নির্বাচিত খবর

ফাঁসির রায় মাথায় নিয়েই ফিরছেন, ইতিহাস গড়তে যাচ্ছেন শেখ হাসিনা

  • 12:42 pm - November 28, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

ভাস্কর দত্ত : 

ফাঁসির দণ্ড মাথায় নিয়েই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেছেন, গ্রেপ্তার বা কারাবরণের ঝুঁকি থাকলেও নিজ দেশে ফিরতে চান। তাঁর এই ঘোষণাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। সমর্থকদের কাছে, এটি সাহসের প্রতীক। বিশ্লেষকদের মতে, এর মধ্য দিয়ে রাজনৈতিকভাবে সারা বিশ্বে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

২০২৪ সালের ৫ আগস্ট কথিত ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। পরে অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তবে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে অনড়। তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে জানিয়েছেন, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।

প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারতের অবস্থানও আলোচনায় এসেছে। বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো নাগরিকের ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।

তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের করা আবেদন ভারতের আইনি প্রক্রিয়ায় পর্যালোচনা করা হচ্ছে। তবে শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরার বিষয়ে বিস্তারিত মন্তব্য করেননি তিনি।

এদিকে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না শেখ হাসিনার এ ঘোষণাকে ইতিহাস হিসেবে দেখছেন। তাঁর ভাষায়, ‘শেখ হাসিনাকে নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে। কিন্তু তিনিই সম্ভবত পৃথিবীর একমাত্র ব্যক্তি, যিনি ফাঁসির রায় মাথায় নিয়ে নিজ দেশে ফিরতে চাওয়ার সাহস দেখিয়েছেন।’

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, ঘিরে রাজনৈতিক উত্তেজনা।

আপিলের সুযোগ নিয়ে আইনি বিতর্ক

সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না আরও বলেন, একই ঘটনায় আরেকটি ইতিহাস তৈরি হয়েছে। তাঁর দাবি, বিচার করার কথা বলা হলেও সেই ফাঁসির আসামিকে দেশে ফিরতে দেওয়ার সাহস নেই এ দেশের প্রভুদের। তাঁর মতে, শেখ হাসিনা একই সঙ্গে দুটি ইতিহাস রচনা করেছেন।

অন্যদিকে, শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ হয়ে গেছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর বক্তব্য, রায়ের বিরুদ্ধে আপিলের জন্য নির্ধারিত ৩০ দিনের সময় পেরিয়ে গেছে। ফলে আপিল ছাড়াই মৃত্যুদণ্ড কার্যকরে আইনগত বাধা নেই।

তবে এ বক্তব্যের সঙ্গে দ্বিমত জানিয়েছেন সুপ্রিম কোর্টের কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী। তাঁদের মতে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিশেষ আইনি প্রক্রিয়ায় আপিলের সুযোগ থাকতে পারে।

ন্যায়বিচার ও সরকারের প্রস্তুতি

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, মৃত্যুদণ্ডের রায়ের ক্ষেত্রে আপিলের সুযোগ থাকা বিচারব্যবস্থার গুরুত্বপূর্ণ নীতি। তাঁর মতে, বিলম্বের কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টের বিধি অনুযায়ী আপিলের আবেদন করা সম্ভব।

আইনজীবী রাশিদা চৌধুরী নিলুও ন্যায়বিচারের মৌলিক নীতির কথা তুলে ধরেছেন। তাঁর মতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁকে অপরাধী হিসেবে বিবেচনা করা যায় না। ট্রাইব্যুনাল গঠন ও বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের বক্তব্য, সরকার তাঁর প্রত্যাবর্তন নিয়ে ভীত নয়; দেশে ফিরলে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

প্রত্যাবর্তনের ঘোষণায় রাজনৈতিক সমীকরণ

বিশ্লেষকদের মতে, দেশে ফেরার ঘোষণা আওয়ামী লীগের সমর্থকদের সক্রিয় রাখা এবং দলটির রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশলও হতে পারে। একই সঙ্গে এ ঘোষণা বর্তমান সরকারের ওপর রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ারও হতে পারে।

আওয়ামী লীগের সমর্থকদের কাছে শেখ হাসিনা এখনো গুরুত্বপূর্ণ প্রতীক। তবে তাঁর প্রত্যাবর্তন দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষক জালাল উদ্দিন শিকদার।

এই শাখার আরও খবর

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়েছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল পৌনে…

মধ্যরাতে সচিবালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

ওটিএন বাংলা ডেস্ক :  রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে…

আওয়ামী লীগের লোক ভেবে নোমানীর গাড়িতে হামলা, গাড়ি থেকে বলছিলেন ‘আমাদের বাঁচান’

নেত্রকোনায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে নওমুসলিম ইসলামী বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের লোকজন রয়েছেন, এমন সন্দেহে…

জাকির নায়েকের নাম উল্লেখ করে নতুন প্রজ্ঞাপন ভারতের

আলোচিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) বিরুদ্ধে কঠোর সন্ত্রাসবিরোধী আইন বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ-এর আওতায় ব্যবস্থা নেওয়ার অনুমতি…

শ্রমিক অসন্তোষ: বাংলাদেশ থেকে ভারতে সরছে জারা-এইচঅ্যান্ডএমের অর্ডার

ওটিএন বাংলা ডেস্ক | ২৮ নভেম্বর ২০২৬ বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘটের জেরে বিশ্বের শীর্ষস্থানীয় পোশাক ব্র্যান্ড জারা (Zara),…

সাংবাদিক রূপা ও শাকিলের আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘ

ওটিএন বাংলা ডেস্ক | ২৮ নভেম্বর ২০২৬ বাংলাদেশের সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদের আটককে স্বেচ্ছাচারমূলক এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিমত দিয়েছে জাতিসংঘের নির্বিচার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au