মেলবোর্ন, ২৭ জুলাই-গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে ‘বৈষম্যবিরোধী’ নেতাসহ পাঁচজন আটক
ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) গুলশান ২ নম্বর এলাকার ৮৩ নম্বর রোডে অবস্থিত শাম্মী আহমেদের বাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন মো. সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন এবং আব্দুর রাজ্জাক রিয়াদ। রিয়াদ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য বলে পুলিশ জানিয়েছে। আটক অন্যরাও একই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, অভিযুক্তরা শাম্মী আহমেদের বাসায় গিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন। এর আগেই তারা ১০ লাখ টাকা আদায় করেছিল বলে জানা গেছে। শনিবার তারা বাকি টাকা নিতে গেলে পুলিশের কাছে খবর গেলে ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় আনা হয়।
ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াদ দাবি করেছে, চার-পাঁচ দিন আগে তারা সাবেক এমপির বাসায় গেলে তার স্বামী বলেন, “তোমরা আমার ছেলের মতো, আমি কিছু এন্টারটেইনমেন্ট করছি, বউকে নিয়ে যেও না।” এরপর পাঁচ লাখ টাকা দিয়ে দেন। রিয়াদের ভাষ্যমতে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু সেই টাকা নেন এবং তা দিয়ে স্ত্রীর চিকিৎসা ও একটি মোটরসাইকেল কেনেন।
গুলশান থানার একটি সূত্র জানিয়েছে, ১৭ জুলাই সকালে রিয়াদ সমন্বয়ক পরিচয়ে বাসায় গিয়ে এক কোটি টাকা দাবি করে এবং না দিলে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে পুলিশের ভয় দেখায়। তখন তারা ১০ লাখ টাকা নেয়। আজ বাকি টাকা তুলতে গিয়েই ধরা পড়ে।
এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—দুজন যুবক একটি গেস্টরুমে বসে টাকা বুঝে নিচ্ছেন। পুলিশ নিশ্চিত করেছে, ভিডিওটি গুলশানের শাম্মী আহমেদের বাসার। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।