বাংলাদেশ

ব্যবসায়ীকে পাঁচ ঘণ্টা আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা আদায় করল ছাত্রদলের নেতাকর্মীরা

ছাত্রদল নেতাসহ ৯ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ, ক্ষতিপূরণ হিসেবে ১২ লাখ টাকা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ অভিযুক্তদের

  • 1:24 am - November 15, 2026
  • পঠিত হয়েছে:৪০ বার
জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন। ছবিঃ সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে এক ব্যবসায়ীকে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রেখে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে তিন লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতা ও বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। প্রশাসনের অভিযানে মাছ ধরার জাল উচ্ছেদ ও পুড়িয়ে দেওয়ার ঘটনায় তথ্য দেওয়ার সন্দেহে ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে ক্ষতিপূরণ হিসেবে ১২ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় ছাত্রদল নেতাসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে বড়াইগ্রাম থানায় ব্যবসায়ী আবদুল কাদের এ অভিযোগ করেন। তিনি উপজেলার তেবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং জোনাইল পাগলা বাজারের ব্যবসায়ী।

অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলাম ও সুজন মিয়া এবং বিএনপি নেতা আফসার আলী, রফিক সরকার, আস্তুল আলী, রুবেল হোসেন ও জোবায়ের হোসেন। অভিযোগে বলা হয়েছে, তাঁরা সবাই জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেলের অনুসারী।

অভিযোগ সূত্রে জানা যায়, চামটার বিলের একটি সেতুর মুখে সুতি জাল বসিয়ে মাছ ধরছিলেন ছাত্রদল নেতা বাবুল হোসেন। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় সেতুর পাশে ব্যবসায়ী আবদুল কাদেরের জমি থেকে সুতি জাল উচ্ছেদ করা হয় এবং প্রায় তিন লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল পুড়িয়ে নষ্ট করা হয়।

আবদুল কাদেরের অভিযোগ, প্রশাসনের ওই অভিযানে তথ্য দিয়ে সহযোগিতা করার সন্দেহে তাঁকে লক্ষ্যবস্তু করা হয়। গত মঙ্গলবার দুপুরে বাড়ি ফেরার পথে আফসার আলীর বাড়ির পাশের একটি আমবাগানের সামনে থেকে বাবুল হোসেন ও তাঁর সহযোগীরা তাঁকে তুলে নিয়ে চামটার বিলে যান।

সেখানে তাঁকে জাল নষ্ট হওয়ার ক্ষতিপূরণ হিসেবে ১২ লাখ টাকা দিতে বলা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ করেন আবদুল কাদের। একপর্যায়ে তাঁকে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়। পরে পরিবারের সদস্যদের মাধ্যমে তিন লাখ টাকা এনে দিতে বাধ্য করা হয় বলে তাঁর দাবি।

ভুক্তভোগীর অভিযোগ, বিএনপি নেতা আফসার আলী ওই টাকা গ্রহণ করেন। একই সঙ্গে ঘটনাটি প্রকাশ করলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে শুক্রবার রাতে তিনি বড়াইগ্রাম থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা আফসার আলী। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’

ছাত্রদল নেতা বাবুল হোসেন বলেন, প্রশাসনকে খবর দেওয়ার বিষয়ে আবদুল কাদেরকে সন্দেহ করা হয়েছিল। তবে ঘটনার সঙ্গে তিনি জড়িত নন দাবি করে বাবুল বলেন, আত্মীয়স্বজন এসে তাঁকে বাড়ি নিয়ে যান। মারধর কিংবা টাকা লেনদেনের অভিযোগ সম্পূর্ণ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

জোনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রাশেদুল ইসলাম রাসেল বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর রাজনীতি করছি, অনুসারী তো থাকতেই পারে। তবে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিলে দলের নাম ব্যবহার করলে আমার কিছু করার নেই। ঘটনাটি মীমাংসা করার চেষ্টা চলছে।’

এদিকে অভিযোগের বিষয়ে মৌখিকভাবে জানার কথা স্বীকার করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন। তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ছাত্রদল নেতা বাবুল হোসেনসহ জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটিকে অত্যন্ত বিব্রতকর বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে এখনো তদন্তের ফল পাওয়া যায়নি। ফলে ব্যবসায়ীকে আটকে রাখা, মারধর ও টাকা আদায়ের অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে। থানায় অভিযোগ পাওয়ার পর পুলিশ কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্যও এখনো জানা যায়নি।

এই শাখার আরও খবর

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন-ভাঙচুর, সড়ক অবরোধ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়সহ ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে শুরু হওয়া এসব…

৭১-এর প্রতিরোধ: মুক্তিযুদ্ধের চেতনায় গ্যালারিতে বাংলাদেশের বিশাল টিফো

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির সংগ্রামী ইতিহাস তুলে ধরে ব্যতিক্রমী টিফো প্রদর্শন করেছেন…

শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন জটিলতা তৈরি হচ্ছে?

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যেই নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে। ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত…

‘কিলার পাপ্পু’র নামে চাঁদা দাবি, না পেয়ে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীতে একটি ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা…

রিয়াদে জ্বালানি স্থাপনা ও ইয়েমেনে সেনাসমাবেশ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার, বহু হতাহতের দাবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের জ্বালানি অবকাঠামো ও ইয়েমেনের লাহিজ প্রদেশে সৌদি সমর্থিত সেনাদের সমাবেশস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি…

পাঁচ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় কাঁদছেন অসহায় এক নারী

ওটিএন বাংলা ডেস্ক :  টানা পাঁচ দিন ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে আছেন আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী। ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au