বিশ্ব

পুতিন-সি-ট্রাম্পের বৈঠকের আগে এশিয়ায় রুশ সামরিক বিমান, কী বার্তা দিতে চায় মস্কো?

  • 1:13 pm - November 19, 2026
  • পঠিত হয়েছে:১১ বার
জাপান সাগর থেকে উড়ে পূর্ব চীন সাগরে গিয়ে চীনের দুটি এইচ-৬ বোমারু বিমানের সঙ্গে মিলিত হয় রাশিয়ার একটি টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান। পরে বিমানগুলো পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে যায়। ৯ ডিসেম্বর ২০২৫।ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের বৈঠক সামনে রেখে পূর্ব এশিয়ায় সামরিক উড়োজাহাজ মোতায়েন করেছে রাশিয়া। বিশ্লেষকদের মতে, এক দশকের বেশি সময়ের মধ্যে এ অঞ্চলে মস্কোর এটি অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক তৎপরতা। ইউক্রেন যুদ্ধের মধ্যেও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সামরিক শক্তি প্রদর্শনের সক্ষমতা যে রাশিয়ার রয়েছে, এ পদক্ষেপের মাধ্যমে সেই বার্তাই দিতে চায় দেশটি।

বুধবার ভিয়েতনামের দানাং বিমানবন্দরে রাশিয়ার দুটি টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান অবস্থান করতে দেখা যায়। বিমান দুটির সঙ্গে ছিল আকাশে অন্য উড়োজাহাজে জ্বালানি সরবরাহে সক্ষম দুটি দূরপাল্লার ট্যাংকার বিমান। ন্যাটোর কাছে টিইউ-৯৫ বোমারু বিমান ‘বিয়ার’ নামে পরিচিত।

এর আগের দিন মঙ্গলবার রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চল থেকে দক্ষিণ দিকে উড়ে আসার সময় বিমানগুলোর গতিবিধি নিয়ে সতর্ক অবস্থান নেয় জাপান ও তাইওয়ানের বিমানবাহিনী।

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) ৩৩তম সম্মেলনে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পৌঁছানোর ঠিক আগে বিমানগুলো ওই পথে উড়ে যায়। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের নেতারা আসিয়ানের বৈঠকে যোগ দিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থান করছিলেন।

সিঙ্গাপুরের আইএসইএএস-ইউসুফ ইশাক ইনস্টিটিউটের নিরাপত্তাবিষয়ক গবেষক ইয়ান স্টোরির মতে, ইউক্রেনে যুদ্ধ চললেও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সামরিক শক্তি প্রদর্শনের সক্ষমতা রাশিয়ার রয়েছে, এ অঞ্চলের দেশগুলোকে সেটিই স্মরণ করিয়ে দিতে চায় মস্কো।

চীনের শেনঝেনে অ্যাপেক সম্মেলনে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগমন উপলক্ষে রাশিয়া ও চীনের পতাকা হাতে নৃত্যশিল্পীরা। চীনের শেনঝেন বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে, ১৮ নভেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

পুরোনো সামরিক সুবিধা ব্যবহারের পথে রাশিয়া?

ইয়ান স্টোরির তথ্য অনুযায়ী, ভিয়েতনামে রাশিয়ার কৌশলগত বোমারু বিমান মোতায়েনের সর্বশেষ জানা ঘটনা ২০১৪ সালের। ওই সময় রুশ যুদ্ধজাহাজ ও সামরিক বিমানকে ভিয়েতনামের কাম রান উপসাগরের ঘাঁটি এবং দানাং বিমানঘাঁটি ব্যবহারের অগ্রাধিকার দেওয়া হয়েছিল।

স্নায়ুযুদ্ধের সময় কাম রান উপসাগরে রাশিয়ার সামরিক ঘাঁটি ছিল। এর আগে ভিয়েতনাম যুদ্ধের সময় কাম রান ও দানাংয়ে বিমানঘাঁটি গড়ে তুলেছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

স্টোরি জানান, ২০১৪ সালে দানাংয়ে জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন করেছিল রাশিয়া। এসব বিমানের সহায়তায় প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপের কাছে টিইউ-৯৫ বোমারু বিমান উড্ডয়ন করতে পেরেছিল। গুয়ামে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান ও নৌঘাঁটি রয়েছে।

এরপর ভিয়েতনামে এ ধরনের রুশ সামরিক বিমান মোতায়েনের আর কোনো ঘটনা তাঁর জানা নেই। স্টোরির ধারণা, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন হ্যানয়ের কাছে আপত্তি জানানোর পর এ কার্যক্রম বন্ধ হয়ে থাকতে পারে।

সামরিক বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, টিইউ-৯৫ বোমারু বিমানের কয়েকটি সংস্করণ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজেও এসব বিমান ব্যবহার করা হয়।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের ভিয়েতনামের নিরাপত্তাবিষয়ক বিশেষজ্ঞ নগুয়েন দ্য ফুয়ং বলেন, গত বছর পুরোনো সামরিক সুবিধাগুলো আবার ব্যবহারের অনুমতি চেয়েছিল রাশিয়া। তবে বিষয়টি নিয়ে শুরুতে দ্বিধায় ছিল ভিয়েতনাম।

ফুয়ংয়ের মতে, এবারের মোতায়েনের তাৎক্ষণিক উদ্দেশ্য সম্ভবত জ্বালানি সংগ্রহ। তবে এর মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার ক্ষেত্রে হ্যানয়ের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে ভিয়েতনামে আরও রুশ সামরিক বিমান মোতায়েনের পথও খুলে যেতে পারে।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও হ্যানয়ে অবস্থিত রুশ দূতাবাস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। জাপান ও তাইওয়ানের কাছে রুশ বিমানের উড্ডয়ন নিয়েও মার্কিন পররাষ্ট্র দপ্তর কোনো মন্তব্য করেনি।

চীনের শেনঝেনে অ্যাপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে অংশ নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বাঁয়ে) ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ১৮ নভেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

শীর্ষ বৈঠকের আগে সামরিক শক্তির প্রদর্শন

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিসার্চের গবেষক চিয়ে চুং বলেন, তাইওয়ানের কাছাকাছি রুশ সামরিক বিমানের উপস্থিতি নতুন কোনো ঘটনা নয়। ১৯৮৬ ও ২০১০ সালেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সে সময়ও টিইউ-৯৫ বোমারু বিমান ব্যবহার করেছিল রাশিয়া।

চিয়ে চুংয়ের মতে, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই উড্ডয়নের জন্য বৃহস্পতিবারের যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়া শীর্ষ বৈঠকের আগের সময়টি বেছে নিয়েছে মস্কো।

তাঁর ধারণা, বৈঠকের আগে চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার বিষয়টি তুলে ধরাও এ পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য হতে পারে।

চীন ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে। তাইওয়ানের ওপর বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবিকে বারবার সমর্থন জানিয়েছে মস্কো। অন্যদিকে, চীনের বিমান ও নৌবাহিনী নিয়মিতভাবে তাইওয়ান প্রণালি ও দ্বীপটির আশপাশে সামরিক তৎপরতা চালায়।

বুধবার তাইপেতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাইওয়ানের সামরিক বাহিনীর জেনারেল স্টাফের উপপ্রধান হুয়াং চিহ-ওয়েই বলেন, রুশ সামরিক বিমানগুলোর এ উড্ডয়ন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করেছে।

চীনের শেনঝেনে অ্যাপেক সম্মেলনে যোগ দিতে বিমানবন্দরে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ১৮ নভেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

রুশ বিমান মোতায়েনে চীনকেও কি বার্তা দিচ্ছে ভিয়েতনাম?

রাশিয়ার সামরিক বিমান মোতায়েনের অনুমতি দেওয়ার পেছনে ভিয়েতনামের নিজস্ব কৌশলগত হিসাবও থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ নগুয়েন দ্য ফুয়ং। তাঁর মতে, রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনা এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা পাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েই হ্যানয় এ সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে।

ভিয়েতনামের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়া। সামরিক সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে অন্য দেশগুলোর তুলনায় মস্কোর অবস্থান এখনো গুরুত্বপূর্ণ।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর থেকে ভিয়েতনাম বিভিন্ন দেশ থেকে অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে। তবে রুশ যন্ত্রাংশ ও কারিগরি সহায়তার ওপর দেশটির নির্ভরতা এখনো রয়েছে। রাশিয়ার কাছ থেকে নতুন সামরিক সরঞ্জাম কেনার বিষয়েও আলোচনা চলছে।

ফুয়ংয়ের মতে, রুশ সামরিক বিমান মোতায়েনের অনুমতি দিয়ে প্রতিবেশী চীনকেও পরোক্ষ বার্তা দিতে পারে ভিয়েতনাম। অর্থাৎ, আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক ভারসাম্যের প্রশ্নে রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক এখনো গুরুত্বপূর্ণ।

এদিকে গত সেপ্টেম্বরের শেষ দিকে বেইজিং জানায়, লাওসের বিমানবাহিনীর প্রশিক্ষণের জন্য দেশটিতে নতুন একটি সামরিক বিমানক্ষেত্র নির্মাণে সহায়তা করছে চীন।

ফুয়ং বলেন, ভিয়েতনাম প্রকাশ্যে এ উদ্যোগের সমালোচনা করেনি। তবে প্রস্তাবিত প্রশিক্ষণকেন্দ্রটি যেন ভবিষ্যতে সামরিক ঘাঁটিতে রূপ না নেয়, তা নিশ্চিত করতে সেখানকার কার্যক্রম পর্যবেক্ষণ করছে হ্যানয়।

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমা নিয়েও চীন ও ভিয়েতনামের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ অঞ্চলে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে কৌশলগত ভারসাম্য রক্ষার উপায় হিসেবে বিবেচনা করে আসছে হ্যানয়।

নিরাপত্তা গবেষক ইয়ান স্টোরির মতে, রুশ বোমারু বিমান মোতায়েনের অনুমতি দিয়ে ভিয়েতনাম চীনকে বোঝাতে চাইতে পারে, মস্কোর সঙ্গে তার সামরিক সম্পর্ক এখনো শক্তিশালী। এর মাধ্যমে আঞ্চলিক রাজনীতিতে নিজের কৌশলগত অবস্থানও তুলে ধরতে চাইছে হ্যানয়।

সূত্র: রয়টার্স

এই শাখার আরও খবর

ব্যাটসম্যান লিটন চমৎকার, উইকেটের পেছনে লিটন আরও বিস্ময়কর

টেস্ট ক্রিকেটের দেড় শ বছরের ইতিহাসে এক ইনিংসে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এখন বাংলাদেশের লিটন দাসের দখলে। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১০…

এআই প্রযুক্তিতে আধিপত্যের লড়াই, যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে তীব্র হচ্ছে প্রযুক্তিযুদ্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিশ্বনেতৃত্ব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা ক্রমেই জোরালো হচ্ছে। উন্নত সেমিকন্ডাক্টর চিপ, প্রযুক্তি রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং গোপনে চিপ…

শরণার্থী গ্রহণ ৯০ শতাংশ কমানো ও বাবা-মায়ের স্থায়ী ভিসা বন্ধের ঘোষণা ওয়ান নেশনের

অস্ট্রেলিয়ায় শরণার্থী গ্রহণের সংখ্যা ৯০ শতাংশ কমিয়ে বছরে ২ হাজারে নামিয়ে আনা এবং বাবা-মায়ের জন্য স্থায়ী অভিবাসন ভিসা (পার্মানেন্ট প্যারেন্ট ভিসা) কর্মসূচি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছে…

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

ঢাকার উত্তরা থেকে আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে…

আওয়ামী লীগের লকডাউন ঘিরে সহিংসতা-অগ্নিসংযোগ, দুই দিনে নিহত ৪

বাংলাদেশে আওয়ামী লীগের বৃহস্পতিবারের দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা, সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ছড়িয়ে পড়েছে। গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে…

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au