Breaking News

তাহসিফের বান্ধবী দিশা গ্রেপ্তারের পর রিমান্ডে, কে এই রহস্যময়ী তরুণী?

  • 11:41 pm - November 01, 2026
  • পঠিত হয়েছে:৬৩ বার
সিসিটিভি ফুটেজে তাহসিফ ও দিশা। ছবি : সংগৃহীত

ওটিএন বাংলা রিপোর্ট : 

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় একের পর এক নতুন তথ্য সামনে আসছে। এবার আলোচনায় এসেছেন ১৯ বছর বয়সী এক তরুণী। নাম জেরিকা তাসনিম দিশা। তাহসিফের কথিত বান্ধবী হিসেবে পরিচিত এই তরুণীকে গ্রেপ্তারের পর চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

তাহসিফের মৃত্যুর আগের রাতের চলাফেরা, বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ এবং ফোনালাপের সূত্র ধরে তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন দিশা।

টঙ্গী নৌ পুলিশ সূত্র জানায়, শনিবার (৩১ অক্টোবর) রাতে ঢাকার কাফরুল এলাকার নিজ বাসা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১ নভেম্বর) তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কে এই জেরিকা তাসনিম দিশা? 

অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাঁর বয়স ১৯ বছর। তাহসিফের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তাঁর। বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেন। তদন্তকারীদের দাবি, মৃত্যুর আগে তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত করেছেন তিনি। তবে তাঁর পারিবারিক পরিচয় সম্পর্কে নির্ভরযোগ্য বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

রিমান্ড আবেদনে পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৭ অক্টোবর রাতে তাহসিফের সঙ্গে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন দিশা। সেখানে তাঁরা বেশ কিছু সময় অবস্থান করেন।

শুধু ওই রেস্টুরেন্টেই নয়, ঘটনার আগেও তাহসিফ ও দিশাকে একাধিকবার উত্তরার সিপি ফাইভ স্টার স্ন্যাকসে যেতে দেখা গেছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্তকারীদের হাতে আসা সিসিটিভি ফুটেজে একটি মোটরসাইকেল গ্যারেজে মামলার অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গেও দিশাকে একসঙ্গে অবস্থান করতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট বা সিডিআর বিশ্লেষণ করেও দিশার সঙ্গে একাধিকবার কথোপকথনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে তদন্ত সংস্থা। এসব যোগাযোগের সময় ও বিষয়বস্তু খতিয়ে দেখছেন কর্মকর্তারা।

এদিকে এ ঘটনায় আগে গ্রেপ্তার হওয়া তাহসিফের জুনিয়র বন্ধু দীপও চার দিনের রিমান্ডে রয়েছেন। তাঁর পুরো নাম আহমেদ শাহরিয়ার রেজা দীপ। তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন।

দীপকেও জিজ্ঞাসাবাদ 

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথমে দীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাওয়া এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন তিনি।

তবে দীপের দেওয়া বক্তব্যে কিছু অসংগতি পাওয়া গেছে বলে দাবি তদন্তসংশ্লিষ্ট সূত্রের। পরে তাঁর দেওয়া তথ্য যাচাই করতে বিভিন্ন স্থান পরিদর্শন করেন তদন্তকারীরা।

টঙ্গী নৌ পুলিশের পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, শনিবার রাতে দিশাকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় চার দিনের রিমান্ডে থাকা দীপকে মধ্যরাত থেকে জিজ্ঞাসাবাদ করছেন মামলার তদন্ত কর্মকর্তা।

দিশার রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, তাহসিফের সঙ্গে তাঁর যোগাযোগ ও চলাফেরার বিষয়ে পাওয়া তথ্য যাচাই করা প্রয়োজন। পাশাপাশি দীপের দেওয়া বক্তব্যের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখতে চান তদন্তকারীরা।

হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, ঘটনার স্থান নির্ধারণ, প্রয়োজনীয় আলামত উদ্ধার এবং অন্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করতেই দিশাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে আদালতে আবেদনে জানানো হয়।

উল্লেখ্য, বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ গত ২৯ অক্টোবর তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়। এর আগে তিনি বাসা থেকে বের হয়েছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়।

এই শাখার আরও খবর

অভিযোগ জানাতে থানায় গিয়ে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নারীর

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সেরাইকেলা-খারসাওয়ান জেলায় অভিযোগ জানাতে গিয়ে থানার ভেতরেই এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে গ্রেপ্তার করেছে…

সৌদিতে গলাটিপে হত্যার পর মরুভূমিতে বালুচাপা, অবশেষে জসিমের মরদেহ এলো দেশে

ওটিএন বাংলা রিপোর্ট : পরিবারের মুখে হাসি ফোটাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের জসিম উদ্দিন। স্বপ্ন ছিল, প্রবাসে পরিশ্রম করে স্ত্রী ও তিন মেয়ের ভবিষ্যৎ…

গোল্ড কোস্টে সংগীত উৎসবে গ্র্যান্ডস্ট্যান্ড ধস, হাসপাতালে চারজন

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে একটি সংগীত উৎসবে শত শত দর্শকের বসার জন্য তৈরি গ্র্যান্ডস্ট্যান্ড ধসে অন্তত চারজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে…

পার্থে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু, হাসপাতালে আরও দুজন

অস্ট্রেলিয়ার পার্থের উত্তরাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ বছর বয়সী দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই কিশোর। তাদের হাসপাতালে ভর্তি করা…

আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ, জামায়াত নেতার বাড়িঘর ভাঙচুর

মাদারীপুরের শিবচরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার জেরে তাইজুল ইসলাম নামের এক জামায়াত নেতার বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার (১ নভেম্বর) সকালে…

আদালত অবমাননার অভিযোগে ৪ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির হতে হবে ব্যারিস্টার ফুয়াদকে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অর্থ লেনদেনের অভিযোগসংবলিত মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন ট্রাইব্যুনাল।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au