বাংলাদেশ

সিলেটে পাথরের পর সাবাড় হচ্ছে টিলাও

  • 6:13 pm - September 06, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার
বসতঘরের আড়ালে কাটা হচ্ছে টিলা। সিলেট সদরের খাদিমপাড়া ইউনিয়নের ছড়ারপাড় এলাকায়। ছবিঃ প্রথম আলো

মেলবোর্ন, ৬ সেপ্টেম্বর- সিলেটের শহরতলি ও আশপাশের গ্রামীণ এলাকায় একসময় সবুজে ভরা টিলা এখন অদৃশ্য হয়ে যাচ্ছে দ্রুত। পাহাড়-টিলা কাটার দৃশ্য এখন আর লুকোচুরি নয়, প্রকাশ্যেই চলছে। কোথাও শ্রমিকেরা কোদাল দিয়ে মাটি কাটছেন, কোথাও ট্রাক্টরে বোঝাই করে নিয়ে যাচ্ছেন টিলার মাটি। প্রশাসনের নীরবতা, প্রভাবশালী চক্রের দৌরাত্ম্য আর আইন অমান্যের প্রবণতা মিলিয়ে সিলেটের প্রকৃতি ক্রমশ ধ্বংসের মুখে।

গত সোমবার সন্ধ্যায় খাদিমপাড়া ছড়ারপাড় এলাকায় দেখা যায় সদ্য কাটা টিলার লাল মাটি উন্মুক্ত হয়ে আছে। টিনশেড ঘরের আড়ালে শ্রমিকেরা বেলচা দিয়ে মাটি কেটে ট্রাক্টরে বোঝাই করছিলেন। এক ট্রলি চলে গেলে আরেকটি এসে দাঁড়ায়। শুধু এই এলাকা নয়, নগর ও জেলার আরও নয়টি স্থানে প্রকাশ্যে টিলা কাটার দৃশ্য ধরা পড়ে। টানা দুই দিনের সরেজমিন ঘুরে অন্তত ২৫টি জায়গায় টিলা কাটার চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে প্রায় ৭০ শতাংশ ব্যক্তিমালিকানাধীন, বাকি সরকারি খাস খতিয়ানভুক্ত।

সবচেয়ে বেশি টিলা কাটা হচ্ছে সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে। মোকামেরগুল, টিকরপাড়া, শাহ সুন্দর মাজার রোড, পিরেরচক, ছড়ারপাড়সহ অন্তত ১০টি টিলায় দিনদুপুরে কাটার কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, আগে রাতের আঁধারে টিলা কাটা হতো, এখন হচ্ছে দিনের আলোয় প্রকাশ্যে। ব্যক্তিমালিকরা নির্দিষ্ট টাকার বিনিময়ে প্রভাবশালী চক্রকে মাটি কাটার দায়িত্ব দিচ্ছেন।

‘মামা খন্দকারের টিলা’ নামে পরিচিত দেড় একরের একটি টিলা কয়েক মাসের মধ্যে অনেকটাই সাবাড় হয়ে গেছে। একসময় সবুজে ঢাকা টিলাটি এখন বৃষ্টির পানিতে ক্ষয়ে যাচ্ছে। স্বত্বাধিকারী খন্দকার আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জসহ সিলেটের বিভিন্ন উপজেলায় টিলা কাটা চলছে। নগরের কারিপাড়া, ব্রাহ্মণশাসন, মোহাম্মদীয়া, মেজরটিলা, আখালিয়াসহ একাধিক এলাকায় টিলা কেটে সমতল করা হচ্ছে। অনেক স্থানে সরকারি খাস টিলাও বেদখল করে কেটে ফেলা হচ্ছে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী, সরকারি বা ব্যক্তিমালিকানাধীন টিলা কোনোভাবেই কাটা যাবে না। অথচ নিয়ম ভঙ্গ করে প্রকাশ্যে চলছে এই কর্মকাণ্ড। সদর উপজেলার ইউএনও খোশনূর রুবাইয়াৎ বলেন, সরকারি হোক বা ব্যক্তিমালিকানাধীন—কোনো টিলা কাটা যাবে না। এ বিষয়ে অভিযান ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মো. সারওয়ার আলমও জানিয়েছেন, টিলা কাটায় জড়িতদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে।

পরিবেশকর্মীরা বলছেন, টিলা কেটে ফেলার কারণে সিলেটে ভূমিক্ষয় বাড়ছে, বৃষ্টির ধরনে অস্বাভাবিকতা দেখা দিচ্ছে, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সংগঠনের সদস্যসচিব আবদুল করিম চৌধুরী জানান, গত এক বছরে টিলা কাটার মাত্রা আগের কয়েক বছরের তুলনায় কয়েক গুণ বেড়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) জানিয়েছে, সিলেটে একসময় ১ হাজার ২৫টি টিলা ছিল। এর আয়তন ছিল প্রায় ২৫১ একর। ২০২৪ সালের আগের আড়াই দশকে অন্তত ৩০ শতাংশ টিলা ধ্বংস হয়েছে। সরকার পতনের পর প্রশাসনের শিথিলতার সুযোগে আরও প্রায় ১৫ শতাংশ টিলা কেটে ফেলা হয়েছে। ফলে এখন পর্যন্ত প্রায় ৪৫ শতাংশ টিলা আংশিক বা পুরোপুরি সাবাড় হয়ে গেছে।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, টিলা কাটার অভিযোগে রাজনৈতিক নেতাকর্মীসহ প্রভাবশালীদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এ বছরের জানুয়ারিতে কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলা কাটার ঘটনায় ৪০ জনকে আসামি করা হয়। এর মধ্যে বিএনপি–আওয়ামী লীগের স্থানীয় কর্মী-সমর্থকরাও রয়েছেন। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন।
বেলা জানিয়েছে, গত দুই বছরে টিলা ধসে সিলেটে ১৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অর্ধশতাধিক। টিলার পাদদেশে এখনো ১০–১৫ হাজার পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে।

পরিবেশবাদীদের মতে, টিলা রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সিলেটের প্রাকৃতিক ভারসাম্য ভেঙে পড়বে। তাদের দাবি, অক্ষত টিলাগুলোকে আইনের মাধ্যমে সুরক্ষিত করা জরুরি। অন্যদিকে জেলা প্রশাসক জানিয়েছেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না, টিলা কাটায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সুত্রঃ প্রথম আলো(সরেজমিন)

এই শাখার আরও খবর

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au