বাংলাদেশ

আওয়ামী লীগের লকডাউন ঘিরে সহিংসতা-অগ্নিসংযোগ, দুই দিনে নিহত ৪

  • 7:17 am - November 19, 2026
  • পঠিত হয়েছে:৪৭ বার
মঙ্গলবার রাতে ঢাকায় একটি বাসে আগুন দিয়েছে কে বা কারা। ছবি : সংগৃহীত

বাংলাদেশে আওয়ামী লীগের বৃহস্পতিবারের দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা, সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ছড়িয়ে পড়েছে। গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে পৃথক সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গোপালগঞ্জসহ অন্তত কয়েকটি জেলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

নিহতদের মধ্যে দুজন বিএনপির সহযোগী সংগঠনের নেতা। নড়াইলের কালিয়ায় বুধবার সন্ধ্যায় হামলায় কৃষকদল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) দুই নেতা নিহত হন। এর আগে মঙ্গলবার রাতে ফরিদপুরে অবরোধ চলাকালে অগ্নিদগ্ধ হয়ে কৃষকদলের এক নেতা মারা যান। এ ছাড়া বুধবার ভোরে পিরোজপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে প্রাণ হারান এক বাসসহকারী।

বুধবার (১৮ নভেম্বর) বিভিন্ন জেলার এসব সহিংসতার ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার রাতেও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহন এবং বিএনপির সংসদ সদস্যের বাড়িসহ একাধিক স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর, অগ্নিসংযোগ। ছবিঃ সংগৃহীত

নড়াইলে বিএনপির দুই নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বুধবার সন্ধ্যায় বেন্দারচর এলাকার বটতলা মোড়ে মোটরসাইকেল শোডাউনে হামলার ঘটনায় কৃষকদলের নেতা শাহিনুর শেখ এবং জাসাসের নেতা সোহেল মোল্লা নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

নিহত শাহিনুর শেখ কালিয়া উপজেলা কৃষকদলের সদস্যসচিব এবং সোহেল মোল্লা উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদল, যুবদলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ করছিলেন। তাঁদের বহর বেন্দারচর বটতলা মোড়ে পৌঁছালে হামলার ঘটনা ঘটে। এতে দুই নেতা গুরুতর আহত হন।

পরে তাঁদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার রাত ১০টার দিকে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। হামলায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

রাতে তিতুমীর কলেজের সামনে বাসে আগুন। ছবি : সংগৃহীত

ফরিদপুরে অগ্নিদগ্ধ হয়ে কৃষকদল নেতার মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ চলাকালে অগ্নিদগ্ধ হয়ে কৃষকদল নেতা রাজু মোল্লার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

বিএনপির নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁর ওপর হামলা চালান এবং মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এতে গুরুতর দগ্ধ হন রাজু মোল্লা। পরে তাঁর মৃত্যু হয়।

তবে হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পিরোজপুরে বাসে আগুন, ঘুমন্ত অবস্থায় পুড়ে নিহত সহকারী

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বুধবার ভোরে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা বাসসহকারী মোহাম্মদ সিয়াম দগ্ধ হয়ে মারা যান।

পুলিশের তথ্য অনুযায়ী, ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা পার্ক করে রাখা দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন সিয়াম। আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয়।

হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

এ ছাড়া পিরোজপুরের নাজিরপুরে কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করা হয়েছে। হামলাকারীরা ইউনিয়ন পরিষদের একটি গুদামেও আগুন দেয়। ওই গুদামে সরকারি ভর্তুকিতে সরবরাহ করা খাদ্যপণ্য সংরক্ষিত ছিল।

গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাড়িতে হামলা

সহিংসতার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে গোপালগঞ্জ। মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানায় হামলা, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যানবাহনে অগ্নিসংযোগ এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ অন্তত ২০টি বাড়িতে হামলার ঘটনা ঘটে।

পুলিশের অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন সন্দেহভাজন কর্মীকে গ্রেপ্তারের পর এ পরিস্থিতির সূত্রপাত হয় বলে জানা গেছে। গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানায় হামলা চালান। তাঁরা থানার বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন এবং সেখানে থাকা যানবাহনে আগুন ধরিয়ে দেন।

টুঙ্গিপাড়য় পুড়েছে পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল। ছবিঃ সংগৃহীত

পরিস্থিতির অবনতির আশঙ্কায় বুধবার সন্ধ্যার মধ্যে টুঙ্গিপাড়া থানার অধিকাংশ পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনসে সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেলায় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়িতেও হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বাড়ির সামনের ফটকে আগুন দেওয়া হয় এবং তাঁর ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করা হয়।

আগুনে পুড়ছে এমপি বাবরের স্থাপনা। ছবি : সংগৃহীত

ওই ভবনে থাকা একটি ক্লিনিকেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে চিকিৎসাধীন নবজাতক ও সিজারিয়ান অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠা নারী রোগীদের দ্রুত স্থান ত্যাগ করতে হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সহিংসতার কারণে গোপালগঞ্জে শিক্ষা কার্যক্রমও ব্যাহত হয়েছে। স্থানীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে এবং পরীক্ষাও স্থগিত করেছে। জেলা কারাগারের আশপাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কক্সবাজারে পুলিশকে হামলা করে আসামি ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারের রামুতে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটকের পর তাঁকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ওই নেতার স্বজনেরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। হামলাকারীদের শনাক্ত এবং ছিনিয়ে নেওয়া ব্যক্তিকে আটক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

খুলনায় আদালত ভবনে ককটেল নিক্ষেপ

খুলনায় বুধবার রাতে জেলা জজ আদালত ভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে নিক্ষিপ্ত ককটেলটি বিস্ফোরিত হয়নি। আদালত ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এ ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

রংপুরে ১০ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন

রংপুরে ১০ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পরিবহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গোয়েন্দা পুলিশের ধারণা, এসব ঘটনার সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারেন। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আওয়ামী লীগের কার্যালয় ও নেতাদের বাড়িতেও অগ্নিসংযোগ

একদিকে বিএনপি নেতাদের বাড়িঘর ও বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটলেও অন্যদিকে আওয়ামী লীগের কার্যালয় ও নেতাদের সম্পত্তিতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন। ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জে আওয়ামী লীগের জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

কুমিল্লায় আওয়ামী লীগের কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য এ কে এম বাহাউদ্দিন বাহারের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও দলীয় কার্যালয় লক্ষ্য করে হামলার খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

২৮ জেলায় বোমা বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ দিনে দেশের অন্তত ২৮ জেলায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ১০ নভেম্বর থেকে এ পর্যন্ত গ্রামীণ ব্যাংকের অন্তত ৩৭টি কার্যালয়ও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এসব হামলার ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

লকডাউন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা দেশে সহিংসতা উসকে দিচ্ছেন। হামলা ও নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

গাজীপুর মহানগর পুলিশের একটি গাড়িতে আগুন। ছবি : সংগৃহীত

অন্যদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির দিন বৃহস্পতিবার ঢাকায় মিছিলের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

গত দুই দিনে প্রাণহানি, বাসে অগ্নিসংযোগ, রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা, থানা ও আদালত ভবনে হামলার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে। রাজনৈতিক কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করাই এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এই শাখার আরও খবর

ব্যাটসম্যান লিটন চমৎকার, উইকেটের পেছনে লিটন আরও বিস্ময়কর

টেস্ট ক্রিকেটের দেড় শ বছরের ইতিহাসে এক ইনিংসে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এখন বাংলাদেশের লিটন দাসের দখলে। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১০…

পুতিন-সি-ট্রাম্পের বৈঠকের আগে এশিয়ায় রুশ সামরিক বিমান, কী বার্তা দিতে চায় মস্কো?

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের বৈঠক সামনে রেখে পূর্ব এশিয়ায় সামরিক উড়োজাহাজ মোতায়েন করেছে রাশিয়া। বিশ্লেষকদের মতে, এক দশকের বেশি সময়ের মধ্যে এ অঞ্চলে…

এআই প্রযুক্তিতে আধিপত্যের লড়াই, যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে তীব্র হচ্ছে প্রযুক্তিযুদ্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিশ্বনেতৃত্ব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা ক্রমেই জোরালো হচ্ছে। উন্নত সেমিকন্ডাক্টর চিপ, প্রযুক্তি রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং গোপনে চিপ…

শরণার্থী গ্রহণ ৯০ শতাংশ কমানো ও বাবা-মায়ের স্থায়ী ভিসা বন্ধের ঘোষণা ওয়ান নেশনের

অস্ট্রেলিয়ায় শরণার্থী গ্রহণের সংখ্যা ৯০ শতাংশ কমিয়ে বছরে ২ হাজারে নামিয়ে আনা এবং বাবা-মায়ের জন্য স্থায়ী অভিবাসন ভিসা (পার্মানেন্ট প্যারেন্ট ভিসা) কর্মসূচি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছে…

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

ঢাকার উত্তরা থেকে আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে…

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au