বিশ্ব

এআই প্রযুক্তিতে আধিপত্যের লড়াই, যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে তীব্র হচ্ছে প্রযুক্তিযুদ্ধ

  • 12:45 pm - November 19, 2026
  • পঠিত হয়েছে:১৪ বার
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিশ্বে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই তীব্র হচ্ছে। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিশ্বনেতৃত্ব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা ক্রমেই জোরালো হচ্ছে। উন্নত সেমিকন্ডাক্টর চিপ, প্রযুক্তি রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং গোপনে চিপ সংগ্রহের অভিযোগকে ঘিরে দুই দেশের মধ্যে চলছে কৌশলগত লড়াই। প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিজেদের আধিপত্য ধরে রাখতে উভয় দেশই নিচ্ছে নানা পদক্ষেপ।

এমন পরিস্থিতিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সম্ভাব্য আলোচনায় এআই প্রযুক্তি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। তবে কূটনৈতিক আলোচনার পাশাপাশি প্রযুক্তিগত আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এআই প্রযুক্তি নিয়ে দুই দেশের মধ্যে নতুন দ্বিপক্ষীয় সংলাপ এগিয়ে নিতে আগ্রহী ওয়াশিংটন। তবে দুই দেশের মধ্যে বিদ্যমান মতপার্থক্য নিয়ে ভুল ধারণা না রাখারও সতর্কবার্তা দিয়েছেন তিনি। তাঁর মতে, এআই প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও চীন এখনো পরস্পরের প্রতিদ্বন্দ্বী।

লোয়ি ইনস্টিটিউটের সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, উন্নত এআই মডেল তৈরির সক্ষমতায় যুক্তরাষ্ট্র এখনো চীনের তুলনায় এগিয়ে রয়েছে। বিশেষ করে কম্পিউটিং সক্ষমতা ও উন্নত প্রযুক্তির সরবরাহে মার্কিন আধিপত্য দেশটিকে এগিয়ে রেখেছে। এই অবস্থান ধরে রাখতে চীনের কাছে অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ সীমিত করার কৌশল নিয়েছে ওয়াশিংটন।

তবে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও উন্নত চিপ সংগ্রহের বিকল্প পথ খুঁজছে বেইজিং। এ ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশকে ব্যবহার করে চীনে চিপ সরবরাহের অভিযোগ উঠেছে।

২০২৬ সালের মার্চে মার্কিন প্রসিকিউটররা সার্ভার নির্মাতা সুপার মাইক্রোর এক সহপ্রতিষ্ঠাতার বিরুদ্ধে এনভিডিয়ার চিপযুক্ত সার্ভার চীনে পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনেন। তাঁদের দাবি, এ প্রক্রিয়ায় প্রায় ২৫০ কোটি ডলারের এআই প্রযুক্তি চীনে পাঠানো হয়েছে। একই বছরের অক্টোবরে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ কোটি ২০ লাখ ডলার মূল্যের এআই চিপযুক্ত সার্ভার জব্দ করে দেশটির শুল্ক কর্তৃপক্ষ।

শুধু সরাসরি চিপ সংগ্রহ নয়, বিদেশের ডেটা সেন্টার ব্যবহার করেও কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে চীনা প্রতিষ্ঠানগুলো। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিড এনভিডিয়ার চিপ ব্যবহার করে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিভিন্ন ডেটা সেন্টারে কার্যক্রম পরিচালনা করেছে। এসব ডেটা সেন্টারের কম্পিউটিং সুবিধা চীনের কাজে লাগছে বলে ধারণা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ওপর নজরদারি ও কূটনৈতিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে প্রযুক্তি পাচার এবং নিষেধাজ্ঞা এড়িয়ে চিপ ব্যবহারের পথ বন্ধ করতে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে মার্কিন কংগ্রেস।

চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রতিনিধি পরিষদে ‘রিমোট অ্যাকসেস সিকিউরিটি অ্যাক্ট’ পাস হয়েছে। প্রস্তাবিত আইনে ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে নিষিদ্ধ চিপ ব্যবহারের ক্ষেত্রেও রপ্তানি নিয়ন্ত্রণ সম্প্রসারণের কথা বলা হয়েছে। তবে বিলটি নিয়ে এখনো সিনেটে ভোট হয়নি।

অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞার চাপ মোকাবিলায় নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনে জোর দিচ্ছে চীন। উন্নত চিপ তৈরির জন্য প্রয়োজনীয় লিথোগ্রাফি যন্ত্রপাতি সরবরাহে নেদারল্যান্ডসের প্রযুক্তি প্রতিষ্ঠান এএসএমএলের ওপর বিধিনিষেধ আরোপে চাপ দিয়ে আসছে ওয়াশিংটন।

এর মধ্যেই গত মে মাসে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে চিপের ট্রানজিস্টরের আকার ছোট না করেই সেগুলোর ঘনত্ব বাড়ানোর একটি নতুন নকশা প্রকাশ করেছে। ২০৩১ সালের মধ্যে এ প্রযুক্তির মাধ্যমে তাইওয়ানের চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসির ২০২৮ সালের প্রযুক্তিগত সক্ষমতার সমপর্যায়ে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে হুয়াওয়ে।

এদিকে চিপ নির্মাতাদের আন্তর্জাতিক সংগঠন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন প্রস্তাবিত ‘চিপ সিকিউরিটি অ্যাক্ট’-এর বিরোধিতা করেছে। সংগঠনটির মতে, চিপের অবস্থান শনাক্ত করতে বিশেষ প্রযুক্তিগত ব্যবস্থা বাধ্যতামূলক করার প্রস্তাবটি এখনো যথেষ্ট পরীক্ষিত নয়।

বিশ্লেষকদের মতে, শুধু রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করে চীনের প্রযুক্তিগত অগ্রযাত্রা থামানো কঠিন। কারণ, বেইজিং নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি তৃতীয় দেশের মাধ্যমে উন্নত চিপ ও কম্পিউটিং সুবিধা পাওয়ার বিকল্প পথ খুঁজছে। ফলে এপেক সম্মেলনে দুই দেশের শীর্ষ নেতাদের আলোচনায় সমঝোতার ইঙ্গিত মিললেও এআই প্রযুক্তিতে আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতা সহজে থামার সম্ভাবনা নেই।

এই শাখার আরও খবর

পুতিন-সি-ট্রাম্পের বৈঠকের আগে এশিয়ায় রুশ সামরিক বিমান, কী বার্তা দিতে চায় মস্কো?

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের বৈঠক সামনে রেখে পূর্ব এশিয়ায় সামরিক উড়োজাহাজ মোতায়েন করেছে রাশিয়া। বিশ্লেষকদের মতে, এক দশকের বেশি সময়ের মধ্যে এ অঞ্চলে…

শরণার্থী গ্রহণ ৯০ শতাংশ কমানো ও বাবা-মায়ের স্থায়ী ভিসা বন্ধের ঘোষণা ওয়ান নেশনের

অস্ট্রেলিয়ায় শরণার্থী গ্রহণের সংখ্যা ৯০ শতাংশ কমিয়ে বছরে ২ হাজারে নামিয়ে আনা এবং বাবা-মায়ের জন্য স্থায়ী অভিবাসন ভিসা (পার্মানেন্ট প্যারেন্ট ভিসা) কর্মসূচি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছে…

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

ঢাকার উত্তরা থেকে আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে…

আওয়ামী লীগের লকডাউন ঘিরে সহিংসতা-অগ্নিসংযোগ, দুই দিনে নিহত ৪

বাংলাদেশে আওয়ামী লীগের বৃহস্পতিবারের দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা, সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ছড়িয়ে পড়েছে। গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে…

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮…

সিএমএম আদালতে আইনজীবী শামীম সোহাগের ওপর হামলা ও গ্রেপ্তার, পেশাজীবী মানবাধিকার পরিষদের নিন্দা

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আইনজীবী অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগের ওপর হামলা, মারধর ও গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পেশাজীবী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au