মধ্যরাতে সচিবালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ
ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে…
সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়েছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে শাহজাদপুর পৌর শহরের নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাঁকে গ্রেপ্তার না করেই ঘটনাস্থল থেকে ফিরে যায় পুলিশের দল।
হালিমুল হক মিরু নলুয়া গ্রামের বাসিন্দা। তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র। পুলিশের ভাষ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত একটি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে থানা-পুলিশের একটি দল মিরুকে গ্রেপ্তার করতে তাঁর বাড়িতে যায়। পুলিশ আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের কয়েকশ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। তাঁরা মিরুকে গ্রেপ্তারে বাধা দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীর সংখ্যা আরও বাড়তে থাকে। একপর্যায়ে পুলিশ তাঁকে আটক না করেই সেখান থেকে ফিরে যায়। পরে রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের দাবি, এলাকায় হালিমুল হক মিরুর জনপ্রিয়তা রয়েছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি কোনো সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলে দাবি করেন স্থানীয়রা। তাঁকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী রাস্তায় নেমে আসেন বলেও জানান তাঁরা।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের একটি দল হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে তাঁর বাড়িতে গিয়েছিল। তবে তিনি বাড়িতে ছিলেন না।
ওসি আরও জানান, গ্রেপ্তারের খবর শুনে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au