স্থানীয় কর্তৃপক্ষ আগ্রহী পর্বতারোহীদের জন্য সতর্কবার্তা দিয়েছে। ছবিঃ নাইন নিউজ
মেলবোর্ন, ১০ আগষ্ট- অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সানশাইন কোস্টে এক তরুণীকে পাহাড় থেকে পড়ে যাওয়ার পর অন্ধকারে ছয় ঘণ্টার নাটকীয় উদ্ধার অভিযান চালিয়ে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গ্লাস হাউস মাউন্টেনস এলাকার মাউন্ট টিব্রোগারগানের খাড়া পাহাড়ি ঢাল বেয়ে প্রায় ১০ মিটার নিচে পড়ে যান তিনি।
উদ্ধার অভিযানে ড্রোনের ফ্লাডলাইট ব্যবহার করে পুরো এলাকা আলোকিত করা হয়, আর উদ্ধারকর্মীরা দড়ি বেয়ে নেমে ওই তরুণীর কাছে পৌঁছান। মোট চারটি পৃথক অ্যাবসেইল স্টেশন স্থাপন করে ধাপে ধাপে তাকে নিরাপদে নিচে নামানো হয়। পুরো প্রক্রিয়াটি শেষ হতে সময় লাগে প্রায় ছয় ঘণ্টা।
ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে, যেখানে ধৈর্যশীল ও সতর্ক উদ্ধারকাজের দৃশ্য ধরা পড়েছে। ওই তরুণীর হাতে ও পেটে হালকা আঘাত লেগেছে, তবে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি।
এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ আগ্রহী পর্বতারোহীদের জন্য সতর্কবার্তা দিয়েছে। উদ্ধারকারী দলের সদস্য ওয়াকার বলেন, “অবশ্যই পাহাড়ে ঘুরতে যান এবং উপভোগ করুন, কিন্তু আপনার সামর্থ্য ও সঠিক সরঞ্জাম সঙ্গে রাখুন—এটা নিশ্চিত করুন।”
সুত্রঃ নাইন নিউজ