দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি।ছবিঃ সংগৃহীত
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে ভারত ও ইতালির সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশাও জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক খোলা চিঠিতে নরেন্দ্র মোদি তার ‘বন্ধু’ জর্জিয়া মেলোনিকে শুভেচ্ছা জানান। বার্তায় তিনি বলেন, মেলোনির দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রিত্বের রেকর্ডই প্রমাণ করে যে ইতালির জনগণ তার ওপর কতটা আস্থা রাখেন।
২০২২ সালের ২২ অক্টোবর ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন জর্জিয়া মেলোনি। এরপর থেকে টানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন তিনি। তার দায়িত্ব পালনের সময় ১ হাজার ৪১৩ দিনে পৌঁছানোর পর তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীর রেকর্ড গড়েন।
এর আগে এই রেকর্ড ছিল সাবেক ইতালীয় প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির দখলে। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে তিনি মোট ১ হাজার ৪১২ দিন দায়িত্ব পালন করেছিলেন। মেলোনি একদিন বেশি দায়িত্ব পালন করে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত ৮০ বছরে ইতালিতে ৬৮ বার সরকার পরিবর্তন হয়েছে। দেশটির রাজনৈতিক ইতিহাসে ঘন ঘন সরকার পরিবর্তনের কারণে দীর্ঘ সময় ধরে একই প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকা বিরল ঘটনা। সেই দিক থেকে মেলোনির এই রেকর্ডকে ইতালির রাজনীতিতে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
নরেন্দ্র মোদি তার শুভেচ্ছাবার্তায় জর্জিয়া মেলোনির নেতৃত্বের প্রশংসা করে ভারত ও ইতালির মধ্যকার বন্ধুত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি মেলোনির ভবিষ্যৎ সাফল্য কামনা করে বলেন, আগামী দিনগুলোতেও তার সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।
ভারত ও ইতালির দুই নেতার ব্যক্তিগত সম্পর্কও সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে। গত মে মাসে ইতালি সফরের সময় মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি। সে সময় তিনি মেলোনিকে ‘মেলোডি’ লেখা একটি চকোলেট উপহার দেন। পরে সেই উপহারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন জর্জিয়া মেলোনি।