বাংলাদেশ

শ্রমিকরা কাজে যোগ না দিলে রোববার থেকে কারখানা বন্ধ রাখবেন মালিকরা: বিজিএমইএ

শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা, শনিবার উৎপাদন বন্ধ ছিল ১৪৭ কারখানায়, ক্ষতিগ্রস্ত হতে পারেন প্রায় তিন লাখ শ্রমিক

  • 12:01 am - November 15, 2026
  • পঠিত হয়েছে:৫৫ বার
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবিঃ সংগৃহীত

শ্রমিক অসন্তোষ ও উৎপাদন কার্যক্রমে বিঘ্ন অব্যাহত থাকলে রোববার (১৫ নভেম্বর) থেকে সংশ্লিষ্ট কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বাধ্য হবেন মালিকরা। শ্রমিকেরা কাজে যোগ না দিলে কিংবা অন্য শ্রমিকদের কাজে বাধা দিলে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। এর আগে চলমান শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য কারখানার মালিকদের জরুরি যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ কারখানার মালিক অংশ নেন।

সংবাদ সম্মেলনে মাহমুদ হাসান খান বাবু বলেন, দেশের অর্থনীতি ও রপ্তানি আয়ের অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাত। কিন্তু সাম্প্রতিক সময়ে নিম্নতম মজুরি ইস্যুকে কেন্দ্র করে একটি মহল এ শিল্পে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে তাঁরা উদ্বিগ্ন। এর ফলে বিশেষ করে আশুলিয়া, সাভার ও গাজীপুরের কিছু শিল্পপ্রতিষ্ঠানে গত সাত থেকে ১২ দিন ধরে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাতটি বড় ধরনের সংকটে পড়তে পারে। অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিতে আগ্রহী এবং শান্তিপূর্ণ পরিবেশে কাজ চালিয়ে যেতে চান। কিন্তু কিছু শ্রমিক বাইরের বিভিন্ন মহলের উসকানি ও প্ররোচনায় কারখানার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে মালিকপক্ষের অভিযোগ।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, কিছু শ্রমিক নিজেরা কাজ করছেন না, পাশাপাশি অন্যদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। কারখানার ভেতরে ভীতিকর ও অরাজক পরিস্থিতি তৈরি হওয়ায় অনেক শ্রমিক কাজ বন্ধ করে পাঞ্চ করে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছেন। পরে তাঁদের একটি অংশ দলবদ্ধভাবে অন্য কারখানার প্রধান ফটকে গিয়ে ইট-পাটকেলসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করছেন এবং সেখানকার শ্রমিকদেরও জোর করে বাইরে বের করে আনছেন বলে অভিযোগ করেন তিনি।

এ ধরনের ঘটনার কারণে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে বলে জানান মাহমুদ হাসান খান বাবু। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার বিজিএমইএর সদস্যভুক্ত ১৪৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। এর মধ্যে ৫৫টি কারখানা ইতোমধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকি কারখানাগুলোতেও শ্রমিক অসন্তোষ ও কাজে অনুপস্থিতির কারণে উৎপাদন ব্যাহত হয়েছে।

তিনি বলেন, শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের কারণে সাভার ও গাজীপুর অঞ্চলের কারখানার মালিকেরা উৎপাদন কার্যক্রম সচল রাখতে পারছেন না। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কারখানাগুলোর মালিকেরা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন বলে বিজিএমইএকে জানিয়েছেন।

রোববার থেকে ঠিক কতটি কারখানা বন্ধ থাকবে, তা নির্দিষ্ট করে জানাননি বিজিএমইএ সভাপতি। তাঁর ভাষ্য, প্রতিদিন একই কারখানায় শ্রম অসন্তোষ দেখা দেয় না। ফলে বন্ধ কারখানার সংখ্যা পরিবর্তিত হতে পারে। তবে শনিবার উৎপাদন বন্ধ থাকা ১৪৭টি কারখানার শ্রমিকসংখ্যা বিবেচনায় নিলে প্রায় তিন লাখ শ্রমিক এ পরিস্থিতির প্রভাবের মধ্যে পড়তে পারেন।

মাহমুদ হাসান খান বাবু বলেন, সামগ্রিক নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ নিশ্চিত করা না গেলে সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো সচল রাখা সম্ভব নয়। এ কারণে ১৫ নভেম্বর থেকে শ্রম অসন্তোষের কারণে উৎপাদন চালাতে ব্যর্থ হওয়া কারখানাগুলো শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বাধ্য হবেন মালিকরা।

‘কাজ নেই, মজুরিও নেই’

সংবাদ সম্মেলনে শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগের বিষয়টি ব্যাখ্যা করে বিজিএমইএ সভাপতি বলেন, কোনো কারখানায় শ্রম অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব না হলে মালিকপক্ষ এ ধারায় কারখানা বন্ধ রাখতে পারেন। এ ক্ষেত্রে কারখানা বন্ধ থাকার সময়ের জন্য শ্রমিকেরা মজুরি পাবেন না।

অর্থাৎ, এ ধারার আওতায় কারখানা বন্ধ থাকলে ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি কার্যকর হবে। ফলে কারখানা বন্ধ থাকার দিনগুলোতে শ্রমিকদের মজুরি দেওয়া হবে না। মালিকপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎপাদন বন্ধ থাকায় কারখানাগুলো পরিচালনা করা সম্ভব হচ্ছে না এবং এ পরিস্থিতিতে আইন অনুযায়ী বন্ধের সিদ্ধান্ত নিতে হচ্ছে।

এর আগে শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে অন্তত ৪০টি পোশাক কারখানা একই ধারায় বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। এবার বিজিএমইএ ও বিকেএমইএর পক্ষ থেকে বৃহত্তর পরিসরে কারখানা বন্ধের সিদ্ধান্তের কথা জানানো হলো।

মজুরি বোর্ডের কার্যক্রম নিয়েও উদ্বেগ

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি অভিযোগ করেন, শ্রমিক অসন্তোষ ও ভাঙচুরের ঘটনায় পোশাকশিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে জাতীয় অর্থনীতিও ক্ষতির মুখে পড়ছে। চলমান পরিস্থিতির কারণে সম্পূর্ণ নিরপেক্ষ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা নিম্নতম মজুরি বোর্ডও স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না বলে মন্তব্য করেন তিনি।

মাহমুদ হাসান খান বাবু বলেন, গণমাধ্যমে তাঁরা জানতে পেরেছেন, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিও স্পষ্টভাবে জানিয়েছেন, চলমান ভাঙচুর ও বিশৃঙ্খলার সঙ্গে তাঁর বা কোনো শ্রমিক সংগঠনের সম্পৃক্ততা নেই।

সংকট মোকাবিলায় শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, শ্রমিক সংগঠনগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে যে উদ্যোগ নিয়েছে, তা যথেষ্ট কার্যকর হয়নি। মাঠপর্যায়ের অনেক নেতা ও শ্রমিক প্রতিনিধি সাধারণ শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছেন না। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

তিনি বলেন, বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের জরুরি যৌথ মতবিনিময় সভায় অংশ নেওয়া মালিকেরা মনে করেন, কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে মজুরি বোর্ডে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তৈরি হয়।

সরকারের কার্যকর পদক্ষেপ চায় মালিকপক্ষ

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছেন পোশাকশিল্পের উদ্যোক্তারা। একই সঙ্গে কারখানার নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎপাদনের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার জন্য আইনের যথাযথ প্রয়োগের আহ্বান জানিয়েছেন তাঁরা।

সংকট সমাধানে মালিকপক্ষ, শ্রমিক সংগঠন, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। সংগঠন দুটির মতে, তৈরি পোশাকশিল্পের সঙ্গে দেশের রপ্তানি আয় এবং বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান জড়িত। তাই এ খাতের স্থিতিশীলতা রক্ষায় সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।

মাহমুদ হাসান খান বাবু বলেন, আশুলিয়া ও সাভারের পোশাক কারখানাগুলো জাতীয় অর্থনীতি ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এসব শিল্পপ্রতিষ্ঠান রক্ষা করা এবং এর সঙ্গে যুক্ত লক্ষাধিক মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখা সবার দায়িত্ব।

সংবাদ সম্মেলনে বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ বিজিএমইএ ও বিকেএমইএর অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন-ভাঙচুর, সড়ক অবরোধ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়সহ ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে শুরু হওয়া এসব…

৭১-এর প্রতিরোধ: মুক্তিযুদ্ধের চেতনায় গ্যালারিতে বাংলাদেশের বিশাল টিফো

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির সংগ্রামী ইতিহাস তুলে ধরে ব্যতিক্রমী টিফো প্রদর্শন করেছেন…

শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন জটিলতা তৈরি হচ্ছে?

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যেই নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে। ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত…

‘কিলার পাপ্পু’র নামে চাঁদা দাবি, না পেয়ে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীতে একটি ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা…

রিয়াদে জ্বালানি স্থাপনা ও ইয়েমেনে সেনাসমাবেশ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার, বহু হতাহতের দাবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের জ্বালানি অবকাঠামো ও ইয়েমেনের লাহিজ প্রদেশে সৌদি সমর্থিত সেনাদের সমাবেশস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি…

পাঁচ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় কাঁদছেন অসহায় এক নারী

ওটিএন বাংলা ডেস্ক :  টানা পাঁচ দিন ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে আছেন আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী। ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au