অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। ছবিঃ রয়টার্স
মেলবোর্ন, ২৫ আগষ্ট- ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ঘিরে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলার সময় অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। রোববার (২৪ আগস্ট) সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনসহ অন্তত ৪০টির বেশি শহর ও নগরে একইসঙ্গে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ফিলিস্তিনপন্থি অধিকার সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ জানায়, দেশজুড়ে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। তাদের দাবি, শুধু ব্রিসবেনেই অন্তত ৫০ হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। তবে স্থানীয় পুলিশের হিসাব অনুযায়ী, ব্রিসবেনে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ১০ হাজার। সিডনি ও মেলবোর্ন পুলিশ বিক্ষোভকারীদের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সংখ্যা প্রকাশ করেনি।
বিক্ষোভে অংশ নেওয়া লোকজন ফিলিস্তিনি পতাকা হাতে “ফ্রি, ফ্রি প্যালেস্টাইন” স্লোগান দেন। সিডনিতে আয়োজক জশ লিস বলেন, “গাজায় গণহত্যা বন্ধ করতে হবে এবং আমাদের সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে হবে। অস্ট্রেলিয়ানরা তাই আজ রাস্তায় নেমেছেন।”
অন্যদিকে, অস্ট্রেলিয়ার ইহুদিদের সংগঠন এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরি-র সহ-প্রধান নির্বাহী অ্যালেক্স রিভচিন একে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তিনি স্কাই নিউজকে জানান, এ ধরনের বিক্ষোভ ইহুদিদের জন্য “অনিরাপদ পরিবেশ” তৈরি করছে এবং সেগুলো হওয়া উচিত নয়।
এমন এক সময় এই বিক্ষোভ হলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে আক্রমণ করেছেন। অস্ট্রেলিয়ার লেবার সরকার গত ১১ আগস্ট শর্তসাপেক্ষে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এর প্রতিবাদে নেতানিয়াহু আলবানিজকে ব্যক্তিগতভাবে সমালোচনা করেন।
এর আগে ফ্রান্স, ব্রিটেন ও কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। ঘোষণার কিছুদিন আগে হাজার হাজার মানুষ সিডনির হারবার ব্রিজের ওপর দিয়ে মিছিল করেছিলেন গাজায় শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সহায়তা পাঠানোর দাবিতে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, প্রায় দুই বছর আগে হামাসের আক্রমণের জেরে শুরু হওয়া ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত গাজায় ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সতর্ক করে বলছে, ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ভয়াবহ খাদ্য সংকট তৈরি হয়েছে, যা দ্রুত দুর্ভিক্ষে রূপ নিতে পারে।
সূত্র: রয়টার্স