বাংলাদেশ

এক দিনে সীমান্তের ১১ পয়েন্টে ১২৯ জনকে পুশইনের চেষ্টা

  • 1:32 pm - June 05, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
এক দিনে সীমান্তের ১১ পয়েন্টে ১২৯ জনকে পুশইনের চেষ্টা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ জুন- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের বিভিন্ন সীমান্তের ১১টি পয়েন্ট দিয়ে অন্তত ১২৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির কঠোর অবস্থান, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় এসব পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন ও দুই দেশের মধ্যে বিদ্যমান সমঝোতা উপেক্ষা করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এ ধরনের যে কোনো পুশইন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

বিজিবি জানায়, গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, সিলেট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, খুলনা ও ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী ১১টি পয়েন্ট দিয়ে পুশইনের চেষ্টা চালানো হয়। এসব এলাকায় বিজিবি টহল, নজরদারি ও অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করেছে।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির দায়িত্বপূর্ণ যাদবপুর এলাকায় চার থেকে পাঁচ ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাৎক্ষণিক বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে তারা আবার ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

একই এলাকায় বিএসএফের একটি প্রিজন ভ্যানে করে ৩০ থেকে ৩৫ জনকে সীমান্ত গেট খুলে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে বিজিবি জানিয়েছে। তবে বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে বিএসএফ ওই ব্যক্তিদের পুনরায় ভ্যানে তুলে অন্যত্র সরিয়ে নেয়।

খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন যশোরের গোগা ও রুদ্রপুর সীমান্ত এলাকায় কয়েকজন নারী-পুরুষকে পুশইনের উদ্দেশ্যে সীমান্তের কাছে অবস্থান করতে দেখা যায়। বিজিবির প্রতিরোধমূলক তৎপরতার কারণে বিএসএফ তাদের সেখান থেকে সরিয়ে নিতে বাধ্য হয়।

জয়পুরহাট ব্যাটালিয়নের কয়া ও বাসুদেবপুর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে অন্তত ১০ জনকে একত্র করে পুশইনের প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে তথ্য পেয়েছে বিজিবি। তবে তাৎক্ষণিক সতর্কতা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং প্রতিরোধমূলক প্রস্তুতির কারণে সেই উদ্যোগও ব্যর্থ হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে বিএসএফের ১৪৯ ও ৭১ ব্যাটালিয়নের ক্যাম্পসংলগ্ন তিনটি হোল্ডিং সেন্টারে চারজন মুসলিম নাগরিককে বাংলাদেশে পুশইনের উদ্দেশ্যে রাখা হয়েছে বলে গোয়েন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে তথ্য পাওয়া গেছে। এ কারণে ওই এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তের বিপরীতে বিএসএফের কাকরমনি ক্যাম্পের সদস্যরা দুই বাংলাদেশি নাগরিককে আটক করে নিজেদের হেফাজতে রেখেছে বলে জানিয়েছে বিজিবি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিএসএফ আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ করেনি।

পঞ্চগড়ের রওশনপুর সীমান্তে বিএসএফ একজন ব্যক্তিকে পুশইনের চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে ভারতে ফেরত পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তের বিপরীতে ভারতের মালদা জেলার ইংলিশ বাজার থানার চন্দন পার্ক এলাকায় ভারতীয় পুলিশের একটি হোল্ডিং সেন্টারে আটক ২২ জনকে পুশইনের লক্ষ্যে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তথ্য পেয়েছে বিজিবি। এ কারণে ওই সীমান্তে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।

সিলেটের উৎমাছড়া সীমান্ত এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে স্থানীয়রা আটক করে বিজিবির কাছে সোপর্দ করে। পরে যাচাই-বাছাই শেষে তাদের ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করা হয় এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে ভারতে ফেরত পাঠানো হয়।

নেত্রকোনার কচুগড়া সীমান্তের বিপরীতে ভারতের আসাম রাজ্যের মহাদেব থানাধীন বলিশী গীতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ থেকে ২০ জনকে বাংলাদেশে পুশইনের উদ্দেশ্যে জড়ো করে রাখা হয়েছে বলে তথ্য পেয়েছে বিজিবি। সীমান্তের ওই অংশে প্রাকৃতিক কারণে কাঁটাতারের বেড়া না থাকায় সেখানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা ঘিরে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে বাঙ্গাবাড়ী ইউনিয়নের ২০৩/৬-আর সীমান্ত পিলার এলাকা দিয়ে ২৮ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের শূন্যরেখার মধ্যে অবস্থান শনাক্ত করেন।

বর্তমানে ওই ২৮ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। দুদফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।

সরেজমিনে দেখা গেছে, শূন্যরেখায় অবস্থানরত নারী-পুরুষ ও শিশুরা খোলা আকাশের নিচে অবস্থান করছেন। বৃষ্টিপাত শুরু হলেও তাদের সেখানেই থাকতে হচ্ছে। একদিকে বিএসএফ এবং অন্যদিকে বিজিবি সীমান্তে নজরদারি বজায় রেখেছে।

স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম জানান, সকালে ওই ব্যক্তিরা গ্রামের দিকে আসার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিজিবিকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়।

আরেক স্থানীয় বাসিন্দা ওয়াসিম আকরাম বলেন, রাতের অন্ধকারে বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে কিছু মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে। যদি তারা প্রকৃত বাংলাদেশি হন, তাহলে সরকারি প্রক্রিয়ায় ফেরত পাঠানো উচিত ছিল। এ ধরনের অবৈধ কার্যক্রম গ্রহণযোগ্য নয়।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, প্রথমে কোম্পানি কমান্ডার পর্যায়ে এবং পরে সেক্টর কমান্ডার পর্যায়ে দুটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিদের ফের ভারতীয় ভূখণ্ডে পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদ্দাম হোসেন জানান, ভোরে ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি বিজিবির টহল কার্যক্রম দেখতে পেয়েছেন। তবে শূন্যরেখায় অবস্থানকারী ব্যক্তিদের পাশে তখন কোনো বিএসএফ সদস্যকে দেখা যায়নি।

বিজিবি বলছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন বা আন্তর্জাতিক আইনবহির্ভূত কার্যক্রম প্রতিরোধে তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা অব্যাহত থাকবে।

এই শাখার আরও খবর

সিডনিতে ‘দর্পণ’-এর রক্তদান কর্মসূচি, অংশ নিলেন ১৬ জন দাতা

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির প্যারামাট্টায় বাংলাদেশি সামাজিক সংগঠন ‘দর্পণ’-এর উদ্যোগে একটি সফল রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের সদস্যসহ স্থানীয় কমিউনিটির স্বেচ্ছাসেবীরা অংশ নেন।…

দৌলতদিয়া ঘাটে আবারও বাস পদ্মা নদীতে

মেলবোর্ন, ৫ জুন- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার…

মে ২০২৬: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে নতুন উদ্বেগজনক চিত্র প্রকাশ

মেলবোর্ন, ৫ জুন- বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার পরিস্থিতি নিয়ে একটি নতুন ফ্যাক্ট শিটে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। ‘এসএএমআইডিএইচ’ নামের একটি গবেষণা ও বিশ্লেষণভিত্তিক…

সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, আহত কন্যাশিশু

মেলবোর্ন, ৫ জুন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী ও চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত দম্পতির এক কন্যাশিশু আহত…

জলবায়ু যুদ্ধে বাংলাদেশ: সুন্দরবন থেকে নিঝুম দ্বীপ পর্যন্ত সংগ্রাম ও বিশ্ব প্রেক্ষাপট

মেলবোর্ন, ২ জুন- একুশ শতকের সবচেয়ে বড় যুদ্ধ এখন আর সীমান্তে হয় না। এই যুদ্ধ হয় প্রকৃতির সঙ্গে, সময়ের সঙ্গে, বেঁচে থাকার জন্য। বিজ্ঞানীরা একে…

বিশ্ব পরিবেশ দিবস আজ: জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক অঙ্গীকার

মেলবোর্ন, ৫ জুন- আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au