টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন-ভাঙচুর, সড়ক অবরোধ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়সহ ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে শুরু হওয়া এসব…
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের ৬৪ লাখ ৬৭ হাজার ৭৮৬ টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে আদালতে জমা দেওয়া প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৮ ও ৪২০ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা।
এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিরুল ইসলাম বাদী হয়ে সলঙ্গা আমলি আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই সিরাজগঞ্জ। সংস্থাটির পুলিশ পরিদর্শক মো. আলহাজ উদ্দীন তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে শহিদুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনৈতিক কর্মকাণ্ড এবং বিদ্যালয়ের তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা বিভিন্ন সময়ে তাঁকে সতর্ক করলেও তিনি আয়-ব্যয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করেননি বলে অভিযোগ করা হয়।
একপর্যায়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আর্থিক অনিয়ম, দুর্নীতি, নৈতিক স্খলন এবং দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে ম্যানেজিং কমিটির সভাপতি ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা ভেটেরিনারি সার্জনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত শেষে তিনি প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের তথ্য ও নথিপত্র পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন জমা দেন।
ওই প্রতিবেদনের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এক অফিস আদেশে শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন। একই সঙ্গে সহকারী প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র তালুকদারকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে অধিকতর তদন্তের জন্য পরে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আ. রউফকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য ছিলেন রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজেল করিম এবং বিদ্যালয়ের ছাত্র অভিভাবক মো. আব্দুল আলীম। তদন্ত শেষে কমিটি প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা রয়েছে বলে প্রতিবেদন দেয়।
এরপর অভিযোগের বিষয়ে আরও নিশ্চিত হতে খাতওয়ারি নিরীক্ষার জন্য আরেকটি কমিটি গঠন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমির হামজাকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্য ছিলেন ভুঁইয়াগাতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান এবং বিদ্যালয়ের ছাত্র অভিভাবক রেজাউল করিম নয়ন। কমিটির নিরীক্ষায় বিদ্যালয়ের ৬৪ লাখ ৬৭ হাজার ৭৮৬ টাকা আত্মসাতের তথ্য উঠে আসে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত হয়ে সহকারী শিক্ষক মো. আমিরুল ইসলাম বাদী হয়ে সলঙ্গা আমলি আদালতে মামলা করেন। মামলায় সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে আসামি করা হয়। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৮ ধারায় অপরাধের অভিযোগ এনে আদালতের কাছে মামলা আমলে নেওয়া এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী।
আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করেন পিবিআই সিরাজগঞ্জের পুলিশ পরিদর্শক মো. আলহাজ উদ্দীন। তদন্তের অংশ হিসেবে তিনি ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাবসংক্রান্ত কলামনার বহি, রেজুলেশন বহি, বিভিন্ন রশিদ ও ভাউচার এবং বিদ্যালয়ের নামে পরিচালিত ব্যাংক হিসাবের বিবরণী পর্যালোচনা করা হয়।
তদন্ত প্রতিবেদনের একটি অনুলিপি এসেছে ঢাকা পোস্টের কাছে। প্রতিবেদনে বলা হয়েছে, মামলার বাদীর মনোনীত ১০ জন সাক্ষীর মধ্যে সাতজন এবং নিরপেক্ষ আরও তিনজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় মূল খাতা ও রেজিস্টার জব্দ করা সম্ভব হয়নি। তবে সেগুলোর ফটোকপি সংগ্রহ করে তদন্ত প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
সাক্ষীদের বক্তব্য, সংশ্লিষ্ট নথিপত্র, ব্যাংক হিসাবের বিবরণী এবং পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, আসামি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৮ ও ৪২০ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।
তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এটি একটি চক্রান্ত। মামলার গতিতে মামলা চলবে।’
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au