শেষনিশ্বাস পর্যন্ত দেশসেবা করতে চান, অবসরের জল্পনা উড়িয়ে দিলেন মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনই রাজনীতি থেকে অবসরের কথা ভাবছেন না, এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশ ও দেশের মানুষের সেবায়…
অস্ট্রেলিয়ার পার্থের উত্তরাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ বছর বয়সী দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই কিশোর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটের দিকে বুলসব্রুক এলাকার রেলওয়ে প্যারেড সড়ক দিয়ে যাচ্ছিল একটি চুরি হওয়া বিএমডব্লিউ থ্রি সিরিজ সেডান। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ থেকে ছিটকে গিয়ে কয়েকটি গাছে ধাক্কা দেয়।
সংঘর্ষে গাড়িটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। এর ইঞ্জিন ছিটকে ২০ মিটারের বেশি দূরে গিয়ে পড়ে। এ সময় গাড়িটিতে আগুন ধরে যায়।
পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিশ কমিশনার কোল ব্ল্যাঞ্চ জানিয়েছেন, দুর্ঘটনার পেছনে অতিরিক্ত গতির ভূমিকা থাকার সম্ভাবনা প্রায় নিশ্চিত। রোববার তিনি বলেন, গাড়িটি চুরি করা ছিল। তবে এ তথ্য দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাটিকে কোনোভাবেই কম মর্মান্তিক করে না।
দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিল ১৬ বছর বয়সী এক কিশোর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত অপর কিশোরের বয়সও ১৬ বছর।

গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ছবি: সংগৃহীত
এ ছাড়া গাড়িতে থাকা ১৭ বছর বয়সী আরও দুই কিশোর গুরুতর আহত হয়। তাদের রয়্যাল পার্থ হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার রাত পর্যন্ত তারা হাসপাতালের ট্রমা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়।
পুলিশ কমিশনার কোল ব্ল্যাঞ্চ বলেন, দুর্ঘটনার ভয়াবহতা বিবেচনায় এ ঘটনায় কেউ বেঁচে ফিরেছে, সেটিই বিস্ময়কর।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সড়কটি নিয়মিত বেপরোয়া গাড়ি চালানোর জন্য ব্যবহৃত হয়। এ বিষয়ে তাঁরা স্থানীয় কাউন্সিলের কাছে একাধিকবার অভিযোগ করলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাঁদের।
পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিশমন্ত্রী রিস হুইটবি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ বয়সে কিশোরেরা অনেক সময় অপরিণামদর্শী কাজ করে। তবে এ ঘটনায় দুই কিশোরকে প্রাণ দিতে হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রোববার ঘটনাস্থলে কাজ করেছেন পুলিশের মেজর ক্র্যাশ তদন্ত বিভাগের কর্মকর্তারা। দুর্ঘটনা সম্পর্কে কোনো তথ্য বা গাড়ির ড্যাশক্যামের ভিডিও ফুটেজ থাকলে তা পুলিশকে দেওয়ার জন্য প্রত্যক্ষদর্শীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সূত্র: নাইন.কম.এইউ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au