ্য দিয়ে। শক্তিশালী দল নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে পাকিস্তান। টি–টোয়েন্টি ফরম্যাটে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে সাজানো এই দলটির নেতৃত্বে আছেন সালমান আলি আগা। তবে দলে নেই বাবর আজমের মত তারকা। এবার ঘরের মাঠে লিটন দাস, তাওহীদ হৃদয়দের সামনে প্রতিপক্ষ হিসেবে দাঁড়াবে এক ঝাঁক তরুণ পাকিস্তানি তারকা।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান দল তাদের তারকাদের বিশ্রামে রাখলেও বাংলাদেশের বিপক্ষে সিরিজকে তারা দেখছে অত্যন্ত গুরুত্বের চোখে। কারণ স্মৃতি এখনও তরতাজা। শেষবার পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সেই লজ্জার হারের বদলা নেয়ার মোক্ষম মঞ্চ এখন তৈরি হয়ে গেছে, এবার বাংলাদেশের মাটিতে হবে লড়াই।
এই সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের পাকিস্তান স্কোয়াডে জায়গা পেয়েছেন বেশ কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটার। স্পিন বিভাগে আছেন আবরার আহমেদ, যিনি আগেই নিজের কার্যকর বোলিং দিয়ে নজর কাড়েছেন। পেস ইউনিটে রাখা হয়েছে মোহাম্মদ আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও সুফিয়ান মুকিমকে। দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ এবং হার্ড হিটার ব্যাটার ফখর জামান, খুশদিল শাহ।
উইকেটের পেছনে থাকছেন মোহাম্মদ হারিস ও সাহেবজাদা ফারহান, যারা দুজনেই ফর্মে থাকা নির্ভরযোগ্য ব্যাটারও বটে। তাছাড়া ব্যাটিং ইউনিটে সাইম আয়ুব ও হাসান নেওয়াজের মতো তরুণ ব্যাটাররা আছেন, যারা বিগ হিটিংয়ের জন্য ইতিমধ্যে পরিচিতি পেয়েছেন। তবে স্কোয়াডে নেই নাসিম শাহ কিংবা শাদাব খানের মতো সিনিয়ররা, যেটা কিছুটা চমকই বলতে হবে।
বাংলাদেশ শ্রীলঙ্কা সফর শেষ করে ফিরেই মুখোমুখি হবে শক্তিশালী পাকিস্তান দলের। তিন ম্যাচের এই হাইভোল্টেজ টি২০ সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তারিখ ঠিক করা হয়েছে ২০, ২২ ও ২৪ জুলাই। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়, স্টেডিয়ামের গ্যালারিতে থাকবে দর্শকদের ঢল, আর টিভি পর্দায় চোখ রাখবে লাখো ভক্ত।
এই সিরিজ শুধু দুই দলের দ্বিপাক্ষিক প্রতিদ্বন্দ্বিতারই প্রতিফলন নয়, বরং এটি হয়ে উঠবে ক্রিকেটপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। ঘরের মাঠে এবার সময় বাংলাদেশের সামনে প্রমাণ করার আগের সেই হারের বদলা সময় এসেছে। মাঠে এবার দেখা যাবে নতুন অধ্যায়ের সূচনা। বাংলাদেশ ও পাকিস্তানের এই লড়াইটা যে আগুনে উত্তাপ ছড়াবে, তা আর বলার অপেক্ষা রাখে না।