বাংলাদেশ

বাংলাদেশের দুই আসনে উপনির্বাচন আজ

  • 12:26 pm - April 09, 2026
  • পঠিত হয়েছে:১২১ বার
নির্বাচন কমিশন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ এপ্রিল- ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশন জানিয়েছে, দুই আসনের ভোট গ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বুধবার নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে এবং পরিস্থিতি সন্তোষজনক। জাতীয় পর্যায়ের নির্বাচনে যে মানদণ্ড প্রতিষ্ঠিত হয়েছে, তা বজায় রাখতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং একই দিনে গণভোটও অনুষ্ঠিত হয়। তবে তপশিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। অন্যদিকে বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-২ আসনে নির্বাচিত হন। পরবর্তীতে আইন অনুযায়ী তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয়। এরপর একই দিনে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের জন্য নতুন করে তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গণভোটে ‘হ্যাঁ’ ভোট আগেই জয়ী হওয়ায় এই দুই আসনে আলাদাভাবে আর গণভোট অনুষ্ঠিত হচ্ছে না।

শেরপুর-৩ আসনের নির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ (মার্কসবাদী) দলের মিজানুর রহমান। এই আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে মোট চার লাখ ৯ হাজার ৮০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ভোটকেন্দ্রে সাধারণ ও গুরুত্বপূর্ণ বিবেচনায় ১৮ থেকে ২০ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ৩৬ জন নির্বাহী ও বিচারিক হাকিম দায়িত্ব পালন করছেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১৮ জন পর্যবেক্ষক মাঠে রয়েছেন।

অন্যদিকে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর আবিদুর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল-আমিন তালুকদার এবং স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম। এই আসনে ১৫০টি ভোটকেন্দ্র ও ৮৩৫টি ভোটকক্ষে মোট চার লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর ২৫০ সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশের ৮ প্লাটুন, র‌্যাবের ১০টি দল, পুলিশের এক হাজার ৩২৭ সদস্য এবং আনসার ও ভিডিপির এক হাজার ৯৯০ সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে দুই আসনের নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমেও ভোটগ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বগুড়া-৬ আসন ও শেরপুর-৩ আসনে মোট সাত হাজার ৩০৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে বগুড়া-৬ আসনে প্রবাসী এক হাজার ২৮১ জন এবং দেশের অভ্যন্তরে দুই হাজার ৪৫৫ জন ভোটারকে ব্যালট পাঠানো হয়েছে। শেরপুর-৩ আসনে প্রবাসী ৩৮৩ জন এবং দেশের ভেতরে তিন হাজার ১৯০ জন ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। এরই মধ্যে বগুড়া-৬ আসনে তিনজন প্রবাসী ভোটার ও ৬১৬ জন দেশের ভেতরের ভোটার তাদের ব্যালট পাঠিয়েছেন। শেরপুর-৩ আসনে প্রবাসী একজন এবং দেশের অভ্যন্তরের এক হাজার ২৪৫ জন ভোটারের ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে।

নির্বাচন কমিশন আশা করছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au