মেক্সিকোয় বিশ্বকাপ খেলার জয় উদযাপনের সময় তিনজনের মৃত্যু।ছবি : সংগৃহীত
মেলবোর্ন,২ জুলাই- বিশ্বকাপের নকআউট পর্বে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে রাজধানী মেক্সিকো সিটিতে শ্বাসরোধে তিনজনের মৃত্যু হয়েছে। বিপুলসংখ্যক সমর্থকের ভিড়ে দম বন্ধ হয়ে তারা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে উৎসবমুখর বিজয় উদযাপনে।
বুধবার মেক্সিকো সিটির স্বাস্থ্য বিভাগ জানায়, নিহতদের মধ্যে রয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণী, ৪৮ বছর বয়সী এক নারী এবং ৪৪ বছর বয়সী এক পুরুষ। ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জয় নিশ্চিত করার পর রাজধানীর বিভিন্ন এলাকায় লাখো সমর্থক রাস্তায় নেমে আসেন। অতিরিক্ত ভিড়ের মধ্যেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সরকারি তথ্য অনুযায়ী, ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের আনন্দে মেক্সিকো সিটির রাস্তায় ১০ লাখেরও বেশি মানুষ সমবেত হন। সমর্থকদের বড় একটি অংশ শহরের ঐতিহাসিক অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে জড়ো হয়ে বিজয় উদযাপন করেন। বিপুল জনসমাগমে পুরো এলাকাজুড়ে তীব্র ভিড়ের সৃষ্টি হয়।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সেবাকর্মীরা শহরের তিনটি পৃথক স্থান থেকে অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিক পরীক্ষায় জানা গেছে, অতিরিক্ত ভিড়ের মধ্যে শ্বাসরোধ বা দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। পরে স্বজনরা মরদেহ শনাক্ত করেন।
ঘটনার পর মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে বড় জনসমাগমে নিরাপত্তা ও জননিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বিশ্বের অন্যতম জনবহুল মহানগর মেক্সিকো সিটিতে দুই কোটিরও বেশি মানুষের বসবাস। বিশ্লেষকদের মতে, বড় ধরনের জনসমাগমে পর্যাপ্ত নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা না থাকলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এই ঘটনার পর নগর প্রশাসনের জননিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।