টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন-ভাঙচুর, সড়ক অবরোধ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়সহ ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে শুরু হওয়া এসব…
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীতে একটি ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় ফার্মেসির কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন ফার্মেসির ব্যবস্থাপক।
রাজধানীর মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘কিলার পাপ্পু’র নাম ব্যবহার করে চাঁদা দাবি করার পর তা না পেয়ে একটি ফার্মেসিতে গুলি চালানোর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে মোহাম্মদপুরের বাবর রোডে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা যায়, বাবর রোডে অবস্থিত অনুরাগ রেস্তোরাঁ ও ফার্মেসির মালিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন নেতা হিসেবে পরিচিত।
সম্প্রতি ফার্মেসির ব্যবস্থাপক রাসেল তালুকদারের কাছে ফোন করে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘কিলার পাপ্পু’র নাম ব্যবহার করে চাঁদা দাবি করা হয়। তবে দাবি করা চাঁদা না দেওয়ায় ফার্মেসিটি লক্ষ্য করে গুলি চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মামলার বাদী ও ফার্মেসির ব্যবস্থাপক রাসেল তালুকদার জানান, শুক্রবার রাত ১১টার দিকে তিনি ফার্মেসির ক্যাশে থাকা টাকা হিসাব করছিলেন। এ সময় হঠাৎ দুটি গুলি এসে ফার্মেসির কাচ ভেঙে ডেস্কের ওপর পড়ে। এ ছাড়া বাইরে থেকে আরও একটি গুলি ছোড়া হয়। এতে ফার্মেসির কাচ ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে থাকা কেউ আহত হননি।
ঘটনার পরপরই গুলি চালানো ব্যক্তিরা মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে থাকা কয়েকজন তাঁদের আটকানোর চেষ্টা করেন। তবে দুর্বৃত্তদের হাতে ধারালো অস্ত্র থাকায় নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় পরে আর কেউ এগিয়ে যাননি।
এ ঘটনায় শনিবার (১৪ নভেম্বর) মোহাম্মদপুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন রাসেল তালুকদার।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ফার্মেসি লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। তবে চাঁদা দাবির সঙ্গে গুলির ঘটনার সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au