অন্যান্য

বনলতা সরকারের লেখায়

“নিখুঁত সময়ের দেশে এক বেরসিক ট্রেনে”

  • 9:15 pm - May 17, 2026
  • পঠিত হয়েছে:১৮৮ বার

মেলবোর্ন, ১৭ মে: “আর অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি এক নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে।”
না অল্প কিছুক্ষণের মধ্যে নয় বরং দুই মিনিট এর মধ্যে ১ নম্বর প্ল্যাটফর্মে এসে  দাঁড়াবে বেলগ্রেভ ট্রেনটি। উদ্দেশ্য মেলবোর্ন সিটি।

ঘড়ির কাঁটা এগুতে এগুতে যখন দুই মিনিট পূর্ণ হলো মনিটরে ভেসে উঠলো এখন (Now).

ট্রেন এসে দাঁড়ালো ১ নম্বর প্ল্যাটফর্মে। সময়ের এই নিখুঁত ব্যবহার আমার কান, চোখ আর মস্তিষ্ক কিছুতেই মেনে নিতে পারছিলো না। মেলবোর্নে আসার পর প্রথম দিন ট্রেন স্টেশনে কেবল পাবলিক ট্রান্সপোর্ট কার্ড নেওয়া আর আশেপাশের দোকান গুলোতে টুকটাক ঘোরা হয়েছিলো। এরপর দুই দিন বাসাতেই কেটেছিলো। পরেরদিন বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম পাহাড়ে। সেই মেলবোর্নের পাহাড়ে এক নীল ভূতের গল্প। সেই গল্প না হয় পরে শোনাবো। তুলে রাখলাম পরের কোন এক পাতার জন্য।

আপাতত চলুন মেলবোর্নের ট্রেনে একটু ভ্রমণ করে আসি।

*******************************************************

বাংলাদেশে ট্রেন আসার এনাউন্সমেন্টে সারাজীবন পুরো বাক্যজুড়ে একটাই সংখ্যা শুনে আমার কান অভ্যস্ত। সেটা হলো প্ল্যাটফর্মের নম্বর।কিন্তু ওই অল্পকিছুক্ষণ শব্দটি যখন একটা নির্দিষ্ট সংখ্যার দ্বারা প্রতিস্থাপিত হয়, যেমন ধরুন দুই মিনিট বা তিন মিনিট পরে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়াবে, তখন আমার কান সত্যিই একটা ধাক্কা খেয়েছিলো। তবে সেই ধাক্কা সামলে নিলেও কোনরকম ধাক্কাধাক্কির ঝামেলা ছাড়াই ট্রেনে উঠে যাওয়াটাও একটা ধাক্কাই ছিলো বটে আমার জন্য।

যাই হোক, জানালার পাশের একটা সিটে বসে পড়লাম। নতুন দেশে প্রথম ট্রেন ভ্রমণ। আমার উৎসুক মন আনন্দে নাচলেও ট্রেনের সেই চিরচেনা ঝকঝক শব্দটি ছিলো না। যে শব্দে ডুবে অতীতে কত ছন্দ লিখেছি আমি। বেরসিক ট্রেনটিতে ছিলো না কোন দোল দুলুনি যে দুলুনিতে দোল খেতে খেতে ক্লান্ত  শরীর নিজেকে আরও এলিয়ে দিতো ট্রেনের সিটে।

যে দুলুনিতে চোখের পাতা ভারি হয়ে আসতো তন্দ্রায়। তারপর হঠাৎই আচমকা জেগে উঠতো হাততালির শব্দে ১০ টাকার দরকষাকষি নিয়ে অথবা শশা-শশা, বাদাম-বাদাম, ঝালমুড়ি, ব্যথার মলম, পাপড় ভাজা, চিপস, চকলেট, খেলনা বা বই বই বলে ডাকাডাকিতে। না কেউ এলো না, একটা জলের বোতলও কেউ বিক্রি করতে এলো না। কেউ গান গেয়ে গেয়ে পুরো ট্রেন ঘুরে বেড়ালো না দুটো পয়সার জন্য।

একটা বেলী ফুলের মালার গন্ধটুকুও পেলাম না। কতশত কাব্য রচনা করেছি ট্রেনে বসে বাংলার অপরূপ রূপ দেখে। তাকিয়ে রইলাম যতদূর চোখ যায়।

কেবল সারি সারি সাজানো গোছানো ঘরবাড়ি, পরিচ্ছন্ন পরিকল্পিত রাস্তা, রাস্তার পাশে সারি সারি গাছ, রঙ বেরঙের ফুল, অসংখ্য প্রাইভেট কার। সুন্দর!সত্যিই সুন্দর!

এদেশের সৌন্দর্য নিয়ে কোন প্রশ্ন নেই। চলতে চলতে এখানেও খোলা মাঠ চোখে পড়লো, শুধু চোখে পড়লো না সেই মাঠে মাথল মাথায় কোন চাষি। চোখে পড়লো না সেই মাঠে কোন কৃষাণী মাথায় করে খাবার নিয়ে হাতে জল ভর্তি জগ নিয়ে হেঁটে যাচ্ছে। উদ্দ্যেশ্য তার রোদে পোড়া ঘরের মানুষটির মুখে খাবারটি তুলে দেওয়া। অনেক পাখিই চোখে পড়লো, কেবল চোখে পড়লোনা মাছের আশায় ওঁত পেতে থাকা সাদা সাদা বক গুলো। ছোটছোট ছেলেমেদের কাওকে পেলাম না ট্রেন আসা দেখতে রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে চিৎকার করতে। নদীতে নৌকা পেলাম না। কোথাও কোন মাছধরার দৃশ্য নেই। তবুও ট্রেন ছুটে চলেছে, আমরাও ছুটছি, এদেশের মানুষরাও ছুটছে, সবাই শুধু ছোটে এখানে।

*********************************************

আমাদের দেশেও ছোটে কিন্তু সেই ছুটে চলায় অনেক অঘোষিত বিশ্রাম থাকে, চোখের বিশ্রাম থাকে, মনের বিশ্রাম থাকে। সেখানে নানান রকম অনাকাঙ্ক্ষিত ঘটনাও যেমন ঘটে তেমনি বাঙালির চলতি পথে বিনোদনেরও কমতি থাকে না। পাশের সিটের অপরিচিত মানুষটির সাথেও মাত্র কয়েক মিনিটের আলাপেই এতো হাসাহাসি আর গল্পগুজব শুরু হয়ে যায় যে দেখে বোঝার উপায় থাকে না, তাদের বন্ধুত্বতো বহু পরে পরিচয় হয়েছে মাত্র মিনিট পাঁচ দশেক আগে। সেই গল্পের বিষয়বস্তু পরিবার পরিজন, খেলাধুলা, বিনোদন থেকে শুরু করে এমনকি  দেশীয় রাজনীতি ছাড়িয়ে আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি পার করে মহাকাশে পর্যন্ত পাড়ি জমায়। তারপর যেকোন একজনের গন্তব্যে ট্রেন পৌঁছে গেলে সেখানেই এক  ক্ষণিক বন্ধুত্ত্বের গল্পের ইতি ঘটে যায়।

আজকাল অবশ্য তার ব্যতিক্রমও ঘটে বটে। বন্ধুত্ত্ব একটু গভীর হলে ফোন নাম্বার না হলেও সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়ে যায় একজন আরেকজনের সঙ্গে-অসমাপ্ত আলোচনার পরবর্তী অনুচ্ছেদে আমন্ত্রণ জানিয়ে। তারপর দেখবেন তিন ধরনের ঘটনার যেকোন একটি ঘটবে, সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকলেও হয় দুই একবার হাই হ্যালো ছাড়া তাদের আর কখনোই কথা হবে না, অথবা কথা হতে হতে হঠাৎ কোন মতের অমিল নিয়ে দুজন দুজনকে নিয়ে ফেসবুকে বিশাল বিশাল কলাম রচনা করবে অথবা বন্ধুত্ত্ব এমন গভীরে পৌঁছাবে যে তাদের দুই পরিবারের কোন না কোন সদস্যদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে তারা আত্মীয় হয়ে উঠবে। এমন অদ্ভুত সুন্দর ঘটনা পৃথিবীর যে দেশে ঘটে সেটিই আমার বাংলাদেশ। অথচ এই বিদেশে অপরিচিত মানুষদের থেকে শুধু মৃদু হেসে হাই, হ্যালো অথবা গুড মর্নিং পাবেন। যারা নিজের থেকে এসে অনেক গল্প করতে চাইবে দেখবেন হয় তারা নেশার ঘোরে নিজের মধ্যে নেই, অথবা বিভৎস রকমের নিঃসঙ্গতায় ভুগছে।

মেলবোর্নে প্রথমবার ট্রেনে বসে নানান নতুনত্ত্বের ভালোলাগা আর মেয়ে ও কাছের মানুষটি পাশে বসে থাকলেও মনের মধ্যে যে বাংলাদেশীয় ট্রেন ভ্রমণের নিসঃঙ্গতা কাজ করছিলো সেই নিঃসঙ্গতা এই দুটো নিয়েই ট্রেন থেকে নেমে গেলাম স্বপ্নের মেলবোর্ন সিটিতে। কত পরিশ্রম, কত পাওয়া না পাওয়ার হিসেব মেলাতে কত মায়া কাটিয়ে আসা হয়েছে যে শহর ছুঁতে সেই মেলবোর্ন শহরে পা পড়লো। এক পা দু পা করে এগুতে থাকলাম এক অজানা অদেখা গন্তব্যের দিকে।  ঠিক তখনই টের পেলাম আসলে আসতে আসতে ওই বেরসিক ট্রেনটিই ততক্ষনে আমাকে প্রস্তুত করেছে এই ইট- পাথরের যান্ত্রিক শহরে আবেগগুলোকে সরিয়ে রেখে কিভাবে দুলতে নয়, সামনে এগুতেও নয় বরং ছুটে চলতে হয় তার জন্য।

এই শহরেরও রঙ আছে তবে সে রঙ এর নামগুলো আমার পরিচিত রঙ এর তালিকায় নেই। খুঁজে বের করতে হবে সেই রংগুলো। তাই ছুটতে থাকলাম এক অন্যরকম রঙের পৃথিবীতে আমার রসিক বাঙালি মনকে বেরসিক পর্দায় মুড়ে নতুন রসিক রঙ খুঁজতে এই নিখুঁত সময়ের দেশে।”

বনলতা সরকার

মেলবোর্ন

এই শাখার আরও খবর

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন, চলছে চূড়ান্ত প্রস্তুতি

মেলবোর্ন, ৩ জুলাই- প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় আন্তদেশীয় ট্রেন চলাচল শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পশ্চিমবঙ্গের…

এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

মেলবোর্ন, ৩ জুলাই- ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি…

বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম আর নেই, শিল্পাঙ্গনে শোক

মেলবোর্ন, ৩ জুলাই- দেশের বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম আর নেই। দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ৩টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন…

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত

মেলবোর্ন, ৩ জুলাই- চীন যেকোনো দেশে বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধী। যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে…

তালা ভেঙে আ. লীগ নেতার বাড়ি থেকে স্বর্ণালংকারসহ মালামাল চুরি

মেলবোর্ন, ২ জুলাই- নাটোর শহরের কানাইখালি মহল্লায় আওয়ামী লীগের নাটোর জেলা সভাপতি সিরাজুল ইসলামের দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির একাধিক…

চট্টগ্রামে প্রকাশ্যে গুলিতে আহত আওয়ামী লীগের কর্মী, একজন আটক

মেলবোর্ন, ৩ জুলাই- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এনায়েত আলী (৫৫) নামের আওয়ামী লীগের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত প্রায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au