বাংলাদেশ

প্রশ্নের মুখে সরকারের ভূমিকা: বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে?

  • 11:54 pm - November 23, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
ঢাকায় পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

বাংলাদেশে রাজনৈতিক হিংসা ক্রমশ ছড়িয়ে পড়ছে। প্রথম দিকে চট্টগ্রামের মতো এলাকায় হিংসার ঘটনা সামনে এসেছিল, যেখানে উল্লেখযোগ্য সংখ্যায় হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস। এবার সেই অশান্তি ছড়িয়ে পড়েছে সিলেটের মতো এলাকাতেও, যেখানে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির যথেষ্ট রাজনৈতিক প্রভাব রয়েছে। ইতিমধ্যেই অন্তত চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। কিন্তু বাংলাদেশে ঠিক কী ঘটছে?

একটি বিষয় ক্রমশ স্পষ্ট হচ্ছে। কোনও জনপ্রিয়তাহীন বা স্বৈরাচারী শাসককে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া বিপ্লবের সবচেয়ে সহজ কাজ। কিন্তু তার পর দেশ গড়া, গণতন্ত্রের পথে এগিয়ে চলা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা অনেক বেশি কঠিন। বাংলাদেশের গত দু’বছরের পরিস্থিতি যেন সেই বাস্তবতাই সামনে এনে দিয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেশ ছাড়তে বাধ্য করার পর থেকে বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ জটিল হয়েছে।

শেখ হাসিনার শাসন যতই কর্তৃত্ববাদী বা স্বৈরাচারী হয়ে থাকুক না কেন, তাঁর আমলে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়েছিল। দেশের জিডিপি বৃদ্ধি পেয়েছিল, বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সূচকের উন্নতি হয়েছিল। শিশুমৃত্যুর হার, মহিলাদের স্বাস্থ্য, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো একাধিক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান প্রতিবেশী ভারতের থেকেও ভালো ছিল।

কিন্তু যে ছাত্র-জনতার আন্দোলন দেশের উন্নয়ন ও অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে বলে প্রত্যাশা তৈরি হয়েছিল, বাস্তবে তার উল্টো ছবি দেখা যাচ্ছে বলে দাবি এই প্রতিবেদনে। মাথাপিছু আয় কমেছে, অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হয়েছে, মহিলাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ব অর্থনীতির মন্দার প্রভাব। আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশে মূল্যবৃদ্ধির হার ৮.৭ শতাংশে পৌঁছতে পারে।

শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই দেশের নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে। সাম্প্রতিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও হিংসার জন্য আওয়ামী লিগের কর্মী-সমর্থকদের দায়ী করা হলেও লেখকের দাবি, ২০২৪ সালের অগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই দেশে হিংসার ঘটনা বেড়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস কিংবা চলতি বছরের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি, কেউই এই হিংসা নিয়ন্ত্রণ করতে পারেনি।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে গণপিটুনিতে ১৭১ জনের মৃত্যু হয়েছে। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ১৯৮ এবং ২০২৪ সালে ১২৮।

প্রতিবেদনে হিংসার জন্য জামায়াতে ইসলামি বাংলাদেশকেও দায়ী করা হয়েছে। লেখকের অভিযোগ, জামায়াতের কর্মী ও তাদের সহযোগী সংগঠনের সদস্যরা হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের পাশাপাশি মহিলাদেরও নিশানা করেছেন। বিশেষ করে মুসলিম মহিলাদের পোশাক, জীবনযাপন ও সামাজিক আচরণের উপর শরিয়াভিত্তিক বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এ ছাড়াও সুফি দরগা, মাজার এবং সেখানে যাতায়াতকারী ধর্মপ্রাণ মানুষদের উপর হামলার অভিযোগ উঠেছে। সাম্প্রতিক একটি নৃশংস ঘটনার উদাহরণ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এক পিরের মৃতদেহ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে কেউ ওই সমাধিতে যেতে না পারেন।

লেখকের দাবি, মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় থেকে শুরু করে বিএনপি ক্ষমতায় আসার পরেও এই ধরনের ঘটনা বন্ধ হয়নি। বিএনপির বিরুদ্ধে জামায়াতের সঙ্গে রাজনৈতিক বোঝাপড়ার অভিযোগও রয়েছে। অন্তত রাজনৈতিক সমর্থনের স্বার্থে বিএনপি জামায়াতের কর্মকাণ্ডের প্রতি নীরব থেকেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

অন্য দিকে, সাম্প্রতিক হিংসার পিছনে আওয়ামী লিগের কর্মী-সমর্থকদের ভূমিকাও অস্বীকার করা হয়নি। শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে বর্তমান সরকার অস্বীকার করায় আওয়ামী লিগের একাংশ ক্ষুব্ধ হয়ে হিংসাত্মক আন্দোলনে নেমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমনকী মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। লেখকের মতে, ঘটনাটি যেন এক অদ্ভুত রাজনৈতিক পরিণতির ছবি। কারণ, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়েই হিন্দুদের বাড়িঘর এবং বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

আন্দোলনকারীদের অন্যতম দাবি, আওয়ামী লিগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি জেলে বন্দি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মুক্তি দিতে হবে।

শেখ হাসিনা দেশ ছাড়লেও এবং বর্তমান নির্বাচনে আওয়ামী লিগকে নিষিদ্ধ করা হলেও বাংলাদেশের জনসংখ্যার অন্তত এক-তৃতীয়াংশ এখনও দলটির সমর্থক বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ২০২৪ সালের অগস্টের আন্দোলনের প্রথম দিকে তাঁরা নীরব থাকলেও এখন আর চুপ করে থাকতে রাজি নন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার আবেদন এবং পাসপোর্ট ও অন্যান্য নথি সংক্রান্ত অনুরোধে ইতিবাচক সাড়া দেয়নি বাংলাদেশ সরকার। বরং ভারত সরকারের সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনার পথেই এগোতে চায় ঢাকা। উল্লেখ্য, গত বছর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছিল।

তবে বাংলাদেশের বর্তমান হিংসা শুধুমাত্র দুই রাজনৈতিক শিবিরের সংঘর্ষে সীমাবদ্ধ নয়। সাধারণ মানুষের ক্ষোভও ক্রমশ বাড়ছে। মানুষের জীবিকা বিপন্ন হচ্ছে, অথচ দুর্নীতি কমার পরিবর্তে আরও বাড়ছে বলে অভিযোগ।

জামায়াত ও বিএনপি, উভয় দলের বিরুদ্ধেই জমি ও সম্পত্তি দখল, সাধারণ মানুষকে জোর করে চাঁদা দিতে বাধ্য করা এবং বিভিন্ন ধরনের তোলাবাজির অভিযোগ উঠেছে। বিশেষ করে দিনমজুর, নিম্ন আয়ের মানুষ এবং করের আওতার বাইরে থাকা সাধারণ মানুষ এই ধরনের হয়রানির শিকার হচ্ছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাক শিল্পও এখন গভীর সংকটের মুখে। এর পিছনে মুহাম্মদ ইউনূসের আমলে আমেরিকার সঙ্গে হওয়া বাণিজ্যিক আলোচনা ও চুক্তির ভূমিকা রয়েছে বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। লেখকের দাবি, আমেরিকার সঙ্গে অনুকূল রফতানি শর্ত পাওয়ার বিনিময়ে বাংলাদেশকে তুলনামূলক বেশি দামে মার্কিন তুলো কিনতে হবে। এই চুক্তির ফলে দেশের পোশাক শিল্পের উপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে।

এদিকে, গত মঙ্গলবার থেকে ঢাকায় পোশাক শিল্পের শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়েছে। গাড়িতে আগুন দেওয়া, যানবাহন ভাঙচুর এবং মহাসড়ক অবরোধের মতো ঘটনাও ঘটেছে। শ্রমিকদের বেতন বৃদ্ধি এবং ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন আরও তীব্র হয়েছে। গত মঙ্গলবার গুরুত্বপূর্ণ মজুরি বোর্ডের বৈঠক বাতিল হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

ফরাসি সংবাদ সংস্থা এএফপির তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রায় সাড়ে চার হাজার পোশাক কারখানার মধ্যে প্রায় ৫০০টি বন্ধ রয়েছে। এই শিল্পের সঙ্গে প্রায় ৪০ লক্ষ শ্রমিক যুক্ত। তাঁদের দীর্ঘদিনের দাবি, বেতন বৃদ্ধি এবং ন্যূনতম মজুরি নিশ্চিত করা।

অর্থাৎ, বাংলাদেশের বিভিন্ন শ্রেণি ও গোষ্ঠীর মধ্যে জমে থাকা ক্ষোভ এখন একসঙ্গে বিস্ফোরিত হচ্ছে। রাজনৈতিক সংঘর্ষ, ধর্মীয় অসহিষ্ণুতা, অর্থনৈতিক সংকট, শ্রমিক অসন্তোষ এবং দুর্নীতির অভিযোগ, সব মিলিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে তারেক রহমানের সরকার।

প্রতিবেদনের শেষ পর্যবেক্ষণ, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছিল, তা এখন এমন এক পরিস্থিতি তৈরি করেছে, যেখান থেকে দেশকে ফিরিয়ে আনার পথ ক্রমশ কঠিন হয়ে উঠছে। একের পর এক জেলায় হিংসা ছড়িয়ে পড়ছে, পাল্টা হামলা ও প্রতিশোধের ঘটনা বাড়ছে। বাংলাদেশের পরিস্থিতি দেখে আশঙ্কা তৈরি হচ্ছে, দেশটি শেষ পর্যন্ত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কি না।

সূত্র: আওয়াজ দ্য ভয়েজ

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে বিজিবির অভিযান ঘিরে উত্তেজনা, দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীর বাধা

গোপালগঞ্জ সদর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মধ্যরাতে শতাধিক বিজিবি সদস্যের অভিযানের খবর ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের…

পোলট্রি খামারের আড়ালে বোমার আস্তানা, মাটির নিচে মিলল ১১টি আইইডি

পোলট্রি খামার গড়ার কথা বলে বাড়ি ভাড়া নিয়েছিলেন। কিন্তু সেই বাড়ির উঠানের মাটির নিচেই লুকিয়ে রাখা হয়েছিল ১১টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। প্রায় দুই মাস…

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর

জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য…

ভারত থেকে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত থেকে বাংলাদেশে ফেরার চেষ্টা করলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ডিসেম্বরে শেখ…

গোপালগঞ্জে মুজিবের মাজার ভাঙার আশঙ্কা, টুঙ্গিপাড়ায় লাখো মানুষের জমায়েতের ডাক আওয়ামী লীগের

বাংলাদেশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এবং তাঁর পৈতৃক বাড়ি ভাঙার আশঙ্কা প্রকাশ করেছে আওয়ামী লীগ। দলটির অভিযোগ, বিএনপি ও জামায়াতে ইসলামির তরফে এই…

হামাস নেতাকে ‘বীর’ আখ্যা দেওয়া জামায়াত আমিরের সিডনি সফর ঘিরে বিতর্ক, অস্ট্রেলিয়ার ভিসা যাচাই নিয়ে প্রশ্ন

ওটিএন বাংলা ডেস্ক | মেলবোর্ন, ২৩ নভেম্বর ২০২৬ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au