আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ
সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়েছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল পৌনে…
নেত্রকোনায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে নওমুসলিম ইসলামী বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের লোকজন রয়েছেন, এমন সন্দেহে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গাড়িটি থামানোর চেষ্টা করেন। চালক গাড়ি না থামিয়ে সামনে এগিয়ে গেলে তাঁরা মোটরসাইকেলে পিছু ধাওয়া করে হামলা চালান বলে অভিযোগ করেছেন নোমানীর সফরসঙ্গীরা।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নেত্রকোনা শহরের চল্লিশা এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। হামলার সময় গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে নোমানীকে গাড়ির ভেতর থেকে চিৎকার করে সাহায্য চাইতে শোনা যায়। তিনি বলতে থাকেন, ‘আমাদের বাঁচান, আমাদেরকে ডাকাতে আক্রমণ করছে।’ এ সময় তিনি আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করেন এবং নিজের পরিচয় দিয়ে আবারও সাহায্য চান।
নোমানীর সফরসঙ্গীদের বরাতে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আব্দুল কাইয়ুম গণমাধ্যমকে জানান, ওয়াজ মাহফিল শেষে গভীর রাতে নোমানীসহ অন্যরা নেত্রকোনার একটি জ্বালানি স্টেশন থেকে তেল নিয়ে পূর্বধলায় নিজেদের বাড়ির উদ্দেশে রওনা হন। পথে চল্লিশা এলাকার বাইপাস সড়কে লাঠি হাতে কয়েকজন তাঁদের গাড়ি থামানোর চেষ্টা করেন। তাঁদের ডাকাত ভেবে নোমানী চিৎকার করেন এবং চালককে গাড়ি না থামিয়ে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন।
আব্দুল কাইয়ুমের ভাষ্য অনুযায়ী, পরে কয়েকজন মোটরসাইকেলে গাড়িটির পিছু নেন এবং হামলা চালান। পরিস্থিতি বেগতিক দেখে নোমানী গাড়িটি ঘুরিয়ে থানার দিকে রওনা হন। তবে থানায় যাওয়ার পথেও হামলা থামেনি। হামলাকারীরা গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভাঙচুর করেন। এ সময় নোমানী ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন।
থানায় পৌঁছানোর পর তাঁরা জানতে পারেন, রাস্তায় পাহারার দায়িত্বে থাকা সরকারদলীয় লোকজন তাঁদের গাড়িটি থামানোর চেষ্টা করেছিলেন। গাড়ি না থামানোয় তাঁদের ধারণা হয়েছিল, এতে আওয়ামী লীগের লোকজন রয়েছেন। সেই ভুল ধারণা থেকেই হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন আব্দুল কাইয়ুম।
এ বিষয়ে নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ঘটনাটি ভুল-বোঝাবুঝির কারণে ঘটেছে। বিষয়টি সংসদ সদস্য আনোয়ারুল হককে জানানো হয়েছে। তিনি উভয় পক্ষের সঙ্গে কথা বলেছেন। এটি কোনো ডাকাতির ঘটনা নয় বলেও জানান তিনি।
নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. আনোয়ারুল হক বলেন, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের লোকজনের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের আশঙ্কায় বিভিন্ন এলাকায় তাঁদের নেতাকর্মীরা পাহারায় ছিলেন। রাতে ওই এলাকায় আওয়ামী লীগের লোকজন মিছিল করতে পারে বা আগুন দিতে পারে, এমন খবরও তাঁদের কাছে ছিল বলে দাবি করেন তিনি।
আনোয়ারুল হকের ভাষ্য, গাড়িটি যাওয়ার সময় তাঁদের লোকজন থামার সংকেত দিয়েছিলেন। কিন্তু চালক গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে সামনে এগিয়ে যান। এতে পাহারায় থাকা ব্যক্তিদের ধারণা হয়, গাড়িতে আওয়ামী লীগের লোকজন থাকতে পারেন। এ কারণে তাঁরা গাড়িটির পিছু নেন। অন্যদিকে, নোমানী তাঁদের ডাকাত ভেবে চিৎকার শুরু করেন।
ঘটনাটিকে ভুল-বোঝাবুঝি উল্লেখ করে আনোয়ারুল হক বলেন, এ ঘটনার জন্য নোমানীর কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। তাঁদের কোনো নেতাকর্মী তাঁর সঙ্গে অশালীন আচরণ করে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au