লিড নিউজ

শুধু কয়েকটি দলকে সন্তুষ্ট রেখে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করছে ঐকমত্য কমিশন

  • 7:04 pm - September 28, 2025
  • পঠিত হয়েছে:৯৯ বার
ঐকমত্য কমিশনের বৈঠক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ সেপ্টেম্বর- বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ শুধু কয়েকটি রাজনৈতিক দলগুলোকে সন্তুষ্ট রেখে জুলাই সনদ বাস্তবায়নের পথ বের করার ষড়যন্ত্র করছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলকে উপেক্ষা করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞ প্যানেল সনদ বাস্তবায়নের জন্য দুটি ‘প্যাকেজ প্রস্তাব’-এর পরামর্শ দিয়েছে। এর মধ্যে বিএনপি ও সমমনা দলগুলোর প্রস্তাবে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের অভিমত গ্রহণের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।
অন্যদিকে, ভোটের আগে সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতসহ সাত দলের চাওয়া অনুযায়ী, সাংবিধানিক আদেশ জারি করে নির্বাচনের আগেই সংবিধান সংস্কারের প্রস্তাবও রাখা হয়েছে।
এনসিপি, গণতন্ত্র মঞ্চ ও কয়েকটি বাম দলের প্রস্তাবিত গণপরিষদ বা সংবিধান সভার ধারণাও আলোচনায় আছে।

শুক্রবার রাতে বিশেষজ্ঞ প্যানেল ও ঐকমত্য কমিশনের ভার্চুয়াল বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা সূত্র জানায়, বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক মতবিরোধে আটকে থাকা জুলাই সনদ বাস্তবায়নে দুটি ‘প্যাকেজ প্রস্তাব’ এগিয়ে এসেছে।

বৈঠকে অংশ নেওয়া একজন বিশেষজ্ঞ বলেন, প্রথম প্যাকেজে সংবিধান আদেশ, ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী অভিমত গ্রহণ ও গণভোটের পরামর্শ থাকবে। সংবিধান আদেশে গণভোটের বিধান রাখা হবে, এবং আদেশ জারির পর রাষ্ট্রপতির রেফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া হবে। বিশেষজ্ঞের ভাষায়, “এটি বিএনপি ও জামায়াত—দুই দলের জন্যই উইন–উইন পরিস্থিতি।”

সভা সূত্র অনুযায়ী, দ্বিতীয় প্যাকেজে সংসদ নির্বাচনের সঙ্গে গণপরিষদ বা সংবিধান সংস্কার সভা গঠনের প্রস্তাব রয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, আগামী সংসদ নির্বাচনেই গঠিত হবে গণপরিষদ। নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে এবং অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই সনদ গৃহীত হলে গণপরিষদ স্বয়ংক্রিয়ভাবে পাঁচ বছর মেয়াদি সংসদে রূপান্তরিত হবে।

কমিশন সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেন, “রাজনৈতিক দলগুলোর মতামতে সনদের যেসব বাস্তবায়ন পদ্ধতি এসেছে, সেগুলো আলোচনা করা হয়েছে। আগামী মাসের শুরুতে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে ঠিক হবে কোন পদ্ধতি সরকারকে সুপারিশ করা হবে।”

বৈঠকে বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূঁইয়া, ব্যারিস্টার তানিম হোসেইন শাওন ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক।

কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও যুক্ত ছিলেন।

দলগুলোর অনমনীয় অবস্থান
আগামী ৫ অক্টোবর কমিশন আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে পারে। এর আগে বিশেষজ্ঞ প্যানেল পরামর্শ দিয়েছিল, সনদে যেসব সংবিধান সংস্কারের সিদ্ধান্ত আছে, সেগুলো জুলাই ঘোষণাপত্রের ২২ ধারা অনুযায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে।

এই আদেশে জুলাই সনদের মৌলিক সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত থাকবে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। সংবিধান আদেশের সঙ্গে গণভোট আয়োজনের প্রস্তাবও রাখা হয়েছিল।

তবে জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি না থাকায় বিএনপি সংবিধান আদেশের বিপক্ষে অবস্থান নেয়। দলটি চায় আপিল বিভাগের মতামত নেওয়া হোক এবং সাংবিধানিক সংস্কার সংসদে অনুমোদনের পর গণভোটে তোলা হোক। এই অবস্থানকে সমর্থন করছে ১২ দলীয় জোট, ১১ দল, এনডিএম, এলডিপি, লেবার পার্টি ও আরও কয়েকটি রাজনৈতিক দল।

অন্যদিকে, জামায়াতসহ সাত দল ভোটের আগে সাংবিধানিক আদেশের মাধ্যমে সংস্কার কার্যকর ও গণভোটে অনুমোদনের পক্ষে। এনসিপি চায় গণপরিষদের মাধ্যমে সংস্কার, আর বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চও সংবিধান সভা চায়।

কমিশন সূত্র জানায়, যদিও আনুষ্ঠানিক সংলাপ ১১ সেপ্টেম্বর শেষ হয়েছে, তবে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন দলের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক এখনো চলছে। দলগুলো নিজ নিজ অবস্থানে অনড়।
দুই পক্ষকে সন্তুষ্ট রাখতে নতুন কৌশল

একজন কর্মকর্তা জানান, দলগুলোর অনমনীয় মনোভাবের কারণে কমিশন সরকারকে একাধিক ‘প্যাকেজ প্রস্তাব’ দেবে। এতে রাজনৈতিক দলগুলোর মতামতের কাছাকাছি পদ্ধতি খোঁজা হচ্ছে। কমিশন মনে করে, যদি “কমন গ্রাউন্ড” তৈরি করা যায়, তবে দলগুলো রাজি হতে পারে।

সংবিধান আদেশ জারি বা সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ—চূড়ান্ত সিদ্ধান্ত সরকার নেবে, কমিশন শুধু সুপারিশ দেবে।
বিশেষজ্ঞ প্যানেল আগে ১০৬ অনুচ্ছেদে মতামত গ্রহণের প্রস্তাব বাতিল করলেও বিএনপির অনুরোধে তা আবার আলোচনায় এসেছে। শুক্রবার রাতের বৈঠকেও এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

বিশেষজ্ঞদের মত

একজন বিশেষজ্ঞ বলেন, “রাজনৈতিক সমঝোতার জন্যই পরামর্শে পরিবর্তন আনা হয়েছে। যদিও সংবিধান আদেশ ও গণভোট ছিল বাস্তবায়নের সহজ পথ। কিন্তু বিএনপির মতো বড় দলের মত উপেক্ষা করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “সনদ বাস্তবায়নের প্রথম প্যাকেজে থাকবে সংবিধান আদেশ, সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ ও গণভোট। বিকল্প হিসেবে থাকবে সংবিধান সংস্কার সভা বা গণপরিষদ। নির্বাচিত এমপিরা শুরুতে সাংবিধানিক সংস্কার সম্পন্ন করে পরে সংসদে রূপান্তর করবেন।”

বিশেষজ্ঞরা বলছেন, এনসিপি ও গণতন্ত্র মঞ্চের যুক্তি বিবেচনায় আগামী সংসদকে অস্থায়ীভাবে গণপরিষদ বা সংবিধান সভা হিসেবে বিবেচনা করা হতে পারে। এতে ভবিষ্যতে আদালতে এসব সংস্কার চ্যালেঞ্জ করা কঠিন হবে, কারণ গণপরিষদের ‘কনস্টিটুয়েন্ট পাওয়ার’ রয়েছে, যা সংসদের নেই।

তবে কমিশনের ভেতরেও সন্দেহ আছে—দলগুলো এসব প্রস্তাব গ্রহণ করবে কিনা। একজন সদস্য বলেন, “যদি কোনো পক্ষ রাজি না হয়, তাহলে শুধু নির্বাচনের অনিশ্চয়তা নয়, নৈরাজ্য তৈরি হতে পারে। এই বার্তা দলগুলোকে দেওয়া হবে।”
বৈঠক শেষে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে সরকারকে একাধিক প্রস্তাব দেওয়া হবে। আলোচনায় গণপরিষদ গঠন, সংবিধান আদেশ জারি এবং ১০৬ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ—সব দিক নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে।

সুত্রঃ দৈনিক সমকাল

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au