টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন-ভাঙচুর, সড়ক অবরোধ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়সহ ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে শুরু হওয়া এসব…
ইরানের বিরুদ্ধে আপাতত নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাঁর দাবি, অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে ইতিমধ্যে যথেষ্ট দুর্বল করে ফেলেছে যুক্তরাষ্ট্র। ফলে দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই।
শুক্রবার ওয়াশিংটনে মার্কিন থিঙ্কট্যাংক ফেডারেলিস্ট সোসাইটির এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রুবিও এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সত্যি বলতে, বর্তমানে আমরা ওই দুর্বল ইসলামি প্রজাতন্ত্রের ওপর যে মাত্রার অর্থনৈতিক চাপ সৃষ্টি করছি, তা এতটাই প্রবল যে নতুন করে কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই। কারণ, আমরা তাদের দুর্বল করে ফেলেছি। তবে প্রকৃত বিজয় তখনই আসবে, যখন নিশ্চিত হওয়া যাবে যে ইরানের হাতে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না।’
ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে বলে স্বীকার করেন রুবিও। বিশেষ করে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মার্কিন অর্থনীতিসহ বিশ্বের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তবে রুবিওর দাবি, যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে খুব সহজেই ইরানের পারমাণবিক কর্মসূচির হুমকি উপেক্ষা করতে পারতেন। এতে একটি অজনপ্রিয় যুদ্ধ এড়ানো যেত এবং সমস্যাটি পরবর্তী প্রশাসনের জন্য রেখে দেওয়া যেত। কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এই সমস্যাকে অমীমাংসিত অবস্থায় ফেলে রাখবেন না। কারণ, এর সঙ্গে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের নিরাপত্তার প্রশ্ন জড়িত।’
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। প্রায় ছয় মাসের সামরিক সংঘাতের পর গত ২৪ আগস্ট থেকে হামলা বন্ধ করে ওয়াশিংটন। এরপর ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে অর্থনৈতিক অভিযান শুরু করা হয়। এই অভিযানের আওতায় ইরানের বন্দরগুলো অবরোধ, তেল রপ্তানিতে বাধা এবং দেশটির ওপর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের পাল্টা জবাবে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে অবরোধ আরও জোরদার করে ইরান। অবরোধ উপেক্ষা করে প্রণালিটি দিয়ে চলাচলকারী জাহাজগুলো ইরানি ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সমুদ্র মাইনের ঝুঁকিতে পড়ছে।
জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) তথ্য অনুযায়ী, গত ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও বৃহত্তর মধ্যপ্রাচ্যের সামুদ্রিক অঞ্চলে প্রায় ১৩৪টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। আহত হওয়ার পাশাপাশি অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।
সূত্র : এপি, আরব নিউজ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au