অস্ট্রেলিয়া

শরণার্থী গ্রহণ ৯০ শতাংশ কমানো ও বাবা-মায়ের স্থায়ী ভিসা বন্ধের ঘোষণা ওয়ান নেশনের

  • 12:29 pm - November 19, 2026
  • পঠিত হয়েছে:২৫ বার
পলিন হ্যানসন মানবিক ভিসা ও বাবা-মায়ের জন্য স্থায়ী ভিসার সংখ্যা ব্যাপকভাবে কমাতে চান। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় শরণার্থী গ্রহণের সংখ্যা ৯০ শতাংশ কমিয়ে বছরে ২ হাজারে নামিয়ে আনা এবং বাবা-মায়ের জন্য স্থায়ী অভিবাসন ভিসা (পার্মানেন্ট প্যারেন্ট ভিসা) কর্মসূচি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছে দেশটির রাজনৈতিক দল ওয়ান নেশন। দলটির দাবি, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী ১০ বছরে সরকারের অভিবাসন খাতে ১০০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় সাশ্রয় হবে।

ওয়ান নেশনের এ পরিকল্পনা বাস্তবায়িত হলে শরণার্থী গ্রহণের ক্ষেত্রে লেবার সরকারের বর্তমান বার্ষিক ২০ হাজারের কোটা ব্যাপকভাবে কমে যাবে। দলটির নীতিগত অবস্থানে ভবিষ্যতে এই সংখ্যা বাড়িয়ে ২৭ হাজার করার কথাও রয়েছে। অন্যদিকে, বিরোধী জোট কোয়ালিশন শরণার্থী পুনর্বাসনের সংখ্যা অর্ধেকে নামিয়ে বছরে ১০ হাজারে আনার পরিকল্পনা করেছে। তবে জরুরি পরিস্থিতিতে এ সংখ্যা বাড়ানোর সুযোগ রাখার কথা জানিয়েছে তারা। অস্ট্রেলিয়ায় দীর্ঘমেয়াদি শরণার্থী গ্রহণের প্রচলিত ভিত্তিমাত্রা ১৩ হাজার ৭৫০ জন।

ওয়ান নেশনের নেতা পলিন হ্যানসন এ ঘোষণা দেন। এর আগে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক ওয়ার্কিং হলিডে ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব থেকে সরে আসার ঘোষণা দেন।

জনপ্রিয়তাবাদী রাজনীতির কারণে ওয়ান নেশনের কাছে ভোট হারানোর আশঙ্কায় লেবার সরকারও অভিবাসন নীতিতে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। দলটি আগামী দিনে নিট বিদেশি অভিবাসনের সংখ্যা ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনার চেষ্টা করছে।

ওয়ার্কিং হলিডে ভিসা ব্যবস্থায় নতুন লটারি পদ্ধতি চালুর সিদ্ধান্ত স্থগিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। একই সঙ্গে দ্বিতীয় বছরের ভিসা পাওয়ার জন্য আঞ্চলিক এলাকায় কাজের মেয়াদ ৮৮ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করার প্রস্তাবও পুনর্বিবেচনা করা হয়েছে। কৃষি, পর্যটন ও আতিথেয়তা খাতের ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে সরকার এ সিদ্ধান্ত নেয়। কোয়ালিশনও এ উদ্যোগের সমালোচনা করে বলেছে, এর ফলে আঞ্চলিক এলাকায় কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে।

অভিবাসন নীতিতে ওয়ান নেশনের এটি দ্বিতীয় দফার ঘোষণা। এর আগে গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং দক্ষ অভিবাসীদের পরিবারের সদস্যদের লক্ষ্য করে তিন বছরে মোট ৭ লাখ ৫০ হাজার অভিবাসী কমানোর পরিকল্পনা প্রকাশ করেছিল দলটি।

পলিন হ্যানসন বলেন, শরণার্থী পুনর্বাসনের সংখ্যা কমিয়ে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) সদস্য দেশগুলোর মাথাপিছু গড়ের কাছাকাছি নিয়ে আসা হলে জীবনযাত্রার ব্যয়সংকট মোকাবিলায় সহায়তা হবে।

তিনি বলেন, ‘প্রতিটি মানবিক বিবেচনায় আসা অভিবাসীর পেছনে অস্ট্রেলীয় করদাতাদের আজীবন গড়ে পাঁচ লাখ ডলারের বেশি ব্যয় হয়।’

ওয়ান নেশনের হিসাব অনুযায়ী, দেশটির ট্রেজারির আর্থিক পূর্বাভাসের ভিত্তিতে এবং মূল্যস্ফীতি সমন্বয় করে আগামী ১০ বছরে সরকারের সম্ভাব্য সাশ্রয়ের পরিমাণ দাঁড়াবে ১৪১ বিলিয়ন ডলার। দলটির হিসাবে, কর ও ভিসা ফি থেকে পাওয়া অর্থ বাদ দেওয়ার পরও একজন মানবিক শরণার্থীর পেছনে সরকারের গড় আজীবন ব্যয় প্রায় ৫ লাখ ২৩ হাজার ডলার। অন্যদিকে, স্থায়ীভাবে আসা একজন বাবা বা মায়ের পেছনে এ ব্যয় প্রায় ৫ লাখ ১৫ হাজার ডলার।

হ্যানসনের ভাষ্য, ‘স্থায়ীভাবে বাবা-মায়ের অভিবাসন করদাতাদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করে। কারণ, তাঁরা সাধারণত জীবনের শেষ পর্যায়ে অস্ট্রেলিয়ায় আসেন। ফলে অস্ট্রেলিয়ার অর্থনীতিতে কয়েক দশক ধরে কর দেওয়ার সুযোগ তাঁদের থাকে না। অথচ স্বাস্থ্যসেবা, পেনশন ও বয়স্কদের পরিচর্যায় সরকারের ব্যয় বহন করতে হয়।’

তবে নতুন নীতিতে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য প্রচলিত দীর্ঘমেয়াদি অস্থায়ী ভিসা চালু রাখার কথা জানিয়েছে ওয়ান নেশন।

ওয়ার্কিং হলিডে ভিসার প্রস্তাবকে ‘ভুল পরিকল্পনা’ বলছে বিরোধীরা

মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, নিয়োগকর্তাদের কাছ থেকে পর্যাপ্ত কর্মী পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশের পর অভিবাসন প্যাকেজে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ভিসার সংখ্যা নির্ধারণ এবং আঞ্চলিক এলাকায় কাজের শর্ত পুনর্বিন্যাসের বিষয়ও রয়েছে।

সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নয়, বরং আগের পরিকল্পনার ভুল স্বীকার হিসেবে দেখছে বিরোধী দল ন্যাশনালস। দলটির নেতা ম্যাট ক্যানাভান বলেন, সরকারের প্রাথমিক প্রস্তাবগুলো যথাযথভাবে যাচাই করা হয়নি এবং শিল্প খাতের আগাম সতর্কবার্তাও উপেক্ষা করা হয়েছিল।

তিনি বলেন, ‘লেবার সরকার অপরিকল্পিত বিধিনিষেধ কার্যকর করতে গিয়ে আঞ্চলিক এলাকার নিয়োগকর্তা এবং ওয়ার্কিং হলিডে ভিসাধারীদের মধ্যে সম্পূর্ণ অপ্রয়োজনীয় অনিশ্চয়তা তৈরি করেছে।’

প্রস্তাবিত পরিবর্তন অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে যুক্তরাজ্যের নাগরিক ছাড়া যাঁরা দ্বিতীয় বা তৃতীয় বছরের ওয়ার্কিং হলিডে ভিসার আবেদন করবেন, তাঁদের জন্য পরবর্তী বছরের আঞ্চলিক কাজের নিশ্চয়তা-সংক্রান্ত শর্ত কার্যকর হবে।

দ্বিতীয় বছরের ভিসা পেতে আবেদনকারীদের আঞ্চলিক এলাকায় অতিরিক্ত এক মাস কাজ করতে হবে। দ্বিতীয় বছরের ভিসার সর্বোচ্চ সংখ্যা ৪৫ হাজারই রাখা হবে। তবে তৃতীয় বছরের ভিসার ক্ষেত্রে প্রস্তাবিত লটারি পদ্ধতিতে প্রাথমিকভাবে ৫ হাজারের পরিবর্তে ২৫ হাজার ভিসা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তৃতীয় বছরের ভিসার জন্য আঞ্চলিক এলাকায় ছয় মাস কাজ করার শর্ত বহাল থাকবে।

টনি বার্ক বলেন, যুক্তরাজ্যের ব্যাকপ্যাকারদের ভিসা প্রক্রিয়াকরণে ধীরগতির কারণে এসব পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। তবে আঞ্চলিক এলাকায় কাজ করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাওয়া ব্রিটিশ নাগরিকদের জন্য বিদ্যমান নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি।

২০২৩ সাল থেকে মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাজ্যের ব্যাকপ্যাকাররা অস্ট্রেলিয়ায় বিশেষ সুবিধা পেয়ে আসছেন। এর ফলে ২০২৩-২৪ অর্থবছরে তাঁদের ভিসার সংখ্যা ছিল ৪৭ হাজার ২০০। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ৭৭ হাজার ছাড়িয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার জন্য আরও সুবিধাজনক চুক্তি নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

ব্যাটসম্যান লিটন চমৎকার, উইকেটের পেছনে লিটন আরও বিস্ময়কর

টেস্ট ক্রিকেটের দেড় শ বছরের ইতিহাসে এক ইনিংসে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এখন বাংলাদেশের লিটন দাসের দখলে। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১০…

পুতিন-সি-ট্রাম্পের বৈঠকের আগে এশিয়ায় রুশ সামরিক বিমান, কী বার্তা দিতে চায় মস্কো?

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের বৈঠক সামনে রেখে পূর্ব এশিয়ায় সামরিক উড়োজাহাজ মোতায়েন করেছে রাশিয়া। বিশ্লেষকদের মতে, এক দশকের বেশি সময়ের মধ্যে এ অঞ্চলে…

এআই প্রযুক্তিতে আধিপত্যের লড়াই, যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে তীব্র হচ্ছে প্রযুক্তিযুদ্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিশ্বনেতৃত্ব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা ক্রমেই জোরালো হচ্ছে। উন্নত সেমিকন্ডাক্টর চিপ, প্রযুক্তি রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং গোপনে চিপ…

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

ঢাকার উত্তরা থেকে আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে…

আওয়ামী লীগের লকডাউন ঘিরে সহিংসতা-অগ্নিসংযোগ, দুই দিনে নিহত ৪

বাংলাদেশে আওয়ামী লীগের বৃহস্পতিবারের দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা, সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ছড়িয়ে পড়েছে। গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে…

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au