বাংলাদেশ

ধর্মীয় অবমাননার অভিযোগ:

নেত্রকোনায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হিন্দু বাড়িতে হামলা- সর্বশেষ কি জানা যাচ্ছে

বাড়িঘরে ভাঙচুরের পরও হামলাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত পদক্ষেপ না থাকায় উদ্বেগ

  • 11:29 pm - July 28, 2026
  • পঠিত হয়েছে:৩৩৭ বার
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করছে।

মেলবোর্ন, ২৮ জুলাই: বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনা যেন বারবার ফিরে আসছে। সর্বশেষ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই হিন্দু যুবকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত মামলা হলেও হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে।

“সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা হিন্দু পরিবারের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালাচ্ছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার এক যুবক তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভারতের একটি চলমান আন্দোলন নিয়ে একটি পোস্ট দেন। ওই পোস্টে আরেক যুবকের করা একটি মন্তব্যও ধর্মীয় অবমাননাকর বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উত্তেজনা সৃষ্টি হয়। এরপর রোববার সন্ধ্যায় একদল উত্তেজিত লোক অভিযুক্ত দুই যুবকের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

“তবে অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা ফেসবুক পোস্টটির প্রকৃত বিষয়বস্তু বা কী লেখা হয়েছিল, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।”

পরবর্তীতে রোববার রাতেই কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বাদী হয়ে দুই যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৬(১) ধারায় মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা প্রশ্ন তুলেছেন, যদি কোনো অপরাধ হয়ে থাকে, তবে তার বিচার আদালতের মাধ্যমে হওয়া উচিত ছিল। কিন্তু বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং পরিবারকে আতঙ্কিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।

ভুক্তভোগী এক যুবকের স্বজন বলেন, “যে অন্যায় করেছে, আমরা চাই তার শাস্তি হোক। কিন্তু আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হলো কেন? জীবন বাঁচাতে আমরা পালিয়ে গিয়েছিলাম। ফিরে এসে দেখি সব তছনছ। আমরা এখন আতঙ্কের মধ্যে আছি।”

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত সতর্কতা বজায় রাখা হয়েছে। তিনি আরও বলেন, দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে মানবাধিকার পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে হামলার একাধিক ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রেই অভিযোগের তদন্তের আগেই সংঘবদ্ধ জনতা আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে। এমন ঘটনায় যদি হামলাকারীদের বিরুদ্ধেও দ্রুত ও দৃশ্যমান আইনগত ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

আইন বিশেষজ্ঞদের মতে, আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে অভিযোগের বিচার যেমন জরুরি, তেমনি জনতার সহিংসতা ও ভাঙচুরে জড়িতদেরও সমানভাবে আইনের আওতায় আনা প্রয়োজন।

এই শাখার আরও খবর

ঝড়-বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ গ্রাহক

শক্তিশালী ঝড়, টানা বৃষ্টি ও তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চল। থ্যাংকসগিভিং দিবসের ছুটির মধ্যে ঝোড়ো বাতাসে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায়…

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়েছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল পৌনে…

মধ্যরাতে সচিবালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

ওটিএন বাংলা ডেস্ক :  রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে…

আওয়ামী লীগের লোক ভেবে নোমানীর গাড়িতে হামলা, গাড়ি থেকে বলছিলেন ‘আমাদের বাঁচান’

নেত্রকোনায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে নওমুসলিম ইসলামী বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের লোকজন রয়েছেন, এমন সন্দেহে…

ফাঁসির রায় মাথায় নিয়েই ফিরছেন, ইতিহাস গড়তে যাচ্ছেন শেখ হাসিনা

ভাস্কর দত্ত :  ফাঁসির দণ্ড মাথায় নিয়েই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেছেন,…

জাকির নায়েকের নাম উল্লেখ করে নতুন প্রজ্ঞাপন ভারতের

আলোচিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) বিরুদ্ধে কঠোর সন্ত্রাসবিরোধী আইন বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ-এর আওতায় ব্যবস্থা নেওয়ার অনুমতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au