বেন গিভিরের ওপর ক্ষোভ, দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন আরব বেদুঈনরা
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরের ওপর ক্ষোভ থেকে ভোট দিতে দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন দেশটির আরব বেদুঈন সম্প্রদায়ের বাসিন্দারা। সরকারের নীতির প্রতি অসন্তোষ এবং…
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিজমা নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত ১৩ বছর বয়সী এক কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এতে কিশোরীর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। গুরুতর দগ্ধ অবস্থায় সে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের বাসিন্দা রওশন আরার সঙ্গে প্রতিবেশী সোনিয়া আক্তারসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে অভিযুক্ত ব্যক্তিরা ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন সময় খুন ও জখমের হুমকি দিতেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে রওশন আরা ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের বসতঘরে প্রবেশ করেন। এ সময় শয়নকক্ষে বিছানায় ঘুমিয়ে থাকা রওশন আরার ১৩ বছর বয়সী মেয়ে আফরিন আক্তারের গায়ে গরম পানি ছুড়ে মারেন সোনিয়া আক্তার। এতে কিশোরীর কোমরসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসার আগেই অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে গুরুতর আহত অবস্থায় আফরিনকে উদ্ধার করেন। তাঁকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
মেয়ের চিকিৎসার ব্যবস্থা করার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান রওশন আরা। পরে তিনি সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকার জাকির হোসেনের স্ত্রী সোনিয়া আক্তার (৩৫), মো. বিল্লালের ছেলে মো. মোস্তফা (৪৫), মোস্তফার স্ত্রী শিলা আক্তার (৪০) এবং রহম আলীর ছেলে জাকির হোসেন (৩৮)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au